পরিত্যক্ত হয়ে পড়েছে নগরের রাস্তা-পারাপারের সেতুগুলো
নগরের রাস্তা-পারাপারের সেতুগুলো (ফুটওভার ব্রিজ) পরিত্যক্ত হয়ে পড়েছে। নগরবাসীর কোনো কাজে আসছে না এসব। এগুলো এখন গণশৌচাগার, পতিতা ও মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। দীর্ঘসময় ধরে এগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও পথচারী পারাপারের উপযোগী করছে না সেতুগুলোর তত্ত্বাবধানকারী সংস্থা সিটি করপোরেশন। নব্বইয়ের দশকের শুরুতে নগরের গুরুত্বপূর্ণ স্থান রিয়াজউদ্দিন বাজার, মিউনিসিপ্যাল মডেল উচ্চবিদ্যালয়ের সামনে এবং ফকিরহাটে রাস্তা-পারাপারের সেতু নির্মাণ করা হয়। অথচ বর্তমানে এসব সেতু পরিণত হয়েছে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের বিক্রয়কেন্দ্র, গণশৌচাগার, পতিতা ও মাদকসেবীদের আড্ডাস্থলে। ১৯ জুলাই নিউমার্কেট ও রিয়াজউদ্দিন বাজার এলাকার দুটি রাস্তা-পারাপারের সেতুতে দেখা যায়, সেতুর ওপর ওঠার উভয়পাশের চারটি সিঁড়ি ফেরিওয়ালার দখলে। মিউনিসিপ্যাল মডেল উচ্চবিদ্যালয়ের সামনের সেতুর সিঁড়িতে একজন আখের রস বিক্রেতাকে দেখা গেছে রস বিক্রির জন্য আখের আঁটি বাঁধতে। এ সময় প্রশ্ন করলে আখের রস বিক্রেতা নুর হোসেন বলেন, ‘মানুষ তো এ ব্রিজ দিয়ে পারাপার হয় না। তাই আখের আঁটি বাঁধছি।’ একই রকম কথা বলেছেন সেতুতে ওঠার মুখে অশ্লীল সিডি বিক্রেতা মো. রাশেদও। সেতুগুলোর আশপাশের একাধিক ব্যবসায়ী মন্তব্য করেছেন, ঝুঁকি নিয়ে পথচারীদের রাস্তা পারাপার বন্ধের ব্যবস্থা করলে ফুটওভার ব্রিজগুলো দিয়েই লোকজন পারাপার করবেন। রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী ফরিদউদ্দিন বলেন, ‘সড়ক-বিভাজকের ওপর প্রতিবন্ধকতা স্থাপন করলে ফুটওভার ব্রিজ দিয়েই পথচারীরা পারাপার হবেন।’পথচারী পারাপারের উপযোগী করা হচ্ছে না কেন এসব সেতু—এমন প্রশ্ন করলে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. আবুল হাসনাত বলেন, ‘পথচারী পারাপারের উপযোগী করে তুলতে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও জানান, ‘পথচারীরা সচেতন হলে এসব সেতু দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকত না।’ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘পুলিশের গাফিলতির কারণে এসব সেতু ক্রমে পথচারী পারাপারের উপযোগিতা হারিয়েছে। সেতুর ওপর পতিতার আড্ডা, মাদকব্যবসা বা মাদকসেবন এবং হকার-ফেরিওয়ালার উৎপাত বন্ধ করলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না।’ তবে সেতুগুলো শৌচাগারে পরিণত হওয়ার জন্য সিটি করপোরেশনকেই দায়ী করলেন নগর পুলিশ কমিশনার আবুল কাশেম। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সেতুগুলো দখল করে হকারদের ব্যবসা বন্ধ করা এবং নোংরা পরিবেশ অপসারণের দায়িত্ব সিটি করপোরেশনের।’ অপর প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সেতুগুলোকে ঘিরে অসামাজিক কার্যকলাপ এবং অপরাধ কর্মকাণ্ডের বিষয়টি পুলিশ দেখবে।’