কলেজের ১৯ জন শিক্ষক ও ছয়জন কর্মচারী গত তিনমাস বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন
পরিচালনা পর্ষদের বিরোধে বেতন-ভাতা বন্ধ শিক্ষকদের
চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া অলি আহমদ বীর বিক্রম কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি পদ নিয়ে বিরোধের জের ধরে গত তিন মাস বেতন-ভাতা পাচ্ছেন না শিক্ষক-কর্মচারীরা। এতে কলেজের শিক্ষার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
কলেজের শিক্ষক কর্মচারীরা জানান, মেয়াদ শেষ হওয়ার আগেই বর্তমান কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি এলডিপি সমর্থিত মো. ইয়াকুবকে সরিয়ে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী আসহাব উদ্দিনকে সভাপতি পদে অনুমোদন দেওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। উল্লেখ্য, আসহাব উদ্দিনকে চন্দনাইশের বর্তমান সাংসদের মনোনীত প্রতিনিধি হিসেবে সভাপতি নিয়োগ দেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ড। এ ব্যাপারে হাইকোর্টে মামলা হলে ব্যাংক কর্তৃপক্ষ শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে অপারগতা প্রকাশ করেন।
এ ব্যাপারে কলেজের শিক্ষক ফরিদুল আলম ও ইসহাক উদ্দিন চৌধুরী জানান, কলেজের ১৯ জন শিক্ষক ও ছয়জন কর্মচারী প্রত্যেকে বেতনের ওপর নির্ভরশীল। গত তিন মাস ধরে বেতন না পেয়ে অনেকে মানবেতর জীবন-যাপন করছেন। এমনকী অসুস্থ শিক্ষকরা চিকিৎসার টাকাও জোগাড় করতে পারছেন না। এ ব্যাপারে সাবেক সভাপতি মো. ইয়াকুব বলেন, ‘সভাপতি হিসেবে আমার মেয়াদ রয়েছে চলতি বছরের মে মাস পর্যন্ত। কিন্তু চট্টগ্রাম বোর্ড ১২ ফেব্রুয়ারি নতুন সভাপতির অনুমোদন দেয়। এ বিষয়ে আমি হাইকোর্টে রিট আবেদন করি এবং আদালত বোর্ডের সভাপতি অনুমোদনের ব্যাপারে স্থগিতাদেশ দেন। পাশাপাশি ব্যাংক কর্তৃপক্ষকে অধ্যক্ষের স্বাক্ষরে বেতন-ভাতা প্রদান না করার জন্য চিঠি প্রদান করি।’
এ ব্যাপারে বর্তমান সভাপতি আসহাব উদ্দিন জানান, সুপ্রিম কোর্টে ১ মার্চ আপিল করলে রিটের স্থগিতাদেশ সাময়িকভাবে প্রত্যাহার করা হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, বর্তমানে আসাহাব উদ্দিন সভাপতি। মামলাসহ অন্যান্য ব্যাপারে প্রয়োজনীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।