পরিত্যক্ত খোয়া দিয়ে সড়ক পুনর্নির্মাণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার নাজিরহাট-দরবার শরিফ সড়ক পুনর্নির্মাণে পরিত্যক্ত খোয়াসহ নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সড়কটি দ্রুত যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়বে বলে আশঙ্কা এলাকাবাসীর।উপজেলা সড়ক ও জনপদ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর প্যাকেজ-০২-এর আওতায় এক কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে নাজিরহাট-দরবার শরিফ সড়কের পাঁঁচ কিলোমিটার এলাকা পুনর্নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। কাজ পায় উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম আর কনস্ট্রাকশন। তিন মাসের চুক্তিতে গত ৩০ এপ্রিল কার্যাদেশ পেয়ে ওই প্রতিষ্ঠান কাজ শুরু করে। ৩০ জুন কাজ শেষ করার কথা।সরেজমিনে দেখা গেছে, পাঁচ কিলোমিটারের মধ্যে প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ হয়েছে। সড়কের পাশের মাটি অগোছালভাবে সমান করা হচ্ছে। বাকি প্রায় দেড় কিলোমিটার কাজের জন্য সড়কে খোয়া ও বালু ফেলে রাখা হয়েছে।এলাকাবাসী অভিযোগ করেন, সড়কটিতে পুরোনো সড়কের পরিত্যক্ত খোয়া ব্যবহার করা হয়েছে। এ ছাড়া নতুন যে খোয়া ব্যবহার করা হচ্ছে, তা-ও নিম্নমানের। বালুও দেওয়া হয়নি ঠিকমতো। একই সঙ্গে ঠিকাদার কার্পেটিংয়ের কাজ করেছেন দায়সারাভাবে।দৌলতপুর গ্রামের বাসিন্দা আবু ইসহাক অভিযোগ করে বলেন, ‘রাস্তায় খোয়া ঠিকমতো দিতে দেখিনি। এ ছাড়া এমনভাবে কার্পেটিং করা হয়েছে যে মাঝারি ধরনের যানবাহন চলাচল করলেই তা উঠে যাবে।’রোসাংগিরী গ্রামের ব্যবসায়ী শম্ভু কুমার শীল অভিযোগ জানান, রাস্তার কাজ হয়েছে একেবারেই নিম্নমানের। অনেক জায়গায় এরই মধ্যে কার্পেটিং উঠে গেছে। বাকি কাজগুলো এভাবে হলে অল্প সময়ে রাস্তা আগের অবস্থায় ফিরে আসবে।একই গ্রামের ব্যবসায়ী গোলাম মোস্তফা জানান, পুরোনো কার্পেটিংয়ের ওপর হালকা প্রলেপ দিয়ে কাজ করা হয়েছে। রাস্তার উভয় পাশে কোনো মাটি নেই। একটু জোরে বৃষ্টি হলে রাস্তার মাটি ধুয়ে নিচে পড়ে যাচ্ছে। এতে রাস্তায় চলাচল আবারও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।ঠিকাদার মো. আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘রাস্তার কাজে একটুও গাফিলতি করছি না। দরপত্রে উল্লিখিত নিয়মে কাজ করা হচ্ছে। পরিত্যক্ত খোয়া মিশিয়ে রাস্তায় দেওয়া হয়েছে কথাটি সঠিক নয়।’ আন্তরিকতার সঙ্গে কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, ‘এ কাজে আমার আরও কিছু টাকা লোকসান হবে।’সড়ক ও জনপদ (সওজ) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শফি উল্লাহ খান বলেন, ‘এ ব্যাপারে মৌখিক অভিযোগ পেয়ে ঠিকাদারকে সতর্ক করেছি। পরীক্ষা করে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার প্রমাণ পাওয়া গেলে ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘নিম্নমানের কাজের বিষয়ে এলাকার কিছু মানুষ আমাকে বলেছেন। সরেজমিনে গিয়ে কিছুটা অনিয়মও দেখেছি। সংশ্লিষ্ট ব্যক্তিদের এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছি।’