পরিত্যক্ত ভবনে চলছে পটিয়া আদালত
ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ২৭ বছর আগে পটিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত কার্যালয়টি পরিত্যক্ত ঘোষণা করেছে গণপূর্ত বিভাগ। দেড় শতাধিক বছরের পুরোনো কাঁচা ও আধা পাকা এই জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে দাপ্তরিক কাজ চালাচ্ছেন বিচারকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। ১৯৮৬ সালে গণপূর্ত বিভাগ আদালত ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে।জানা গেছে, ১০ কোটি টাকা ব্যয়ে ছয়তলার ভিতযুক্ত চারতলাবিশিষ্ট নতুন আদালত ভবন নির্মাণের একটি প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনুমোদন করেছে। কিন্তু যথাসময়ে অর্থ বরাদ্দ না হওয়ায় ভবন নির্মাণ করা যাচ্ছে না। এতে হতাশ হয়ে পড়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, বিচারপ্রার্থী ও আইনজীবীরা।জানা গেছে, দেশের উপজেলা পর্যায়ে একমাত্র পটিয়াতেই যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত রয়েছে। ব্রিটিশ সরকার পটিয়া সদর এলাকায় এক একর জায়গার ওপর ১৮৪৪ সালে বাঁশের বেড়ার ওপর টিনের ছাউনি (কিছু অংশের দেয়াল পাকা) দিয়ে আদালত ভবনটি তৈরি করে। তবে বিচারকদের কার্যালয়ের জন্য কিছু অংশে করা হয় আধা পাকা কাঠামো। পরবর্তী সময়ে কার্যকর সংস্কার না হওয়ায় পুরো ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ে। ১৯৯১ সালের ২৯ এপ্রিল ঘূর্ণিঝড়ের সময় এটির ব্যাপক ক্ষতি হয়।সরেজমিনে দেখা গেছে, ভবনের বেশির ভাগ বেড়া ভাঙা ও জোড়াতালি দেওয়া। টিনে মরিচা ধরে ছিদ্র হয়ে গেছে। বিচারকদের এজলাস, কার্যালয়, কর্মকর্তা-কর্মচারীদের কক্ষ ও বারান্দার ছাদের বেড়া ঝুলে আছে। অধিকাংশ আসবাব ভাঙা। প্রায় প্রতিটি কক্ষে ফাইলপত্র রাখা হয়েছে এলোমেলো করে।আইনজীবী ও আদালতের কর্মকর্তা-কর্মচারীরা জানান, বৃষ্টি হলে ঘরের ভেতর পানি পড়ে। এতে বিভিন্ন মামলার মূল্যবান দলিল ও ফাইলপত্র ভিজে নষ্ট হয়। প্রায় সময় ছাদের বেড়া ও বিম ভেঙে পড়ে ছোটখাটো দুর্ঘটনা ঘটে। বড় ধরনের ঝোড়ো হাওয়া বয়ে গেলে পুরো আদালত ভবনই ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে আদালতের পুকুরের দক্ষিণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে বিচারকদের জন্য নির্মিত চারটি আধা পাকা আবাসিক ভবনের মধ্যে দুটি পাকিস্তান আমলে পুড়ে যায়। অন্য দুটির একটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আরেকটিতে জোড়াতালি দিয়ে কোনো রকমে বসবাস করেন যুগ্ম জেলা ও দায়রা জজ। এ বাসভবনও ১৯৮৬ সালে পরিত্যক্ত ঘোষণা করে গণপূর্ত বিভাগ। পটিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশীষ কুমার চৌধুরী প্রথম আলোকে জানান, গণপূর্ত অধিদপ্তর ২০ কোটি ৩৪ লাখ ৩৪ হাজার টাকা ব্যয়ে ছয়তলাবিশিষ্ট ভবন নির্মাণের জন্য বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায়। অর্থ মন্ত্রণালয় ২০১০ সালের ২২ জুন এক পরিপত্রে ব্যয় ১০ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ রেখে ছয়তলা ভিতের ওপর চারতলা ভবন নির্মাণের জন্য প্রস্তাব তৈরি করে পাঠানোর জন্য গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে অনুরোধ জানায়। সে অনুযায়ী গত বছর প্রস্তাব পাঠানো হয় এবং তা মন্ত্রণালয়ে অনুমোদনও হয়। কিন্তু এখনো অর্থ বরাদ্দ না আসায় ভবন নির্মাণের কাজ শুরু করা যাচ্ছে না।এ ব্যাপারে যোগাযোগা করা হলে গণপূর্ত বিভাগ চট্টগ্রামের বিভাগীয় কর্মকর্তা ইকবাল করিম বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী প্রস্তাব তৈরি করে গত বছরই তা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি এবং তা মন্ত্রণালয়ে অনুমোদনও হয়েছে। কিন্তু এখনো কোনো বরাদ্দ না আসায় ভবন নির্মাণের কাজ শুরু করা যাচ্ছে না।’পটিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘একটি পরিত্যক্ত ভবনে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। ১৬ মে মহাসেনের ৭ নম্বর বিপৎসংকেতের কথা শুনে আমরা খুবই ভয় পেয়েছিলাম কখনো পুরো আদালত ভবন ও আবাসিক ভবন ধসে পড়ে। শুনেছি, নতুন ভবন নির্মাণের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। তবে কেন কাজ হচ্ছে না জানি না।’