পরিত্যক্ত ভবনে পাঠদান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা অধিদপ্তর ১১ বছর আগে বিদ্যালয় ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকায় পরিত্যক্ত ভবনেই চলছে পাঠদান। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে। আকাশে মেঘ জমলেই ছুটি দিতে হয় শিক্ষার্থীদের।চিত্রটি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম হাতিমারা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বিদ্যালয়টি দুর্গম দুদুকছড়া থেকে দুই কিলোমিটার পশ্চিমে সীমান্তবর্তী হাতিমারা এলাকায় অবস্থিত।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, পরিত্যক্ত ভবনের কোনো কক্ষেই দরজা-জানালা নেই। ভবনের একটি কক্ষে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করছিলেন শিক্ষক সুজিত চাকমা। তিনি বলেন, ‘চরম আতঙ্কের মধ্যে প্রতিদিন পাঠদান করতে হচ্ছে। ছাদ থেকে মাঝেমধ্যে পলেস্তারা খসে পড়ে। বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে। তখন শিক্ষার্থীদের ছুটি দিতে হয়।’ পঞ্চম শ্রেণীর ছাত্র সুমন বিকাশ চাকমা বলে, ‘বৃষ্টি হলে শ্রেণীকক্ষে বসে থাকা যায় না। বই-খাতা সব ভিজে যায়। তাই আকাশে মেঘ দেখা গেলেই আমাদের ছুটি দেওয়া হয়। কখন ছাদ ধসে পড়ে—এই ভয় নিয়ে ক্লাস করি।’ প্রধান শিক্ষক অমর সিং চাকমা বলেন, ‘বিদ্যালয় ভবনটি ২০০১ সালে পরিত্যক্ত ঘোষণা করে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৬-০৭ অর্থবছরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ তিন কক্ষের একটি টিনের ছাউনিযুক্ত ভবন নির্মাণ করে। এ ছাড়া গত বছর উন্নয়ন সংস্থা ইউএনডিপি বাঁশের বেড়া দিয়ে একটি শ্রেণীকক্ষ নির্মাণ করে দেয়। কিন্তু নির্মাণে ত্রুটির কারণে বেড়ার শ্রেণীকক্ষটি ভেঙে যাচ্ছে। এ ব্যাপারে পানছড়ির উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী প্রকৌশলীর কাছে অনেকবার আবেদন করা হয়েছে। কিন্তু কোনো সাড়া মেলেনি ।’ প্রধান শিক্ষক আরও বলেন, ‘বর্তমানে বিদ্যালয়ে ৯০ জন শিক্ষার্থী আছে। শিক্ষার্থী কম—এমন কারণ দেখিয়ে উপজেলা শিক্ষা কার্যালয় ভবন নির্মাণের অনুমোদন দিচ্ছে না। কিন্তু দুর্গম এলাকার একটি বিদ্যালয়ে ৯০ জন শিক্ষার্থী থাকাও অনেক বড় ব্যাপার।’পানছড়ি উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ১৯৯৩-৯৪ অর্থবছরে পৌনে চার কোটি টাকা ব্যয়ে বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ২০০১ সালে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।এ ব্যাপারে পানছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ‘কয়েক দিন আগে বিদ্যালয়টি পরিদর্শন করেছি। শিক্ষার্থীর উপস্থিতি ছিল খুবই কম। ভুয়া শিক্ষার্থী দেখানো হয়েছে বলে মনে হচ্ছে। প্রয়োজনে আরও দু-তিনবার পরিদর্শন করব। শিক্ষার্থীদের উপস্থিতি ভালো হলে দুটি কক্ষ নির্মাণ করার অনুমোদন দেওয়া হতে পারে। তবে বড় ভবন তৈরি করে দেওয়া সম্ভব নয়।’ পানছড়ি উপজেলা নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ‘বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। অনুমোদন আর অর্থ ছাড় পেলে বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হবে।’