চিবুক শাক, সাবেরেং শাক, নেলম পাতা, টিলা শাক, সুইচাং শাক ইত্যাদি শাকের নাম আগে জানা ছিল না কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. দিলদার হোসেনের। চেঁ গুল, বামবুথান, বেয়লগুলা যে এক রকম সবজির নাম, এটা আগে কখনো শোনেননি কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরী। চিমুই শাক, সুঅং হাংফি, মেমা জিম, সাইন বিচি ইত্যাদি শাকসবজি কখনো দেখেননি কাপ্তাই বন্ধুসভার সভাপতি কাওছার জাহান। কাপ্তাইয়ে আয়োজিত কৃষিপণ্য মেলায় এসে এসব নতুন শাকসবজির পরিচয় জেনে নিজেদের অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ হলো বলে জানালেন এলাকার এই তিন বাসিন্দা। বেসরকারি সংস্থা সিআইপিডির (সমন্বিত কর্মসূচি উন্নয়নকেন্দ্র) উদ্যোগে ১২ জুন কাপ্তাই উপজেলার বরইছড়িতে আয়োজন করা হয় দুই দিনব্যাপী কৃষিপণ্য মেলার। উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি কৃষকেরা দেশীয় উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্যের সমাহার ঘটিয়েছিলেন মেলায়। এতে স্থান পাওয়া ৩৫টি স্টলের প্রতিটিতে পরিচিত শাকসবজির পাশাপাশি ছিল আকর্ষণীয় ও বাহারি অচেনা শাকসবজি। ‘জনসমষ্টির ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়ন’ শীর্ষক কৃষিপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. দিলদার হোসেন। আয়োজক সূত্র জানায়, গত বছরের তুলনায় এবারের মেলা ছিল ব্যতিক্রম। নতুন কৃষিপণ্যের সমাহারের পাশাপাশি এলাকার কৃষক, সাধারণ লোকজন এবং স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন মেলা দেখতে আসেন। বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী দল বেঁধে মেলা দেখতে এসেছিল উদ্বোধনী দিনে। শিক্ষার্থী শাহিনুর আক্তার বলল, ‘আমরা প্রতিদিন যেসব শাকসবজি খাই এর বাইরে অনেক নতুন শাকসবজির দেখা মিলেছে এই মেলায়।’ এ রকম কিছু শাকসবজি কিনে নিতে দেখা গেছে অনেককে।মেলার আয়োজক সংস্থার কর্মকর্তা শাক্যমিত্র তঞ্চচঙ্গ্যা প্রথম আলোকে জানান, নতুন কৃষিপণ্যের সঙ্গে সবাইকে পরিচিত করিয়ে দিতে এই মেলার আয়োজন করা হয়েছে। আয়োজন সার্থক হয়েছে। মেলায় তিনটি স্টলের মালিককে পুরস্কার ও সনদ দেওয়া হয়। তাঁরা হলেন—অজিত তালুকদার (প্রথম), সঞ্জয় তঞ্চচঙ্গ্যা (দ্বিতীয়) এবং কালামং মারমা (তৃতীয়)। উপজেলা নির্বাহী কর্মকর্তা সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. হিলাললুদ্দিন, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা প্রদীপ বড়ুয়া, তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেজাউল করিম ও ভাইজ্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা।