বিম, দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়েছে। অল্প বৃষ্টিতেও ছাদ চুইয়ে পানি পড়ে। অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র ভিজে নষ্ট হয়ে গেছে। যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে। তবুও চরম আতঙ্কের মধ্যে অফিস করি। পানছড়ি উপজেলা পশু হাসপাতালের জীর্ণদশার কথা এভাবেই বর্ণনা করলেন চিকিৎসা কর্মকর্তার সহকারী বিশ্বরবি চাকমা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিম, দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়েছে। কর্মকর্তার কার্যালয় আর হাসপাতালের ছাদের ওপর অসংখ্য আগাছা জমেছে। স্যাঁতসেঁতে হয়ে গেছে মেঝে। কক্ষগুলো শেওলায় ভরা। দাপ্তরিক কাজ করার কোনো পরিবেশই সেখানে নেই। পানছড়ি উপজেলা পশু হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা ধন্তু কুমার চাকমা প্রথম আলোকে বলেন, ‘উপজেলা পশু কর্মকর্তার কার্যালয় আর হাসপাতালটি ১৯৬৩ সালে নির্মিত হয়েছে। ১৯৯০ সালে ভবনটির মেয়াদ উত্তীর্ণ হয়। আমরা চরম আতঙ্কের মধ্যে দাপ্তরিক কাজ সম্পন্ন করি। সামান্য বৃষ্টিতে ছাদ চুইয়ে পানি পড়ে। গত মাসের টানা বর্ষণে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র ভিজে গেছে। হাসপাতালে ডিপ ফ্রিজটি রাখার পর্যন্ত জায়গা নেই। এ ব্যাপারে খাগড়াছড়ি পার্বত্য জেলা পশু কর্মকর্তাসহ গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে অনেকবার আবেদন করা হয়েছে। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে হাসপাতালটি নির্মাণ করার জন্য তিন বছর আগে গণপূর্ত মন্ত্রণালয় থেকে মাপ নেওয়া হয়েছে। এর পরও কিছুই হচ্ছে না। এ ব্যাপারে আমি পানছড়ি উপজেলা পরিষদের সমন্বয় সভায় আমাদের পশু হাসপাতালটি পুনর্নির্মাণ করার জন্য বহুবার উপস্থাপন করেছি।’পানছড়ি উপজেলার নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ‘হাসপাতালটি পুনর্নির্মাণ করা প্রয়োজন। নতুন ভবন নির্মাণের দায়িত্ব আমাদের নয়। এটি গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে। আমরা শুধু সংস্কার করতে পারি। সংস্কার করলে শুধু টাকাগুলো অপচয় হবে। তাই করা হচ্ছে না।’পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা প্রথম আলোকে বলেন, পানছড়ি উপজেলা পশু হাসপাতালের অবস্থা খুবই খারাপ। জনস্বার্থে জরুরি ভিত্তিতে হাসপাতালটি নির্মাণ করা প্রয়োজন। তবে এটি নির্মাণ করার দায়িত্ব গণপূর্ত মন্ত্রণালয়ের।