বরাবরই তিনি ছিলেন আওয়ামী ঘরানার মানুষ। তিন মেয়াদে টানা ১৭ বছর ওয়ার্ড কাউন্সিলর এবং ২০ মাস ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালনের আত্মবিশ্বাস থেকে মোহাম্মদ মন্জুর আলম প্রস্তুতি নিয়েছিলেন সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হওয়ার। গত সংসদ নির্বাচনের সময় ডবলমুরিং-বন্দর থানা এলাকার চট্টগ্রাম-৮ আসনটি ভাগ হয়ে চট্টগ্রাম-৯ ও চট্টগ্রাম-১০ নামে দুটি আলাদা নির্বাচনী এলাকায় পরিণত হয়।মন্জুর আলম ভেবেছিলেন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি নিজ বাড়ির এলাকা চট্টগ্রাম-৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু চট্টগ্রামের প্রভাবশালী আওয়ামী লীগের নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরোধিতার কারণে দলে তাঁর জায়গা হয়নি। এরপর দ্রুত তিনি ছোটেন বিএনপির দিকে। কিন্তু ততক্ষণে আসন দুটিতে বিএনপির দুই প্রভাবশালী নেতা আবদুল্লাহ আল নোমান ও আমীর খসরুর প্রার্থিতা নিশ্চিত হয়ে যায়। ফলে সংসদ নির্বাচনে নির্দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং পরাজিত হন।এই ছিল চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলমের রাজনীতির অভিজ্ঞতা। এ অভিজ্ঞতা পুঁজি করে তিনি গত বছরের ১৭ জুন অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগে তিনি বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে দলীয় সমর্থন নেন। আনুষ্ঠানিকভাবে তিনি দলের সাধারণ সদস্যপদ লাভের ফরমও পূরণ করেন খালেদা জিয়ার উপস্থিতিতে। ফলে একজন আজন্ম আওয়ামী লীগ ঘরানার মানুষ রাতারাতি দলিলপত্রে হয়ে গেছেন বিএনপির কর্মী।নির্বাচনে তিনবারের নির্বাচিত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে ৯৬ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে মন্জুর প্রথম চমক দেখান। নগরবাসী মনে করেছিল, তিনি আরও নতুন নতুন চমক দেখাবেন।কিন্তু আদৌ কি মন্জুর নতুন চমক দেখাতে পারবেন—নির্বাচনের এক বছর পর সেটিই এখন আলোচিত হচ্ছে নাগরিক সমাজে। মন্জুরের নির্বাচনী ইশতেহারে পরিবর্তনের কথা ছিল। একটি উন্নত চট্টগ্রাম গড়ার জন্য এ পরিবর্তন বলা হলেও এখন উন্নয়ন কর্মকাণ্ড চলছে ধীর লয়ে, যা নগরবাসীর চোখে তেমন পড়ছে না। এর সুফলও পাওয়া যাচ্ছে না তাৎক্ষণিকভাবে। কিছু উদ্যোগ নেওয়া হলেও নগরের জলাবদ্ধতা দূর করা, যানজট নিরসন, ময়লা-আবর্জনা দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়ার মতো কাজের উন্নতির তেমন লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে পরিবর্তনের যে আশা নিয়ে ভোটাররা মহিউদ্দিনকে বাদ দিয়ে মন্জুরকে নির্বাচিত করেছিলেন, সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না বলে অনেকেই মনে করেন। মন্জুরের প্রথম এক বছরের দায়িত্ব পালনকে নগরবাসী এভাবেই দেখছেন। বিভিন্ন স্তরের নাগরিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৬০ বর্গমাইল আয়তনের সিটি করপোরেশনের নাগরিক সুবিধা বাড়ানোর যে সুযোগ আছে, তা মন্জুর পুরোপুরি কাজে লাগাতে পারছেন না। বিশেষ করে গত মার্চে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের দুটি ম্যাচ এবং একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনকে কেন্দ্র করে তাঁর প্রতিপক্ষ রাজনৈতিক দলের সরকার যেভাবে সহযোগিতা দিতে এগিয়ে আসে তার পুরোটা কাজে লাগানো সম্ভব হয়নি বলে অনেকেই মনে করেন। সংশ্লিষ্ট লোকজনের ধারণা, বিশ্বকাপের বাজেটের অতিরিক্ত কিছু বরাদ্দ এনে আরও অনেক উন্নয়নকাজ করা যেত। আগের মেয়রের মতো নতুন মেয়রের সেই চমক না থাকায় তা সম্ভব হয়নি। এ ছাড়া বিশ্বকাপ উপলক্ষে চট্টগ্রামকে সারা বিশ্বের সামনে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপনের সুযোগ ছিল। উদ্যোগ না থাকায় সেই সুযোগও হাতছাড়া হয়ে গেছে বলে অনেককে বলতে শোনা যায়। তবে সর্বস্তরের মানুষের ধারণা, মন্জুর সজ্জন, ভদ্রলোক মানুষ, তিনি কঠিন হতে পারেন না। আবার অনেকে বলেন, সিটি করপোরেশনের লোকজন গালমন্দ শুনে কাজ করতে যেভাবে অভ্যস্ত হয়ে উঠেছিলেন, মন্জুর তা পারছেন না। এ কারণে উন্নয়নকাজে গতি আসছে না। মনজুরের ঘনিষ্ঠ লোকজনের দাবি, দীর্ঘদিন ধরে সিটি করপোরেশনের অভ্যন্তরে দুর্নীতি-স্বজনপ্রীতি ও আত্মীয়করণের যে জটাজাল তৈরি হয়েছে, তা ছিন্ন করতে এক বছর নয়, পাঁচ বছরেও সম্ভব হবে কি না তা নিয়ে সংশয় আছে।