পরিপাটি চৌকস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি তোলা তানজীব–উল–আলমের শখ। ছবি: সুমন ইউসুফ
ছবি তোলা তানজীব–উল–আলমের শখ। ছবি: সুমন ইউসুফ


বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তানজীব-উল-আলম। আইনকানুনের মধ্যে চলা এই তরুণ ব্যারিস্টারের স্টাইলে আছে নিজস্বতা। ছুটি পেলেই ছোটেন দেশের বাইরে ট্রেকিং করতে। আছে ছবি তোলার শখও। আজকের অধুনায় থাকছে এই আইনজীবীর স্টাইল।

জিমের পোশাকে
জিমের পোশাকে

দোরঘণ্টি বাজাতেই দরজা খুললেন একমুখ হাসি নিয়ে। বোঝা গেল সারাক্ষণ হাসিখুশি থাকতে ভালোবাসেন। প্রতিদিন একই ধরনের কাজ অনেকের জন্য একঘেয়ে হলেও তানজীব-উল-আলমের ক্ষেত্রে সেটা হয় না। সপ্তাহের পাঁচ দিন আদালতে ছোটেন নির্ধারিত সময়েই। নিজের চেম্বারেও বসেন ঠিকঠাক। সপ্তাহের বাকি দুটি ছুটির দিন কাটান একেবারে নিজের মতো করেই। স্ত্রী-সন্তানদের নিয়ে কখনো ঘুরতে যান, কখনো-বা খেতে। আবার কখনো শখের ক্যামেরায় বন্দী করেন নজরকাড়া কোনো দৃশ্য। জীবনটা তাই বেশ উপভোগ্য তানজীবের কাছে।

ক্যামেরার লেন্স সংগ্রহ করেন, যত্নও করেন
ক্যামেরার লেন্স সংগ্রহ করেন, যত্নও করেন

সকালে উঠেই তৈরি হয়ে বেরিয়ে পড়েন আদালতের পথে। তখন তাঁর পরনে থাকে আইনজীবীর নির্ধারিত পোশাক। জানালেন বিশেষ কোনো অনুষ্ঠানে ফরমাল পোশাকের সঙ্গে পরেন একটা ভিন্ন রঙের কোট ও টাই। গাড়িতে থাকলে আইফোন আর আইপ্যাডে কিছুটা সময় কাটান।
আদালত থেকে বেরিয়ে পড়েন বিকেল সাড়ে চারটায়। এবার সোজা সোনারগাঁও হোটেলের ব্যায়ামাগারে। তানজীব-উল-আলম বলেন, ‘শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত জিমে যাই। এখানে সাঁতার ও খালি হাতে ব্যায়াম করি এক থেকে দেড় ঘণ্টা। গাড়িতেই থাকে জিমের পোশাক। এ সময় টি-শার্ট, শর্টস আর কেডস পরি। সন্ধ্যার দিকে কারওয়ান বাজারে নিজের চেম্বারে বসি। চেম্বার থেকে বাসায় ফিরতে রাত আট থেকে নয়টা বাজে।’

ঈদে পরেন পাঞ্জাবি
ঈদে পরেন পাঞ্জাবি

যেদিন একটু আগেভাগে আদালতের কাজ শেষ হয়ে যায়, সেদিন বাসায় দুপুরের খাবার খান। আবার অফিসে যান মসলিন বা লিনেনের শার্ট পরে। তবে পোশাকের মধ্যে কলারওয়ালা নানা রঙের টি-শার্ট আর জিনস পরতেই বেশি ভালোবাসেন। হাতে ঘড়ি পরেন নিয়মিত। বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি আর সুগন্ধি ব্যবহার করেন।

কেতাদুরস্ত পোশাকেই তাঁকে বেশি দেখা যায়
কেতাদুরস্ত পোশাকেই তাঁকে বেশি দেখা যায়

সারা বছর ঢাকায় থাকলেও ঈদের ছুটিতে চলে যান গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। এবারও সেখানে ঈদ করবেন। সামাজিক অনুষ্ঠান বা ধর্মীয় উৎসবে পরেন পাঞ্জাবি। সাদা পাঞ্জাবির সঙ্গে চুড়িদার পায়জামা ও চামড়ার স্যান্ডেল তাঁর পছন্দ। ঈদের পুরো দিনটাই এই পোশাকে কাটান। এই আইনজীবী বলেন, ‘ঈদে গ্রামের বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা হয়। অনেকের বাড়িতে বেড়াতে যাই। ভাইয়েরাও সবাই পরিবার নিয়ে বাড়ি যান। শিকড়ে ফিরে যেতে তাই ভালোই লাগে।’
প্রতিবছর চারবার আদালত বন্ধ থাকে। ছুটির এই দিনগুলোতে দুবার পরিবার নিয়ে দেশের বাইরে ঘুরতে যান। বাকি দুবারও বিদেশ যান, তবে সেটা বন্ধুদের সঙ্গে। এই সময়ে বিভিন্ন স্থানে ট্রেকিং করেন। আর ছবি তোলার নেশা তো আছেই। প্রাকৃতিক দৃশ্যের ছবি তুলতেই ভালোবাসেন। বিভিন্ন ধরনের ক্যামেরার লেন্স সংগ্রহ করেন। অবসরে সেগুলোর যত্ন নিয়ে আর বই পড়ে সময় কাটান।