পরিকল্পনাটা ব্যবসা নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক স্বপ্ন। স্বপ্ন বাংলাদেশকে তথ্য ও যোগাযোগে স্বনির্ভর এক সুন্দর দেশ গড়ার। আর এ স্বপ্ন বাস্তবায়িত করতে এগিয়ে এসেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘ইয়ং ইন্টারপ্রেনিয়ারস সোসাইটি’ (ইয়েস) তাদের আয়োজিত ‘আইটিনির্ভর ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতা-২০১১’-এর মাধ্যমে। দেড় মাসব্যাপী এ প্রতিযোগিতার শেষ হাসিটি হাসল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ডিপার্টমেন্টের টিম মাউস। মাউসের সদস্য সাইমুম হোসেন বলেন, ‘এ বিজয় ছিল অনেক আনন্দের। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এত কঠিন প্রতিযোগিতায় এ বিজয়ের প্রাপ্তি ছিল অনেক।’তাঁদের পরিকল্পনার মূল লক্ষ্য ছিল অনলাইনের মাধ্যমে আইসিটি পণ্যগুলো সাধারণ মানুষের কাছে তুলে দেওয়া। বাংলা ই-বুক, লোকাল সফটওয়্যার, তথ্যনির্ভর সব পণ্যই পাওয়া যাবে তাঁদের এ ওয়েবসাইটে। তাঁদের অন্য দুজন সহযোগী মহসিন কাদের ও বাঁধন মজুমদার এ প্রতিযোগিতার অনেক প্রশংসা করেন।‘আইটি বেসড বিজনেস প্ল্যান কম্পিটিশন’ তথা আইটিবিপিসির যাত্রা শুরু হয় গত ২৮ এপ্রিল একটি কর্মশালার মাধ্যমে। সরকারি ও বেসরকারি ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০টি দলের অংশগ্রহণে শুরু হয় প্রতিযোগিতাটি, যার আয়োজক ছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসা-সম্পর্কিত ক্লাব ‘ইয়ং ইন্টারপ্রেনিয়ারস সোসাইটি’ (ইয়েস)। ১৬ জুন অনুষ্ঠিত হয় এর মূল পর্ব, যাতে অংশ নেয় মূল পাঁচটি দল: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম মাউস, আইবিএর টিম নিলয় ও টিম পাংখা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইনভিনসিবল এবং ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের কিংস অব ড্রিমস। এদের মধ্যে বিজয়ী হয় টিম মাউস। প্রথম ও দ্বিতীয় রানার্সআপ হয় যথাক্রমে টিম নিলয় ও টিম ইনভিনসিবল।প্রতিযোগিতায় খুব পিছিয়ে ছিল না টিম নিলয়ও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শেষ বর্ষের শিক্ষার্থী হিশাম হায়দার, লামিয়া বাশার, লরা আমিন ছিলেন রানার্সআপ দলের সদস্য।দ্বিতীয় রানার্সআপ নর্থ সাউথের টিম ইনভিনসিবল টিমের সদস্যরা হলেন মেহরীন মোর্শেদ, শেখ সুমাইয়া জেবিন ও অনিক কুমার বিশ্বাস। ব্যস্ততম জীবনে সময় বাঁচিয়ে এবং ক্লান্তি কাটিয়ে জীবনকে সহজ করার লক্ষ্য ছিল তাঁদের পরিকল্পনার ভেনডিং মেশিন-এ।শীর্ষ তিনটি দলই প্রশংসা করেছে আয়োজক সংস্থা ‘ইয়েস’-এর। দেশকে এক নতুন রূপ দিতে ইয়েস একটি বড় ভূমিকা নিয়েছে, যা উন্মোচন করতে পারে নতুন দিক। বাংলাদেশকে নতুন এক দেশে রূপান্তরের এই স্বপ্নই প্রতিযোগিতাটির মূল সার্থকতা।নর্থ সাউথ ইয়েস ক্লাবের ফ্যাকাল্টি উপদেষ্টা মোহাম্মাদ সোহেল মুস্তফা জানিয়েছেন তরুণ উদ্যোক্তাদের নিয়ে তাঁদের অনেক পরিকল্পনার কথা। ১৯৯৬ সাল থেকে যাত্রা শুরু করে ইয়েস ক্লাব বর্তমানে একটি নিয়মিত ও স্পন্দনশীল ক্লাব হয়ে দাঁড়িয়েছে।