পরিত্যক্ত ভবনে আদিবাসী পরিবার, দুর্ঘটনার আশঙ্কা
খাগড়াছড়ির দীঘিনালার ৩ নম্বর কবাখালী ইউনিয়নের রিজার্ভ ছড়া মুখ এলাকায় পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে বসবাস করছে ১৫ সদস্যের একটি আদিবাসী পরিবার। তিন বছর আগে ভবনের ওপর পাহাড় ধসে পরিত্যক্ত ঘোষিত হলে পরিবারটি সেখানে আশ্রয় নেয়। একাংশ দেবে যাওয়া ভবনটির ওপর আবারও পাহাড় ধসে দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে।
উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ভূমিহীন দুস্থ পরিবার পুনর্বাসন প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ভবনটি নির্মাণ করেছিল। রিজার্ভ ছড়া মুখ এলাকায় পুনর্বাসিত পরিবারগুলোর ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য বিদ্যালয় প্রতিষ্ঠার কথা ছিল এই ভবনে। তবে পাহাড় ধসের পর বিদ্যালয়টি আর চালু হয়নি। বর্তমানে ভবনটিতে বসবাস করছেন কালিন্দী রানী চাকমা ও তাঁর পরিবার। শিশুসহ তাঁর পরিবারের সদস্য সংখ্যা ১৫।
সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভবনটি সরেজমিনে পরিদর্শন করেন। ঝুঁকিপূর্ণ ভবনটি থেকে পরিবারের সদস্যদের অন্যত্র সরে যেতে অনুরোধ করেছেন তিনি। গত ২৭ জুলাই বিকেলে উপজেলা রিজার্ভ ছড়া এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার পাশে একটি বড় পাহাড়ের নিচে পরিত্যক্ত ভবনটির অবস্থান। ভবনের এক পাশ দেবে গেছে মাটিতে। সেখানকার দেয়ালে বড় আকারের ফাটলও দেখা গেছে।
কালিন্দী রানী চাকমা বলেন, ‘আমাদের থাকার কোনো জায়গা নেই। আগে পাহাড়ের ওপর ছিলাম। তিন বছর আগে ভবন পরিত্যক্ত হলে আমরা এসে আশ্রয় নিই। ইউএনও আমাদের সরে যেতে বলেছেন। কিন্তু আমরা কোথায় যাব?’
ইউএনও ফজলুল জাহিদ বলেন, ‘আমি ভবনটি পরিদর্শন করেছি। ভবনটির এক পাশ ধসে পড়তে পারে যেকোনো সময়। পরিবারটি সরে না গেলে ব্যবস্থা নেওয়া হবে।’