পরিপাটি পরিবেশন
বাড়িতে অনেক অতিথি এসেছেন। নানা রকম খাবারের আয়োজন। কিন্তু যদি পরিবেশনটা হয় একদমই সাদামাটা, তাহলে কি হয়? আবার অনেক সময় পরিবেশনার গুণে সাধারণ খাবারও হয়ে ওঠে বেশ আকর্ষণীয়। বাহারি প্লেট, সুন্দর চামচ আর শৌখিন গ্লাসের পাশাপাশি খাবার পরিবেশনায় আরেকটি অন্যতম অনুষঙ্গ ট্রে। বাজারে বিভিন্ন ধরনের ট্রের মধ্য থেকে আপনিও খুঁজে নিতে পারেন আপনার পছন্দেরটি।চৌকো বা গোল দুই ধরনেরই ট্রে পাওয়া যায়। তবে সবাই চৌকো ট্রে ব্যবহার করেই অভ্যস্ত। কারণ, এতে একসঙ্গে অনেক কিছু পরিবেশন করা যায়। আর গোল ট্রে আকারে একটু ছোট হয়। বলছিলেন ঢাকার নিউমার্কেটের কালাম এন্টারপ্রাইজের বিক্রেতা জাহাঙ্গীর। মেলামাইনের ট্রে বাজারে পাওয়া যাবে। পাওয়া যাবে সিরামিকের ট্রেও। আরেক ধরনের ট্রে বাজারে আছে, যেটাকে বলা হয় ফাইবার ট্রে। পছন্দ হলে সেটাও নিতে পারেন। এই ট্রের দাম পড়বে ৩৫০ থেকে ৬০০ টাকা। আবার যদি মেলামাইনের ট্রে নিতে চান, তাহলে যেমন একটি মাত্র ট্রে কিনতে পারেন, তেমনি কিনতে পারেন ট্রের সেট। সেই সেটে ছোট-বড় মিলিয়ে চারটি করে ট্রে থাকে। একটি ছোট্ট ট্রে যেমন ৬০ টাকায় পাওয়া যাবে, তেমনি বড় ট্রের দাম পড়তে পারে ২০০ টাকা। অনেকেই সহজে ভেঙে যাওয়ার ভয়ে সিরামিকের ট্রে কিনতে চান না। কিন্তু সিরামিকের ট্রে দেখতে যেমন সুন্দর, তেমনি শৌখিনতার পরিচায়কও বটে। বলছিলেন নিউমার্কেটের জননী সিরামিকসের আবদুল খালেক। তিনি আরও বললেন, কোনো সিরামিকের দাম বেশি আবার কোনোটির কম। এসব সিরামিকের তৈজস এই ঢাকাতেই তৈরি হয়। বোন সিরামিকের ট্রে অনেক ভালো। এই ট্রে কিনতে গেলে দিতে হবে ৭০০ টাকার মতো। আবার যদি পোরসেলিনের ট্রে চান, তাহলে দাম একটু কম পড়বে।এ ছাড়া কাঠ, বাঁশের তৈরি ট্রে এখন ভীষণ জনপ্রিয়। এসবের আকারেও আছে বৈচিত্র্য। পাবেন যাত্রা, আড়ং ইত্যাদি ফ্যাশন হাউসে।