পরাজয়ের অক্রিকেটীয় কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপে এবার পরাজয়ের মুখ দেখেছে প্রিয় বাংলাদেশ ক্রিকেট দল। আমরা অর্থাৎ ক্রিকেটপ্রেমীরা শুরু করেছি ব্যর্থতার কারণ খুঁজতে। কিন্তু পরাজয়ের পেছনে তো থাকতে পারে কিছু অক্রিকেটীয় কারণ। তেমনই কিছু কারণ খুঁজে বের করেছে রস+আলো।

আঁকা: শিখা
আঁকা: শিখা

বড় আসরের অপেক্ষায়
কী হবে এই ছোট এশিয়া কাপ জিতে? সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে চ্যাম্পিয়ন হতে পারলে লাভ। সে জন্যই এশিয়া কাপে সব শক্তি খরচ করার প্রয়োজন মনে করেননি আমাদের ক্রিকেটাররা। তার চেয়ে সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে ক্রিকেট বিশ্বকে দেখিয়ে দেবেন টাইগাররা। তাই এবারের মতো এশিয়া কাপটা অন্যদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে।

আঁকা: শিখা
আঁকা: শিখা

অতিথিপরায়ণতা
শত্রুরাও স্বীকার করবে, আমরা অতিথিপরায়ণ জাতি। তাই আমাদের ক্রিকেটাররাও অতিথিপরায়ণ হতে বাধ্য। ভিনদেশি ক্রিকেটাররা আমাদের দেশে খেলতে আসেন অনেক কষ্ট করে। তাঁদের বিপক্ষে ম্যাচ জেতা কি অতিথির অসম্মান নয়? তাই আমরা হেরে গেছি। তবে সামনের দিনগুলোতে আর কোনো ছাড় দেওয়া হবে না কিন্তু! এবারই শেষ।

একঘেয়েমি

আঁকা: শিখা
আঁকা: শিখা

বিগত বছরগুলোতে একনাগাড়ে ভালো খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। তাই জয়ের তৃষ্ণা কমে চলে এসেছিল একঘেয়েমি। ফলে টানা কয়েক ম্যাচের এই পরাজয়ের স্বাদ নেওয়া। তা ছাড়া মাঝেমধ্যে না হারলে তো জয়ের প্রকৃত স্বাদ বোঝা কষ্টকর হয়ে যেত।
অনুপ্রেরণা

আঁকা: শিখা
আঁকা: শিখা

বাংলাদেশ ক্রিকেট দল আজ বেশ অভিজ্ঞ। আমাদের বিপক্ষে জয় যেকোনো ক্রিকেট দলের জন্য অনেক কিছু। এমনিতেই আফগানিস্তান নতুন দল, পাকিস্তান আর ভারত তেমন ভালো খেলছে না ইদানীং; তাই বাংলাদেশের বিপক্ষে জয় তাদের জন্য এক বিরাট অনুপ্রেরণা। আর তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য হাসিমুখে টাইগাররা পরাজয় বরণ করে নিয়েছেন। আমরা আশাবাদী, এই অনুপ্রেরণা তাদের নিয়ে যাবে অনেক দূর।