রাঙামাটির ভারতীয় সীমান্তবর্তী বরকল উপজেলায় প্রস্তাবিত থেগামুখ স্থলবন্দরের সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এ নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (্এলিজইডি) আয়োজনে গত সোমবার রাঙামাটি শহরের কালিন্দীপুর এলাকার আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র মিলনায়তনে আয়োজন করা হয় পরামর্শ সভা। এতে উঠে এসেছে পক্ষে-বিপক্ষে মত।
সভার শুরুতে ১২৩ দশমিক ৫৪ কিলোমিটার দীর্ঘ রাজস্থলী-বিলাইছড়ি-জুরাছড়ি-বরকল-থেগামুখ সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়ার কথা জানানো হয়। এ সড়ক নির্মাণে অর্থায়ন করছে বিশ্বব্যাংক। সভায় সড়ক নির্মাণের উদ্দেশ্য এবং সংশ্লিষ্ট এলাকার সামাজিক ও পরিবেশ–বিষয়ক পৃথক দুটি জরিপের তথ্য উপস্থাপন করা হয়। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট স্টাডিজ (বিটিটিএস) প্রকল্পের আওতায় জরিপ পরিচালনা করে পরামর্শক প্রতিষ্ঠান ভারতের এসএআই কনসাল্টিং ইঞ্জিনিয়ারিং ও বাংলাদেশের বিইটিএস কনসাল্টিং সার্ভিসেস।
জরিপে জানানো হয়, সড়কটি নির্মাণে ভূমি অধিগ্রহণ হবে ১১৪ একর। এর ফলে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ ও পার্শ্ববর্তী স্থানে পুনর্বাসনসহ আয়বর্ধনমূলক কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া সড়ক নির্মাণের কারণে কোথাও যেন কোনো ধরনের পাহাড়ধস বা প্রাকৃতিক কোনো বিপর্যয় না হয়, সে ব্যবস্থাও নেওয়া হবে।
সভায় বক্তব্য দেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শহীদুল্লা, বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান মণি চাকমা, বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর আলম, বিটিটিএস প্রকল্পের পরিচালক মো. মমিন মুজিবুল হক, পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি শক্তিপদ ত্রিপুরা, হেডম্যান থোয়াই অং মারমা, আইনজীবী সুস্মিতা চাকমা, রাঙামাটি চেম্বার অব কমার্সের পরিচালক মনিরুজ্জামান মহসিন প্রমুখ।
বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান মণি চাকমা বলেন, সড়ক নির্মাণের আগে ভূমিবিরোধ নিষ্পত্তিসহ পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে হবে। সড়কটি নির্মাণের বিষয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদের মতামত নিতে হবে—এটা পার্বত্য চুক্তির শর্ত।
পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি শক্তিপদ ত্রিপুরা বলেন, সড়কের সুবিধা নিয়ে পরে বনাঞ্চল ধ্বংস করা হবে। খাগড়াছড়ি জেলায় সড়ক যোগাযোগের সুবিধা সবচেয়ে বেশি। কিন্তু বনাঞ্চলের পরিমাণ মাত্র ৫ শতাংশ।
হেডম্যান থোয়াই অং মারমা বলেন, সড়ক যোগাযোগের সুবিধা নিয়ে এলাকায় জনমিতির পরিবর্তন ঘটবে। প্রাকৃতিক সম্পদ পাচারের পাশাপাশি নারী-শিশু তথা মানবপাচারও বাড়বে বলে আশঙ্কা রয়েছে।
রাঙামাটি চেম্বার অব কমার্সের পরিচালক মনিরুজ্জামান মহসিন বলেন, এই সড়কটি হলে রাঙামাটিতে ব্যবসা-বািণেজ্যর সম্প্রসারণ হবে। কর্মসংস্থান বাড়বে।
বরকলের ইউএনও মাহবুবুর আলম বলেন, স্থানীয় মানুষের সুবিধার কথা চিন্তা করা হলে উপজেলা পর্যায়ের সড়কগুলো উন্নয়ন করা যেতে পারে। পণ্য পরিবহনের সুবিধার জন্য কাপ্তাই হ্রদ খনন (ড্রেজিং) করে রাঙামাটি-বরকল-থেগামুখ নৌপথ করা যেতে পারে। রাঙামাটির-চট্টগ্রাম সড়কটি আরও উন্নয়ন করা হলে পরিবেশের তেমন ক্ষতি হবে না, বরং স্থানীয় মানুষ সুবিধা পাবে।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শহীদুল্লা বলেন, ‘যোগাযোগ–সুবিধা বাড়লে আইনশৃঙ্খলা ঠিক থাকে। তবে পরিবেশবিরোধী কাজ হোক, দেশের মানুষ হিসেবে এটি কামনা করতে পারি না। অবশ্যই পরিবেশ এবং স্থানীয় মানুষের সুবিধা-অসুবিধা বিবেচনা করতে হবে।’
বিটিটিএস প্রকল্পের পরিচালক মো. মমিন মুজিবুল হক বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। অন্যদিকে পার্বত্য জেলাগুলোতে যোগাযোগ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের উন্নয়ন নীতি অনুযায়ী স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়িত হবে। পরামর্শ সভায় যেসব মতামত পাওয়া গেছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে। এ ধরনের পরামর্শ সভা পরবর্তী সময়ে আরও আয়োজন করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের পরামর্শক কীর্তি নিশান চাকমা, এলজিইডির রাঙামাটি জেলা নির্বাহী প্রকৌশলী মো. আখতারুল আলমসহ রাজস্থলী, বিলাইছড়ি, জুরাছড়ি ও বরকলের উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হেডম্যান, উন্নয়নকর্মী, আইনজীবী, সাংবাদিকেরা।