সিটি মেয়রের দায়িত্ব গ্রহণের এক বছর
পরিচ্ছন্নতা কার্যক্রমে ভাটা, দিনের বেলায় পড়ে থাকছে আবর্জনা
পরিচ্ছন্ন নগর গড়তে গত বছরের ১ সেপ্টেম্বর থেকে দিনের পরিবর্তে রাতের বেলায় বর্জ্য অপসারণের কাজ শুরু করেছিল চট্টগ্রাম সিটি করপোরেশন। তখন সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যে নিকটস্থ ডাস্টবিন ও কনটেইনারে ময়লা ফেলার সময়ও বেঁধে দেওয়া হয়েছিল। িকন্তু এই কার্যক্রম কয়েক মাস ঠিকভাবে চললেও এখন ভাটা পড়েছে। বেশির ভাগ মোড় ও সড়কের পাশে দিনের বেলায় ডাস্টবিনে পড়ে থাকছে ময়লা-আবর্জনা। নগরবাসীকে পথ চলতে হচ্ছে অস্বস্তি নিয়ে।
মেয়র আ জ ম নাছির উদ্দীন গত বছর ২৬ জুলাই দায়িত্ব নেওয়ার পর প্রথম হাত দেন পরিচ্ছন্নতা কার্যক্রমে। রাতের বেলায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শতভাগ সফল না হওয়ার বিষয়টি স্বীকার করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ জন্য তিনি নগরবাসীর কাছ থেকে প্রত্যাশিত সহায়তা না পাওয়াকে দায়ী করেছেন। নগরকে শতভাগ পরিচ্ছন্ন করতে এখন নতুন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সিটি করপোরেশন সূত্র জানায়, আগামী ১ আগস্ট থেকে নগরের পশ্চিম ষোলোশহর, শুল্কবহর, বাগমনিরাম, এনায়েত বাজার, উত্তর পাঠানটুলী, আলকরণ, গোসাইলডাঙা ওয়ার্ডের বাসাবাড়ি, দোকান, বিপণিবিতান ও হাটবাজার থেকে সরাসরি ময়লা সংগ্রহ করা হবে। গত ১৫ মার্চ করপোরেশনের অষ্টম সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়। এ ছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে নগরের ৪১টি ওয়ার্ডে এই পদ্ধতি চালু করবে করপোরেশন।
গত বৃহস্পতি ও শুক্রবার সরেজমিনে দেখা যায়, পতেঙ্গার কাঠগড়, হালিশহরের বি-ব্লক, নয়া বাজার বিশ্বরোড, শেখ মুজিব রোডের অন্তত তিনটি স্থান, কদমতলী উড়ালসড়কের বায়তুশ শরফ অংশ ও পশ্চিম ষোলোশহরের নাজিরপাড়া এলাকায় উন্মুক্ত স্থানে দিনের বেলায় পড়ে আছে ময়লা। এ ছাড়া চকবাজার ও বহদ্দারহাট কাঁচাবাজার এবং রিয়াজুদ্দিন বাজারের আমতল এলাকায় দিনের বেলায় ডাস্টবিন উপচে পড়ছে আবর্জনা।
নাজিরপাড়ার বাসিন্দা শামসুল আলম শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, সড়কের পাশে ময়লা পড়ে আছে প্রায় তিন দিন ধরে। কিন্তু কেউ এগুলো সরিয়ে নেয়নি।
এ ব্যাপারে পশ্চিম ষোলোশহরের ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী বলেন, প্রতি রাতেই আবর্জনা পরিষ্কার করা হয়। কিন্তু এখানকার বেশির ভাগ মানুষ সিটি করপোরেশনের বেঁধে দেওয়া সময় মানেন না। তাঁদের খেয়ালখুশিমতো ময়লা ফেলেন।
হালিশহর বি-ব্লকের বাসিন্দা সাইফুল হক অভিযোগ করেন, তাঁদের এলাকার ডাস্টবিনগুলোতে দিনের বেলায়ও আবর্জনা পড়ে থাকে। তবে তিনিও স্বীকার করেন, স্থানীয় লোকজন নিজেদের খুশি মতো আবর্জনা ফেলে।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) চট্টগ্রাম শাখার সভাপতি ও ইস্ট-ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দর খান প্রথম আলোকে বলেন, শুরুর দিকে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উন্নতি ছিল চোখে পড়ার মতো। কিন্তু ধীরে ধীরে এই কার্যক্রম ভেঙে পড়ছে। নগরের ময়লা-আবর্জনার চিত্র আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে, যা কাম্য নয়।
সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘পরিচ্ছন্ন নগর গড়তে রাতের বেলায় বর্জ্য অপসারণের সিদ্ধান্ত নিয়েছিলাম। ময়লা ফেলার জন্য সময়ও নির্ধারণ করে দিয়েছিলাম। এ কার্যক্রম সফল করতে পত্র-পত্রিকায় বিজ্ঞপ্তি, মাইকিং, টিভিতে বিজ্ঞাপন ও প্রচারপত্রও বিতরণ করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, নগরবাসীর কাছ থেকে প্রত্যাশিত সহায়তা ও সহযোগিতা পাইনি। নগরবাসী নাগরিক দায়িত্ব থেকে যেভাবে এগিয়ে আসার কথা ছিল, তা–ও হয়নি। আমি হতাশ।’ মেয়র বলেন, ‘এখন নগরকে শতভাগ পরিচ্ছন্ন করে তুলতে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। এখন থেকে সরাসরি বর্জ্য সংগ্রহ করা হবে। এই কার্যক্রম আমি শতভাগ বাস্তবায়ন করব।’
সিটি করপোরেশন সূত্র জানায়, গত বছরের ১ সেপ্টেম্বর থেকে রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত ময়লা-আবর্জনা অপসারণের কার্যক্রম শুরু করা হয়। নগরবাসীকে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যে ডাস্টবিন ও কনটেইনারে ময়লা ফেলার জন্য নির্ধারিত সময়ে বেঁধে দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের বাইরেও নগরবাসীকে ময়লা ফেলতে দেখা যায়। নির্ধারিত সময়ের বাইরে বর্জ্য ফেলায় গত ২ জানুয়ারি একটি প্রতিষ্ঠান ও তিন ব্যক্তিকে জরিমানা করেছিলেন করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া গত ৩০ মার্চ এক ব্যক্তিকে নর্দমায় ময়লা ফেলতে দেখে সতর্ক করে দেন সিটি মেয়র।
পশ্চিম ষোলোশহর ওয়ার্ডের কাউন্সিলর ও বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সদস্য মোবারক আলী প্রথম আলোকে বলেন, ‘ডোর টু ডোর ময়লা সংগ্রহের কার্যক্রম সফল করার জন্য আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দু-এক দিনের মধ্যে এলাকায় এলাকায় উদ্বুদ্ধকরণ সভা করা হবে।’ তিনি জানান, পরিচ্ছন্নতাকর্মীরা বিকেল ৫টা থেকে রাত ৯টায় বাড়ি বাড়ি গিয়ে ময়লা সংগ্রহ করবেন।
সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই কার্যক্রম শুরু হলে নগরের বিভিন্ন সড়ক ও অলি-গলিতে থাকা ডাস্টবিন ও কনটেইনারগুলো ধীরে ধীরে সরিয়ে নেওয়া হবে। এ পদ্ধতি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে নগরে আর কোনো ময়লার ডাস্টবিন ও কনটেইনার থাকবে না।