পরাজয় দিবস আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিজয়’ শব্দটা শুনলেই মনের ভেতর একটা খুশি খুশি ভাব চলে আসে। কয়েক দিন পরই আমাদের মহান বিজয় দিবস। সবার মনেই বিজয় দিবস উদ্যাপনের ব্যাপক আনন্দ। বিভিন্ন বাড়ির ছাদে, গাড়ির ফ্ল্যাগস্ট্যান্ডে পতপত করে উড়ছে বিভিন্ন আকারের জাতীয় পতাকা। দেখলেই মনটা ভালো হয়ে যায়। প্রতিবছরই বিজয় দিবস উপলক্ষে আমরা নানা রকম কর্মসূচি গ্রহণ করি। এটাও মন ভালো হওয়ার একটা যৌক্তিক কারণ। কিন্তু যাদের পরাজিত করে আমরা এই বিজয় অর্জন করেছি, তারা অর্থাৎ পাকিস্তানিরা কোনো কিছুই করে না। অবশ্য অনেকের ধারণা, কিছু করার জন্য যে বুদ্ধিটুকু দরকার, পাকিস্তানিদের তা নেই। অথচ চাইলেই তারা দিনটিকে ‘পরাজয়’ দিবস হিসেবে উদ্যাপন করতে পারত। বিভিন্ন টিভি চ্যানেলে সংবাদ-পাঠকেরা দুঃখ দুঃখ ভাব নিয়ে বলতে পারতেন, ‘আজ পরাজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কাছে পরাজিত হয়ে আমরা দুই হাত তুলে আত্মসমর্পণ করেছিলাম। এ উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। পরাজয় দিবস উপলক্ষে সারা দেশে বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’পরাজয় দিবস উপলক্ষে পত্রিকাগুলো ‘পরাজয়ের ৩৯ বছর’ শিরোনামে বিশেষ ক্রোড়পত্র বের করতে পারত। দেশের বিশিষ্ট ব্যক্তিরা সেই ক্রোড়পত্রের জন্য পরাজয়ের স্মৃতিচারণামূলক লেখা জমা দিতেন। অজস্র বিজ্ঞাপনের ভিড়ে কোনোমতে সেই লেখাগুলো ছাপা হতো...আরও কত কী! কিন্তু মুক্তিযুদ্ধের এত বছর পরও পাকিস্তানিদের মাথায় এ বুদ্ধিটা আসেনি। খুবই আফসোসের ব্যাপার। যুদ্ধে আমরা জিতে গেছি। পরাজিত পক্ষের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে না? কেননা, পাকিস্তানের বেশির ভাগ জনগণই হয়তো জানে না মুক্তিযুদ্ধে পাকিস্তান হেরেছিল কি না। মুক্তিযুদ্ধে আসলে কী হয়েছিল? এখনই কর্তৃপক্ষের উচিত হবে সঠিক তথ্য জানিয়ে পাকিস্তানে পরাজয় দিবস উদ্যাপনে দ্রুত পদক্ষেপ নেওয়া।