পরিবর্তনের পথে মিয়ানমার
মিয়ানমারে কি শেষ পর্যন্ত পরিবর্তন আসছে? আন্তর্জাতিক পর্যবেক্ষক মহলে এ নিয়ে বেশ জল্পনা চলছে এখন। দক্ষিণ-পূর্ব এশিয়ার নিভৃতচারী দেশটি নিয়ে এ উৎসাহের কারণ আছে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি পার্লামেন্ট নির্বাচনে (উপনির্বাচন) অংশ নিতে সম্মত হয়েছেন। ডিসেম্বরেই দেশটিতে সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। ৫০ বছরের মধ্যে এই প্রথম কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার যাচ্ছেন। তা ছাড়া সদ্যসমাপ্ত সম্মেলনে আগামী আসিয়ান শীর্ষ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে এই একদা-একঘরে মিয়ানমারই।নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে সু চির আবার রাজনীতিতে সক্রিয় হওয়া, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর ও আসিয়ানে গুরুত্বপূর্ণ অবস্থান —এই তিন বিষয় শুধু মিয়ানমার নয়, গোটা দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্যই বড় ঘটনা।গত সপ্তাহে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) রাজনীতিতে ফেরার ঘোষণা দেয়। পার্লামেন্টের ৪৮টি আসনের উপনির্বাচনে অংশ নেবে দলটি। নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে সু চি বলেন, ‘মিয়ানমারে পরিবর্তন শুরু হয়েছে...আমরা সেই মিছিলে শামিল হয়েছি।’সু চি নির্বাচনে অংশ নিলে আন্তর্জাতিক মহলে মিয়ানমারের সেনা-সমর্থিত বেসামরিক সরকারের গ্রহণযোগ্যতা এবং বৈধতা দুই-ই বাড়বে। দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানে গুরুত্ব ফিরে পাওয়াও আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমার সরকারের গ্রহণযোগ্যতা বাড়াবে। আসিয়ান অঞ্চলে কাজ করা সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত ডেরেক টপকিন বলেছেন, মিয়ানমারকে আসিয়ানের সভাপতির পদটি দিয়ে সংস্থাটি এই বার্তাই দিচ্ছে যে দেশটি গণতান্ত্রিক সংস্কারের পথে রয়েছে।গত বছরের নভেম্বরে মিয়ানমারে ২০ বছরের মধ্যে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। বিতর্কিত নির্বাচনী বিধির বলে সু চিকে এতে অংশ নিতে অনুমতি দেওয়া হয়নি। প্রতিবাদে এনএলডি নির্বাচন বয়কট করে । পরে সেই বিতর্কিত বিধি বাতিল করা হয়। এর আগে ১৯৯০ সালে অনুষ্ঠিত নির্বাচনে সু চির নেতৃত্বে এনএলডি বিপুল ভোটে জয়ী হয়। কিন্তু সামরিক জান্তা এনএলডিকে সরকার গঠন করতে দেয়নি। সেই থেকে শান্তিতে নোবেল জয়ী সু চি কখনো কাটিয়েছেন কারাগারে, কখনো গৃহবন্দীর জীবন। গত ২২ বছরের মধ্যে ১৫ বছরই বন্দিত্বের মধ্যে কেটেছে তাঁর। সর্বশেষ গত বছরের নভেম্বরে মুক্তি পাওয়ার পর থেকে ধারণা করা হচ্ছে এবার স্থায়ীভাবেই ছাড়া পেয়েছেন তিনি।সু চি মুক্তি পেয়েই রাজনৈতিক তৎপরতা শুরু করেন। গত এক বছরে সরকার এবং সু চি উভয় পক্ষ থেকেই সম্পর্ক উন্নয়নের যথেষ্ট চেষ্টা হয়েছে। সরকারকে সহযোগিতা করার আন্তরিকতা দেখিয়েছেন সু চি। জাতীয় স্বার্থে মিয়ানমারের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য তিনি বার বার আহ্বান জানিয়েছেন। সরকারও নমনীয়তা দেখিয়েছে। বেশ কিছু রাজনৈতিক নেতাকে মুক্তি দিয়েছে। সংশোধন করেছে নির্বাচনী আইন। সংবাদপত্রের ওপর কড়াকড়ি শিথিল করেছে।মিয়ানমার আসলে সত্যিই অনেকখানি বদলে গেছে। নতুন রাজধানী নেপিডো ও ইয়াংগুনের রাস্তায় এখন অবাধে বিক্রি হয় সু চির পোস্টার। সদ্য কারামুক্ত রাজবন্দীরা কোনো রকম সেন্সর ছাড়াই লিখছেন সরকারবিরোধী পত্রিকায়। সু চি বিনা বাধায় দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটছেন। সভা-সমাবেশ করছেন। কথা বলছেন, বিদেশি কূটনীতিকদের সঙ্গে। কয়েক মাস আগেও এ দৃশ্য কল্পনা করা যেত না। এই কিছুদিন আগেও দেশটির সরকারি প্রচারমাধ্যম মিয়ানমার সরকারের দমন-পীড়ন নিয়ে বিবিসিসহ পশ্চিমী সংবাদমাধ্যমের প্রতিবেদনের কড়া সমালোচনা করত। এখন আর তা দেখা যাচ্ছে না।গণতান্ত্রিক আন্দোলনের সাবেক এক ছাত্র নেতা বলেন, বিপ্লবের জন্য হাজারো মানুষ সেনাবাহিনীর গুলির সামনে দাঁড়াতে প্রস্তুত। কিন্তু বাস্তব অর্থেই এখন আর সেই পরিস্থিতি নেই। প্রয়োজন নেই রক্তপাতের। গণতন্ত্রপন্থী কর্মীরা এখন আস্থা রাখতে পারছেন সংস্কারপন্থী প্রেসিডেন্ট থেইন সেইনের ওপর।তবে দীর্ঘদিন এক ধরনের স্বেচ্ছা-আরোপিত লৌহ যবনিকার আড়ালে থাকা মিয়ানমারে সংস্কারের পথে রয়েছে বিস্তর বাধা। ক্ষমতার পেছনেও রয়েছে ক্ষমতা। যারা নিয়ন্ত্রণ করে থাকেন দেশটির অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য। বিশেষ করে কাঠ, মণি-মুক্তা ও গ্যাস খাতের একচেটিয়া মুনাফা তাঁদের পকেটেই যায়। পর্যবেক্ষক মহলের মতে, এরা সংস্কারের পথে বড় অন্তরায়।এ ছাড়া নতুন অস্থিতিশীলতাও সংস্কার-প্রক্রিয়াকে বিঘ্নিত করতে পারে। এই গত সপ্তাহেও মান্দালয়ে বৌদ্ধ ভিক্ষুরা সরকারবিরোধী বিক্ষোভ দেখিয়েছেন। এ ধরনের কর্মকাণ্ডের উদ্দেশ্য মহৎ হলেও তা সু চি ও দেশটির সংস্কারপন্থী প্রেসিডেন্টের মধ্যে গড়ে ওঠা আস্থা ও সমঝোতায় ফাটল ধরাতে পারে। সরকারের অভ্যন্তরে সংস্কার-বিরোধী কট্টরপন্থীদের হাতকেই শক্তিশালী করবে তা।মিয়ানমারের এসব পরিবর্তন গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের ধারণা, মিয়ানমারের রাজনৈতিক সংস্কার-প্রক্রিয়ার অগ্রগতি এবং তার প্রতি দেশটির নতুন সরকারের দায়বদ্ধতা আসলেই কতটা তা খতিয়ে দেখতে চায় ওয়াশিংটন। সু চির নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তের পরপরই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর সঙ্গে টেলিফোনে কথা বলেন। সু চি ওবামাকে জানান, মিয়ানমারের গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাঁরা যুক্তরাষ্ট্রের সহায়তা গ্রহণে প্রস্তুত। এরপরই হিলারির মিয়ানমার সফরের ঘোষণা আসে।বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক স্বার্থেই মিয়ানমারে গণতান্ত্রিক সংস্কার চায়। উদীয়মান অর্থনীতির এই অঞ্চলটিতে কৌশলগত কারণেই নিজের আধিপত্য বিস্তার এবং চীনের প্রভাব কমিয়ে আনতে চায় যুক্তরাষ্ট্র। এ ছাড়া সার্বিকভাবেই যুক্তরাষ্ট্র সাম্প্রতিককালে তার পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন এনেছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও দক্ষিণ-পূর্ব এশিয়া নিয়ে তাদের রয়েছে নতুন নীতি-কৌশল। যুক্তরাষ্ট্র এখন কোনো অঞ্চলে শুধু অর্থনৈতিক সহায়তা কিংবা শান্তি ও স্থিতিশীলতার দিকটিকেই প্রাধান্য দেয় না, নিরাপত্তাও আজ তাদের বড় বিবেচনার বিষয়। এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে চীন যে ক্রম সম্প্রসারণশীল রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক প্রভাব বলয় গড়ে উঠছে তা ভাবিয়ে তুলেছে ওবামা প্রশাসনকে। মিয়ানমারের সঙ্গে রয়েছে চীনের দীর্ঘদিনের ঐতিহ্যিক সম্পর্ক। দেশটি দীর্ঘ দিন ধরে পশ্চিমা দুনিয়া থেকে বিচ্ছিন্ন এবং মার্কিন অবরোধের আওতায় থাকায় এর পুরো অর্থনীতিই এখন চীনের ওপর নির্ভরশীল। এ ছাড়া মিয়ানমার চীনা অস্ত্রেরও বড় বাজার। দেশটির অবকাঠামো, জ্বালানি, বিদ্যুৎ, খনিজ ও গ্যাস খাতে চীনের রয়েছে বিপুল বিনিয়োগ। মিয়ানমারের বৈদেশিক বিনিয়োগের ৯০ ভাগই আসে চীন থেকে। সাম্প্রতিক বছরগুলোতে ভারতও পূর্বমুখী নীতি নিয়ে দেশটির সঙ্গে সম্পর্কের ব্যাপক উন্নয়ন করেছে। ভারতের সঙ্গেও রয়েছে মিয়ানমারের গ্যাস খাতে চুক্তি ও বিনিয়োগ। বিনিয়োগে আগ্রহী জাপানও। মিয়ানমারের সঙ্গে চীন ও ভারত উভয়ের রয়েছে দীর্ঘ সীমান্ত। ভৌগোলিক এই অবস্থানগত কারণেও দেশটি ওবামা প্রশাসনের মনোযোগের অন্যতম কারণ। গণতন্ত্রহীনতার কারণে মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকলেও ভূ-রাজনৈতিক স্বার্থে যুক্তরাষ্ট্র কখনই দেশটির নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠেনি। আবার হুট করেই যুক্তরাষ্ট্র ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার কিংবা শিথিল করবে এমনটিও মনে করেন না অভিজ্ঞ মহল। কারণ তার জন্য কংগ্রেসে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন। আর কংগ্রেসের সাড়া নির্ভর করবে মিয়ানমার ভবিষ্যতে কী কী ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে তার ওপর। মানবাধিকার পরিস্থিতি, গণতান্ত্রিক সংস্কার, অবশিষ্ট রাজবন্দীদের মুক্তি, কারেন, শানসহ সংখ্যালঘু বিভিন্ন জাতিসত্তার জনগোষ্ঠীর সঙ্গে সশস্ত্র সংঘাত নিরসন ইত্যাদির ওপর চোখ রাখবে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহল।চীনের সঙ্গে শক্তির খেলায় যুক্তরাষ্ট্রের জন্য মিয়ানমারের গুরুত্ব অপরিসীম। তবে এই মনোযোগের সফলতা নিয়ে বিশ্লেষক ও কূটনীতিক মহলে সংশয় রয়েছে। হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মনে করেন, অপর পক্ষটি (মিয়ানমার) আন্তরিক হলে এ থেকে অবশ্যই সাফল্য অর্জন সম্ভব। অর্থাৎ শুধু যুক্তরাষ্ট্র হাত বাড়িয়ে দিলেই হবে না, তা ধরার জন্য মিয়ানমারের নেতাদের আন্তরিকতা কতটা সেটাও দেখতে হবে। তারপরও সবকিছু মিলিয়ে মিয়ানমারের চলমান সংস্কার-প্রক্রিয়া এই ধারণাই দেয় যে অর্ধ শতাব্দীর অন্ধকার পেরিয়ে আলোর পথে আসছে দেশটি। মিয়ানমারে হয়তো ‘আরব বসন্তের’ মতো কোনো বিপ্লব ঘটছে না। কিন্তু গত সাত মাস ধরে শাসক গোষ্ঠীর নেওয়া ছোট ছোট পদক্ষেপ বাইরের দুনিয়ায় দেশটি সম্পর্কে একটি ইতিবাচক ধারণার জম্ম দিয়েছে। বিশেষ করে পাশ্চাত্য যা চায় দেশটিতে সে রকম কিছু হয়তো রাতারাতি ঘটবে না। তবে আশার কথা যে, যা ঘটছে তা ইতিবাচক। খুব ধীর গতিতে হলেও সঠিক পথেই এগোচ্ছে দেশটি।