পরিত্যক্ত জমিতে ফেলনের হাসি

সেচসুবিধা না থাকায় সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের খলিফাপাড়া এলাকার চাষি মনির আহমদ (৫৬) শুকনো মৌসুমে বোরো চাষ করতে পারেন না। প্রতিবেশী এক চাষির পরামর্শে তিন বছর ধরে পড়ে থাকা জমিতে ফেলন ডাল চাষ করছেন তিনি। ফলন ভালো হওয়ায় ফসল বিক্রি করে লাভও পাচ্ছেন। মনির আহমদের মতো সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকার পরিত্যক্ত জমিতে ফেলন ডাল চাষ করেছেন বহু চাষি।
সাতকানিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ১ হাজার ৩৫০ হেক্টর জমিতে ফেলন ডালের চাষ হয়েছে। সাম্প্রতিক সময়ে বৃষ্টি হওয়ায় প্রতিটি খেতে ফেলন ডালের ফলন ভালো হয়েছে। প্রতি একরে ফলন হয়েছে প্রায় ২৭৫ কেজি। চাষিরা এবার প্রতি কেজি ফেলন ডাল বিক্রি করছেন ৬৫ টাকায়। গত বছর প্রতি কেজি ফেলন ডাল বিক্রি হয়েছিল ৫৫ টাকা থেকে ৬০ টাকা দরে।
কৃষি কর্মকর্তারা জানান, নভেম্বর-ডিসেম্বর ফেলন ডালের বীজ বপনের উপযুক্ত সময়। প্রতি হেক্টরে ৪০ থেকে ৫০ কেজি বীজের দরকার হয়। মার্চের শেষে ও এপ্রিলে ফসল তোলার সময় হয়। দুই জাতের ফেলনের মধ্যে বারি-১–এর চাষ বেশি হয়।
সরেজমিন দেখা গেছে, উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভির দোকান, মাইঙ্গাপাড়া, সাতকানিয়া সদর ইউনিয়নের গারাঙ্গিয়া, রূপকানিয়া, দক্ষিণ রূপকানিয়া, করাইয়ানগর, ছদাহা ইউনিয়নের কাজীরখীল, ফজুরপাড়া, বিছন্ন্যাপাড়া ও ঢেমশা ইউনিয়নের খলিফাপাড়া, আশেকেরপাড়া, নাপিতের চর, গোয়াজরপাড়া, হাদুরপাড়া এলাকার প্রায় ২০০ চাষি ফেলন ডাল চাষ করেছেন। ফসল তোলার সময় আসায় খেতে চাষিদের এখন ব্যস্ত সময় কাটছে।
উপজেলা কৃষি কার্যালয় ও চাষিরা জানান, ফেলন ডালের চাষ করতে খরচ ও পরিশ্রম দুই কম। সামান্য হাল চাষ দিয়ে জমিতে ফেলন ডালের বীজ ছিটিয়ে দিলেই প্রাথমিক কাজ শেষ। এরপর চারা গজিয়ে ফুল আসার আগে বা ফুল আসার পর বৃষ্টির পানি পেলে ফলন হয় খুব ভালো।
দক্ষিণ রূপকানিয়া এলাকার চাষি হাবিবুল ইসলাম (৫২) বলেন, ‘চলতি বছর প্রায় আড়াই কানি জমিতে ফেলন ডালের চাষ করেছি। সম্প্রতি বৃষ্টি হওয়ায় ফলন হয়েছে ভালো। চাষে খরচ হয়েছে সাত হাজার টাকার মতো। কাঁচা ও পাকা ফেলন ডাল বিক্রি করে পেয়েছি প্রায় সাড়ে ১৮ হাজার টাকা।’
সাতকানিয়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, সেচ সুবিধার অভাবে উপজেলার বেশির ভাগ এলাকার কৃষি জমিতে বোরো চাষ হয় না। এসব জমি একসময় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকত। কৃষি কার্যালয়ের প্রচারের কারণে চাষিরা ফেলন চাষে ঝুঁকছেন। এ ছাড়া ফেলন ডাল চাষ করে সফল হওয়া চাষিদের দেখাদেখি বাকিরাও এই ফসলের প্রতি আগ্রহ দেখাচ্ছেন।
সাতকানিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা বলেন, ফেলন ডাল চাষে খরচ ও পরিশ্রম দুটোই কম। তবে ফলন ভালো হলে লাভ খুব বেশি। ফেলন ডাল চাষ পুরোপুরি বৃষ্টিনির্ভর। কয়েক দিন আগে বৃষ্টি হওয়ায় ফেলন ডালের ফলন হয়েছে ভালো। এতে চাষিরা লাভবান হবেন বেশি।