পরিবর্তন চায় সৌদিরাও
পূর্ব সৌদি আরবের শিয়া-অধ্যুষিত শহর কাতিফ। অন্যতম শীর্ষ শিয়া ভিন্নমতাবলম্বী ড. তৌফিক আল-সাইফের বাড়িতে বসে তাঁর সাক্ষাৎকার নিচ্ছিলেন বিবিসির সাংবাদিক। হঠাৎ তৌফিকের বাড়ির ফোনটি বেজে উঠল। ফোন ধরার পর অপর প্রান্ত থেকে বলা হলো, ‘বিদেশিদের সঙ্গে কথা বলবেন না’।ফোনটি করেছিলেন রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার এক কর্মকর্তা, যিনি বিবিসির সাংবাদিকদের অনুসরণ করতে করতে তৌফিকের বাড়ি পর্যন্ত চলে এসেছিলেন। বাড়ির বাইরে থেকে ফোন করেছিলেন তিনি।সরকারি গোয়েন্দার হুঁশিয়ারি শুনে হাসলেন তৌফিক। ফোন রাখতে রাখতে সাংবাদিকদের বলেন তিনি, ‘সবকিছু যে বদলে গেছে তা তাঁরা এখনো বুঝতে পারেননি।’সংখ্যালঘু শিয়াদের শহর কাতিফে মার্চের প্রথম সপ্তাহে বিক্ষোভের পর সেখানে গিয়েছিলেন বিবিসির ওই সাংবাদিকেরা। সরকারবিরোধী ওই বিক্ষোভকারীরা মূলত কারাগারে বন্দী লোকজনের স্বজন। আত্মীয়-পরিজনের মুক্তির দাবিতে তাঁরা বিক্ষোভ করেন। ১১ মার্চ তাঁরা সারা দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ দিবসেরও ডাক দেন।তবে এখন রাজনৈতিক সংস্কারের দাবি উঠছে সৌদি সমাজের বিভিন্ন অংশ থেকে। শিয়া-সুন্নি, রক্ষণশীল-উদার নির্বিশেষে এ দাবিতে সোচ্চার। আর এ বিষয়টিই ভাবিয়ে তুলেছে সৌদি কর্তৃপক্ষকে। প্রথমদিকে বিক্ষোভকারীদের দাবি ছিল রাজবন্দীদের মুক্তি। কিন্তু পরে দাবির তালিকা আরও বড় হয়েছে। সৌদি আরবে অধিকতর গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে ইন্টারনেটে যে তিনটি আবেদন জানানো হয়েছে, তার দুটিতে স্বাক্ষর করেছেন তৌফিক। তিনি বলেন, তিউনিসিয়া, মিসর, বাহরাইন ও লিবিয়ার বিক্ষোভ মধ্যপ্রাচ্যে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এর ছোঁয়াচ এড়াতে পারবে না সৌদি আরবও। মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশই কিছুটা ঘাবড়ে গেছে এবং তাদের ঘাবড়ানো উচিতও। তৌফিক অবশ্য রাতারাতি বিপ্লবের মাধ্যমে পরিবর্তন চান না। তিনি চান পরিবর্তনটা পর্যায়ক্রমেই আসুক। তৌফিকের ভাষ্য, ‘আমি মনে করি না উদার গণতন্ত্র আগামীকালই প্রতিষ্ঠিত হবে। তবে আমাদের যাত্রা শুরু করতে হবে। সমতা, আইনের শাসন—এগুলোর জন্য দেশ প্রস্তুত। আমাদের শুধু যাত্রাটা শুরু করতে হবে।’বিবিসির ওই সাংবাদিকদের ‘ভদ্রভাবে কিন্তু দৃঢ়তার সঙ্গে’ পূর্ব সৌদি আরব ছেড়ে যেতে বলা হয়। রাজধানী রিয়াদের বিমানে তুলে দেওয়ার আগে তাঁদের অবশ্য কয়েকজন সরকার সমর্থকের সঙ্গেও কথা বলিয়ে দেওয়া হয়। কাতিফের অন্যতম অভিজাত পরিবারের সদস্য তেল শিল্পে কর্মরত আদিব আল-খুনাইজি তাঁদের একজন। আদিব বলেন, ‘সৌদি আরবের মতো গোষ্ঠীভিত্তিক সমাজে গণতন্ত্র কেবল কোন্দলেরই জন্ম দেবে। আরব উপদ্বীপে নিরাপত্তা ও স্থিতিশীলতা খুব গুরুত্বপূর্ণ। গণতন্ত্র আবার গোষ্ঠী বিরোধের রক্তক্ষয়ী যুগ ফিরিয়ে আনতে পারে।’ সালমান আল-জিশি নামের একজন বড় ব্যবসায়ী বলেন, ‘সৌদি আরবে জনগণ বাদশাকে ভালোবাসে। আর তারা নিজেদের অভাব-অভিযোগ সরাসরি শাসকদের কাছে তুলতে পারে বলে এ দেশে গণতন্ত্রের দরকার নেই। যে কেউ চাইলেই কোনো প্রিন্সকে ফোন করতে পারে। আমাদের শাসনব্যবস্থা ভিন্ন।’এ পর্যন্ত সৌদি বাদশাহর শাসনের বিরুদ্ধে প্রকৃত কোনো হুমকি সৃষ্টি হয়নি। তবে এর পরও পরিবর্তিত পরিস্থিতিতে দেশের মানুষকে খুশি করতে বিদেশে চিকিৎসা থেকে ফিরেই সম্প্রতি তিন হাজার ৭০০ কোটি ডলারের বরাদ্দ ঘোষণা করেন তিনি। বেতন বাড়ানো, ভর্তুকি ও উপহার হিসেবে এ অর্থ ব্যয় করা হবে। এই উপহার যদি হয় গাজর, তবে তা নাকের সামনে ঝোলানোর লাঠিটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হুঁশিয়ারি। জনগণকে তারা মনে করিয়ে দিয়েছে, বিক্ষোভ, মিছিল, সমাবেশ করা দেশের আইন অনুযায়ী নিষিদ্ধ। বিশৃঙ্খলা মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল-তুর্কি জানান, বিক্ষোভ বেশি রকম বেড়ে ওঠার আগেই নিরাপত্তা বাহিনী তাদের দ্রুত হঠিয়ে দেবে। তবে অতিরিক্ত শক্তি প্রয়োগ বা গুলি করার কোনো নির্দেশ তাদের প্রতি নেই। সৌদি শাসকেরা প্রতিবেশী ইয়েমেন ও বাহরাইনে উত্তেজনা ছড়িয়ে পড়া নিয়েই বেশি উদ্বিগ্ন। দক্ষিণে ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের রয়েছে দীর্ঘ এক হাজার ১০০ মাইল সীমান্ত। আর পূর্বের ক্ষুদ্র বাহরাইনে এ মুহূর্তে বিরাজ করছে অস্বস্তিকর নীরবতা। বিশেষ করে বাহরাইনে কোনো ধরনের গণবিপ্লবে মোটেই সমর্থন দেবে না সৌদি আরব। শাসক আল সউদ পরিবার ইরানের প্রভাব বেড়ে চলা নিয়ে উদ্বিগ্ন এবং তাদের ধারণা, বাহরাইনের সংখ্যালঘু শিয়াদের ইরানই খেপিয়ে পথে নামিয়েছে। তবে সৌদি শিয়া অধিকারকর্মীদের দাবি, বাহরাইনের বিক্ষোভ মোটেই সাম্প্রদায়িক নয়। সেখানে সব সম্প্রদায়ের মানুষ পথে নেমেছে আর্থিক সাম্যের মতো জাতীয় ইস্যু নিয়ে। সৌদি শাসকেরা কতদূর সংস্কারে রাজি, তা নিয়েও আলোচনা হচ্ছে। বাদশাহ আবদুল্লাহ কয়েক বছর আগে ক্ষমতায় আসার পর সংস্কারের বিষয়ে জাতীয় সংলাপের সূত্রপাত করেছিলেন। তবে সেই থেকে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। বাদশাসহ রাজপরিবারের শীর্ষ সদস্যরা বয়োবৃদ্ধ। তাঁদের সবার দৃষ্টিভঙ্গি আধুনিক নয়। বাদশাহর বয়স ৮০ বছরের ওপর। রাষ্ট্রক্ষমতার ক্রমে দ্বিতীয় স্থানে থাকা তাঁর ভাই প্রিন্স সুলতানের স্বাস্থ্যের অবস্থাও ভালো নয়। বাকি থাকেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স নায়েফ—৭৫ বছর বয়সে যিনি কিনা তুলনামূলকভাবে নবীন। সৌদি আরবের ক্ষমতায় অদূর ভবিষ্যতেই দেখা যেতে পারে তাঁকে। এই প্রিন্স নায়েফ বেশ রক্ষণশীল আর বাদশাহর সংস্কার পরিকল্পনা তাঁর খুব পছন্দ, এ কথা বলা যাবে না মোটেই।বাদশাহ আবদুল্লাহর গৃহীত সংস্কারের মধ্যে রয়েছে এরই মধ্যে চালু হওয়া পৌর নির্বাচনের ব্যবস্থা। তবে কাউন্সিলরদের হাতে বিশেষ কোনো প্রকৃত ক্ষমতা না থাকায় জনগণ এ নিয়ে উচ্ছ্বসিত নয়। আর দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্রের সংস্কার, নারীদের গাড়ি চালানোর অনুমতিদান ও ব্যাংকিং খাতে আরও প্রতিযোগিতার মতো কিছু সুযোগ দেওয়ার যেসব চিন্তাভাবনা আছে, তা অস্থির হয়ে ওঠা তরুণদের খুশি করতে হয়তো যথেষ্ট নয়। ব্লগে লেখালেখির জন্য সাজা পাওয়া ফুয়াদ আল-ফারহানের মত, বিক্ষোভ সৌদি সংস্কৃতির অংশ নয়। অধিকাংশ মানুষ কখনো বিক্ষোভ দেখেনি। এটাই বাধা। তারা রাজপথে নামবে কি না—সেটাই বড় প্রশ্ন। তরুণ গণতান্ত্রিক অধিকারকর্মীদের অনেকেই বলছে, তারা হতাশ ও ক্ষুব্ধ হলেও মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর মতো রাজপথে রক্তক্ষয়ী বিক্ষোভ চায় না। তারা চায় ইতিবাচক সংলাপ। কাজেই গণতান্ত্রিক অধিকারের জন্য জোরালো দাবি থাকলেও বেশির ভাগ সৌদিই হয়তো এখনো বিক্ষোভে পথে নামতে তৈরি নয়। বিবিসি অবলম্বনে তপতী বর্মন