
পানি নেই, বিদ্যুৎ নেই। দরজা-জানালা ভাঙা। খসে পড়ছে ছাদের পলেস্তারা। কক্ষের ভেতর ভাপসা গরম। ভবনও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে অনেক আগেই। তার পরও ওই ভবনে চলছে গ্রামের মানুষের চিকিৎসাসেবা কার্যক্রম। ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ উপস্বাস্থ্যকেন্দ্রের এমনই করুণ হাল এখন। গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায় এই চিত্র।
জানা যায়, সোনাগাজীর মতিগঞ্জ স্বাস্থ্য উপকেন্দ্রটি ১৯৩১ সালে স্থাপিত হয়। তখন মতিগঞ্জ বাজারের দক্ষিণ পাশে তৎকালীন ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্টের দেওয়া একটি ঘরে বসে এলাকাবাসীর চিকিৎসা সেবাদান শুরু হয়।

পরবর্তী সময়ে সেটি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) একটি কক্ষে স্থানান্তরিত হয়। ইউপি কার্যালয়ে কয়েক বছর থাকার পর উপস্বাস্থ্যকেন্দ্রটি মতিগঞ্জ উচ্চবিদ্যালয়ের পাশে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের একটি কক্ষে নেওয়া হয়। ওই ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রটিও একপর্যায়ে ধসে পড়ে। এরপর ১৯৯৫ সাল থেকে উপজেলা পরিষদের এই ভবনে চলছে কার্যক্রম।
স্থানীয় বাসিন্দা বৃদ্ধ আবদুর রহমান বলেন, এটি একটি ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্র। গত ৮৩ বছরেও এর কোনো স্থায়ী ঠিকানা হয়নি। কয়েক বছর এক ভবনে থাকার পর অন্য ভবনে স্থানান্তর হওয়াই যেন নিয়মে পরিণত হয়েছে। সব সময়ই ভাঙাচোরা ও পরিত্যক্ত ভবনেই তার ঠাঁই হয়েছে।
স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ হোসেন জানান, স্বাস্থ্যকেন্দ্রটি এ অঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসাসেবার একমাত্র আশ্রয়স্থল। দরিদ্র লোকজন এ স্বাস্থ্যকেন্দ্র থেকে সেবা নিয়ে থাকেন।
উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা এএসএম সোহরাব আল হোসাইন জানান, এখানে একজন করে চিকিৎসা কর্মকর্তা, উপসহকারী চিকিৎসা কর্মকর্তা, ফার্মাসিস্ট ও এমএলএসএসের পদ রয়েছে। বর্তমানে তিনি এবং একজন উপসহকারী চিকিৎসা কর্মকর্তা কর্মরত থাকলেও ফার্মাসিস্ট ও এমএলএসএস পদ শূন্য।
তিনি জানান, উপস্বাস্থ্যকেন্দ্রটির নিজস্ব কোনো ভূমি নেই, কখনো ভূমি ছিল কিনা তারও কোনো দলিলপত্র পাওয়া যায়নি। বর্তমানে যেখানে বসে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে সেটি মতিগঞ্জ এলাকায় অবস্থিত সোনাগাজী উপজেলা পরিষদের কর্মকর্তাদের প্রায় ২০ বছর আগের পরিত্যক্ত একটি বাসভবনের নিচতলা।
উপস্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা যায়, এখানে প্রতিদিন গড়ে ১০০ জনের বেশি রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ ছাড়া সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া অতি জরুরি কিছু ওষুধও রোগীদের দেওয়া হয়।
জানতে চাইলে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছারোয়ার জাহান জানান, বর্তমান ভবনটিতে যেকোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। মতিগঞ্জ উপস্বাস্থ্যকেন্দ্রের সমস্যার কথা সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহুবার অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।