পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে: আনোয়ারা আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ আনোয়ারা আলম বলেছেন, পরিকল্পনা অনুযায়ী কাজ করেই মেয়রকে নিজের সফলতা প্রমাণ করতে হবে। তাঁর মতে, যেকোনো কাজে সীমাবদ্ধতা থাকে। মেয়রকে এসব সীমাবদ্ধতা অতিক্রম করে নগরবাসীর প্রত্যাশা পূরণের চেষ্টা চালিয়ে যেতে হবে। করপোরেশনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। বিভিন্ন এলাকা থেকে ময়লা-আবর্জনা পরিষ্কারের মাধ্যমে স্বাস্থ্যকর পরিবেশ রক্ষার ব্যাপারে নজর রাখতে হবে সব সময়। এ ব্যাপারে তাঁর প্রতিশ্রুতিও ছিল।আনোয়ারা আলম বলেন, মেয়র নির্বাচনের পর ইতিবাচক কিছু দিক লক্ষ করা গেছে। যেমন, নির্মাণাধীন রাস্তাগুলোর নির্মাণকাজ শেষ করেছেন। এতে নগরবাসী দুর্ভোগ থেকে রেহাই পেয়েছেন। চট্টগ্রামে বিশ্বকাপ ক্রিকেট আসর উপলক্ষে অল্প সময়ে নগরের সৌন্দর্য বর্ধনে যে কাজ তিনি করেছেন, তা প্রশংসার দাবি রাখে। কিন্তু নগরের সৌন্দর্য বৃদ্ধিতে অন্তরায় হয়ে থাকা বিলবোর্ডগুলো সরানোর কাজটি এখনো হয়নি। শিগগির তা সরানো উচিত। আগামী দিনগুলোতে নগরবাসীকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি ও পরিকল্পনা অনুযায়ী কাজ করেই মেয়রকে নিজের সাফল্য প্রমাণ করতে হবে।