পরিত্যক্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে স্বাস্থ্যসেবা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব জমি আছে, তবে সেখানে গত চার দশকেও ভবন নির্মাণ করা হয়নি। ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কার্যক্রম চলছে পরিত্যক্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে।
ফেনী স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সোনাগাজীর চর চান্দিয়া ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রটি সমুদ্র উপকূলীয় বেড়িবাঁধের পাশে বহদ্দারহাট এলাকায় অবস্থিত। উপজেলা সদর থেকে এই উপস্বাস্থ্যকেন্দ্রের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। স্থানীয় কয়েকজন বাসিন্দা ১৯৭৩ সালে চর চান্দিয়ায় একটি হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেন। এ জন্য ২ একর ৭০ শতক জমি দানও করেন তাঁরা। এরপর সরকার সেখানে একটি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয়। তবে নতুন ভবন নির্মাণ না করে পাশের একটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে ওই বছরই ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম শুরু হয়।
১৯৬৯ সালে নির্মিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রটি ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, ভবনের দেয়ালের একাধিক স্থানে দেখা দিয়েছে ফাটল। তিন কক্ষের এই ভবনের দুটি কক্ষই পরিত্যক্ত। অপর যে কক্ষে স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম চলছে, সেটিও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নুর নবী বর্তমানে স্বাস্থ্যকেন্দ্রের জায়গায় চাষাবাদ করেন। তিনি বলেন, স্বাস্থ্য বিভাগের জমিটি যাতে বেদখল বা বেহাত না হয়, সে জন্য তিনি দেখভাল করেন মাত্র।
উপস্বাস্থ্যকেন্দ্রে দায়িত্বরত চিকিৎসা কর্মকর্তা (এমও) নুরুল আফছার জানান, বর্ষায় মেঝেতে পানি ঢোকে এবং ভবনের দেয়ালের বিভিন্ন অংশে ফাটল ধরেছে। কেন্দ্রের সামনের ছোট সড়কটিও চলাচলের অনুপযোগী। বর্তমানে তিনি এবং একজন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা (চাকমো) কর্মরত রয়েছেন। প্রতিদিন গড়ে ৫০-৬০ জন রোগীকে স্বাস্থ্যসেবা দিতে হয়।
উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা (চাকমো) মো. আবদুর রশিদ বলেন, উপস্বাস্থ্যকেন্দ্রে একজন এমএলএসএস (চতুর্থশ্রেণি) খুবই প্রয়োজন। কেন্দ্রটি অন্য লোক ডেকে পরিষ্কার করতে হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ছারোয়ার জাহান বলেন, চর চান্দিয়া একটি সমুদ্র উপকুলীয় অঞ্চল। সেখানে নিজস্ব জমিতে উপস্বাস্থ্যকেন্দ্রের ভবন নির্মার্ণের জন্য বারবার সংশ্লিষ্ট কতৃর্পক্ষের কাছে লিখিত ভাবে জানানো হয়েছে।