পরানে দোলা দিল

বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে নিয়ে গত ২৪ সেপ্টেম্বর প্রথম আলোর সাপ্তাহিক ক্রোড়পত্র ছুটির দিনে প্রচ্ছদ প্রতিবেদন ‘অপরাজেয়’ লেখেন তাঁরই ছেলে দ্বিতীয় সৈয়দ-হক। পাশাপাশি অনুভূতি প্রকাশ করেন ফেরদৌসী মজুমদার, কবরী ও এন্ড্রু কিশোর। তাঁদের সবার লেখা আমি পড়েছি। তবে প্রাণে দোলা দিয়ে গেছে কবরীর লেখাটি। যার জন্য আমার এই লিখতে বসা। জানি না, শক্তিশালী কবিকে নিয়ে কীভাবে লেখব। হাত কাঁপছে। সাবলীল ভাষাশৈলী দিয়ে এক ভাইকে কবরী আপা যেভাবে তুলে ধরেছেন, এককথায় চমৎকার। শেষটা দারুণ হয়েছে! ধন্যবাদ, কবরী আপা।
হক ভাই, প্রথম আলোর ঈদসংখ্যায় আমি আপনার অসংখ্য লেখা পড়েছি। পড়ে বিমোহিত হয়েছি। সবচেয়ে ভালো লাগে আপনার এভারগ্রিন মনটা যখন কাব্যে, ফ্যাশনে ফুটে ওঠে তখন। এই তো সেদিন হক ভাই, দৈনিক সিলেটের ডাক-এ লেখা জমা দিতে গিয়ে বিভাগীয় সম্পাদক আবদুল মুকিতকে বললাম, আপনার কবিতায় সৈয়দ শামসুল হক সাহেবের ছায়া পাওয়া যায়। তাঁর বইগুলো দয়া করে সংগ্রহ করে পড়বেন। স্থানীয় দৈনিক ডাক-এ আমি টুকটাক লেখালেখি করি। দোয়া করবেন, আপনার মতো যেন হতে পারি। রোমান্টিক, প্রেমে ভেজা কোনো কাব্য লিখতে পারি—বৈজয়ন্তীমালা হতে পারি।
চিরতারুণ্যের কবি হক ভাই, আরও কয়েকটা দিন, মাস অথবা বছর থাকুন না আপনি আমাদের মাঝে! থাকলে ক্ষতি কী? আপনাকে দেখে শুভ্রসাদা কাশবনে বসে কোনো কবি আবারও লিখতে পারে পায়ের আওয়াজ পাওয়া যায়। সমালোচনা না হয় করবেন! এই সময় বাংলা সাহিত্যে আপনার প্রয়োজন আছে। থাকুন! ঠুস করে আপনি চলে যাবেন না কিন্তু, হক ভাই! কাঁদব ভীষণ। আমরা কজন। হক ভাই, থাকবেন তো আপনি কবিতার উঠোনে?
ঝরনা বেগম
সিলেট জেলা বার, সিলেট।
তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০১৬
ঝরনা বেগমের চিঠিটি সৈয়দ শামসুল হকের মৃত্যুর আগে লেখা