পরিচয়পত্র পাচ্ছেন না পৌনে চার লাখ নতুন ভোটার
নির্বাচনের আগে চট্টগ্রামের পৌনে চার লাখ নতুন ভোটার পরিচয়পত্র পাচ্ছেন না। ভোটার হিসেবে তালিকাভুক্তির প্রায় দুই বছর হতে চললেও তাঁদের পরিচয়পত্র এখনো আসেনি নির্বাচন কার্যালয়ে। পরিচয়পত্র ছাড়া আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন কি না তা নিয়ে উদ্বিগ্ন নতুন ভোটাররা। এটা জানতে প্রতিদিন তাঁরা ভিড় করছেন নির্বাচন কার্যালয়ে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২ সালে ভোটার তালিকা হালনাগাদের পর জেলায় ভোটার বেড়েছে তিন লাখ ৮২ হাজার। বর্তমানে নগর ও জেলার ভোটারসংখ্যা প্রায় ৫০ লাখ ৮০ হাজার। সর্বশেষ ২০১২ এবং চলতি বছরের প্রথম দিকে ভোটার তালিকা হালনাগাদ করা হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, হালনাগাদের পর বর্তমানে সারা দেশের ভোটারসংখ্যা প্রায় নয় কোটি ২১ লাখ ৩০ হাজার। হালনাগাদের মাধ্যমে দেশে নতুন ভোটার হয়েছেন ৭০ লাখের বেশি। এর মধ্যে ঢাকায় সম্প্রতি কিছু কিছু নতুন ভোটারের পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। কিন্তু চট্টগ্রামের পরিচয়পত্র এখনো ছাপা হয়নি। ফলে নির্বাচনের আগে পরিচয়পত্র বিতরণের আর সম্ভাবনা নেই।
জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, ‘পরিচয়পত্র না পাওয়ায় অনেকে আমাদের কাছে আসছেন ভোট দিতে পারবেন কি না তা জানতে। আমরা জানিয়েছি, পরিচয়পত্র এলে আমরা তা বিতরণ করব।’ তবে নির্বাচনে ভোট দেওয়ার জন্য পরিচয়পত্রের প্রয়োজন নেই বলে খোরশেদ আলম মন্তব্য করেন। তিনি বলেন, ‘ভোটার তালিকায় নতুন ভোটারদের নাম ও ছবি রয়েছে। তাতেই তাঁরা ভোট দিতে পারবেন।’
সরেজমিনে দেখা গেছে, নির্বাচন কার্যালয়ের বিজ্ঞপ্তি ফলকসহ বিভিন্ন স্থানে এ সংক্রান্ত নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। তাতে লেখা রয়েছে, ‘২০১২ কিংবা তার পরে যাঁরা ভোটার হয়েছেন, তাঁদের পরিচয়পত্র এখনো আসেনি। যখন আসবে তখন স্ব স্ব এলাকার তথ্য সংগ্রহকারীদের মাধ্যমে তা বিতরণ করা হবে। তবে সামনের নির্বাচনে নতুন ভোটাররা ভোট দিতে পারবেন।’
গত সোমবার নির্বাচন কার্যালয়ে আসা এক তরুণ বলেন, ‘আমি ভোটার হয়েছি ২০১২ সালের জানুয়ারিতে। কিন্তু এখনো পরিচয়পত্র আসেনি। এ নিয়ে তিন-চারবার এসেছি খবর নিতে।’
ভুক্তভোগীরা জানান, জাতীয় পরিচয়পত্র না থাকলে অনেক সরকারি দপ্তরে হয়রানির শিকার হতে হয়। এ ছাড়া, ভারতসহ কয়েকটি দেশের ভিসা সংগ্রহের ক্ষেত্রেও জাতীয় পরিচয়পত্র দেখাতে হয়।
তবে নির্বাচন কমিশন কর্মকর্তারা বলছেন, পরিচয়পত্র বাধ্যতামূলক নয়। কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘উপযুক্ত প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত জাতীয় পরিচয়পত্র প্রদর্শন কিংবা ক্ষেত্রমত জাতীয় পরিচয়পত্রের অনুলিপি দাখিল করবার জন্য কোনো নাগরিককে বাধ্য করা যাবে না এবং জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে কোনো নাগরিককে নাগরিকসুবিধা বা সেবা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।’
হালনাগাদ তালিকা অনুযায়ী জেলায় ভোটারসংখ্যা প্রায় ৩২ লাখ ৫৬ হাজার। এর মধ্যে নারী ভোটার প্রায় ১৬ লাখ ৬২ হাজার। অন্যদিকে নগরের ভোটার সংখ্যা প্রায় ১৮ লাখ ২৫ হাজার। এর মধ্যে নারী ভোটার আট লাখ ৭৩ হাজার। ২০০৯ সালের তুলনায় বর্তমানে সিটি করপোরেশন এলাকায় ভোটার বেড়েছে এক লাখ ২১ হাজার। ১৪ উপজেলায় বেড়েছে দুই লাখ ৬১ হাজার।