
শীত মৌসুমে কাপ্তাই লেকের পানি কমলে ভেসে ওঠে ছোট ছোট বেশ কিছু দ্বীপ। একসময় এসব দ্বীপ পরিত্যক্তই থাকত। তবে পাঁচ বছর ধরে সেই চিত্র পাল্টে যাচ্ছে। দ্বীপের জমিতে এখন ফলছে তরমুজ। মাটি উর্বর ও সেচের সুবিধা থাকায় ফলনও হচ্ছে ভালো।
চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছর কাপ্তাই লেকের পানি নভেম্বর মাস থেকে কমতে শুরু করে। তখন লেকের পানিতে ডুবে থাকা দ্বীপগুলো ভেসে ওঠে। এরপর স্থানীয় লোকজন নিজেদের মতো জমি নির্বাচন করে চাষ শুরু করেন। ডিসেম্বর মাসের শুরুতে জাত ভেদে তরমুজের বীজ বপন করা হয়। বীজ রোপণের ৮০ থেকে ১১০ দিনের মধ্যে তরমুজের ফলন পাওয়া যায়।
চাষি ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাপ্তাই লেকের এই দ্বীপগুলো বর্ষায় বা পানি বাড়লে ডুবে যায়। আবার পানি সরে গেলে ভেসে ওঠে। এত দিন এসব দ্বীপ পরিত্যক্ত পড়ে থাকত। ২০১১ সালে লংগদু ও বরকল উপজেলার সীমান্তবর্তী বরুনাছড়ি এলাকায় পরীক্ষামূলকভাবে দ্বীপে তরমুজ চাষ শুরু করা হয়। সম্প্রতি লংগদু উপজেলায় কাট্টলী, কুড়কুতিছড়ি, বরকল উপজেলায় বিল্লোছড়া বেগেনাছড়ি ও রাঙামাটি সদর উপজেলার সদর ইউনিয়ন বালুখালীর মুরল্যাদারুঘর এলাকার দ্বীপে তরমুজ চাষ হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ৪৯৮ একর জমিতে তরমুজ চাষ করা হয়েছে। এর মধ্যে শুধু লেকের দ্বীপগুলোতে ৩৪০ একর তরমুজ চাষ করা হয়েছে।
সম্প্রতি বালুখালী ইউনিয়নে মুরল্যা দারুঘর এলাকায় গিয়ে দেখা যায়, লেকে জেগে ওঠা অন্তত ১০টি দ্বীপে তরমুজ চাষ করা হয়েছে। চাষিরা কেউ তরমুজ তুলছেন। কেউ খেত পরিচর্যায় ব্যস্ত। তরমুজের ফলনও ভালো হয়েছে। ব্যবসায়ীরা খেত থেকে খুচরা ও পাইকারি দামে তরমুজ কিনে নিচ্ছেন।
মুরল্যা দারুঘর গ্রামের জেলে মো. সর্বত আলী (৪৫) বলেন, ‘আমি আগে কাপ্তাই লেকে মাছ ধরতাম। এখন লেকে তেমন মাছ পাওয়া যায় না। তরমুজ চাষ লাভজনক হওয়ায় মাছ ধরা ছেড়ে দিয়েছি।’ তিন বছর ধরে তিনি তরমুজ চাষ করছেন।
রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নে মুরল্যা দারুঘর এলাকার আরেক তরমুজচাষি বিল্লাল হোসেন বলেন, ‘আমি এক একর জমিতে তরমুজখেত করেছি। শুরুতেই দুই হাজার তরমুজ বিক্রি করেছি। এসব তরমুজ আকার ভেদে ১০০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়েছে। দ্বিতীয় কিস্তিতে কমপক্ষে এক হাজার তরমুজ বিক্রি করা যাবে।’
তরমুজ ব্যবসায়ী মো. জিন্নাত আলী বলেন, খেত থেকে পাইকারিতে ১০০ থেকে ২৫০ টাকা দরে তরমুজ কেনা হয়। রাঙামাটি শহর, ঢাকা ও চট্টগ্রামে এসব তরমুজ বিক্রি করা হয় ১৫০ থেকে ৩০০ টাকায়।
বালুখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিজয় গিরি চাকমা বলেন, দ্বীপের জমিগুলো খাস। এসব জমি স্থানীয় লোকজন নিজেদের মতো করে দখল করে সেখানে চাষ করছেন।
বরকল উপজেলার সুবলং ইউপির চেয়ারম্যান অরুণ জ্যোতি চাকমা বলেন, কাপ্তাই লেকে অসংখ্য দ্বীপ রয়েছে। আগে এসব দ্বীপ পরিত্যক্ত থাকত। এখন দ্বীপগুলোতে তরমুজের ব্যাপক চাষ করা হচ্ছে। শুধু তরমুজ চাষ নয়, বিভিন্ন সবজির খেত করা হচ্ছে। তবে তরমুজ চাষে চাষিরা বেশি লাভবান হচ্ছেন।
রাঙামাটি কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক রমনী কান্তি চাকমা বলেন, পাহাড়ি এলাকা হওয়ায় তেমন তরমুজ চাষ হতো না। এখন কাপ্তাই লেকের দ্বীপগুলোতে কৃষকেরা তরমুজ চাষ করছেন। সেচের সুবিধা থাকা ও দ্বীপগুলো উর্বর হওয়ায় ফলনও ভালো হচ্ছে।