চোখে-মুখে তাঁর অন্য রকম স্বতঃস্ফূর্ততা। সেখানে কোনো হতাশার ছাপ নেই। বরং নিজেকে মানিয়ে নেওয়ার, জীবনযুদ্ধে জয়ী হওয়ার তীব্র আকাঙ্ক্ষাই যেন ফুটে ওঠে। বলছিলাম চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) শিক্ষার্থী লোন বুইয়ের কথা। ভিয়েতনামের মেয়ে লোন। তৃতীয় বর্ষে পড়ছেন এশিয়ান স্টাডিজ বিষয় নিয়ে। লোনের সঙ্গে কথা বলে বোঝা যায়, জীবন ও সমাজ বাস্তবতা সম্পর্কে তিনি বেশ সচেতন। আর এসব কিছুর মধ্য দিয়েই লক্ষ্যে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছেন। নিজেকে গড়ে তুলছেন সম্ভাবনাময় আগামীর জন্য। সে প্রমাণও রেখেছেন ইতিমধ্যে। লোন ২০১১-১২ সালের জন্য এইউডব্লিউর শেরি ব্লেয়ার ফেলোশিপ পেয়েছেন।২০১০ সাল থেকে বিশ্ববিদ্যালয়ে এ ফেলোশিপ চালু করা হয়। উচ্চশিক্ষার জন্য এখানে আসার কারণ সম্পর্কে লোন বললেন, ‘ভিয়েতনামে সরকারি পর্যায়ে মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নেই বলেই চলে। বেসরকারি বহু প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কিন্তু সেখানে পড়াশোনা করা খুব ব্যয়বহুল।’ এত অর্থ ব্যয় করে পড়াশোনা চালিয়ে যাওয়াও সম্ভব ছিল না তাঁর পরিবারের পক্ষে। তাই যখনই খোঁজ মিলল এইউডব্লিউর, তখনই সেখানে পড়ার সুযোগ কাজে লাগান লোন। পরীক্ষায় টিকে চলে আসেন এখানে। লোন পড়ছেন শত ভাগ বৃত্তি নিয়ে।লোন বেড়ে উঠেছেন ভিয়েতনামে একটি নিম্নবিত্ত পরিবারে। বাবা ব্যাক বুই গাড়িচালক। মা গুয়েট গৃহিণী। দুই বোনের মধ্যে মেজো লোন। তাঁর বাবার ইচ্ছে, মেয়েটি যেন শত প্রতিকূলতা জয় করে পড়াশোনা চালিয়ে যেতে পারে। নিজের পায়ে দাঁড়ানোর সক্ষমতা লাভ করে।লোন প্রথমবারের মতো এ দেশে আসেন। বিশ্ববিদ্যালয়ে পা রাখার পর কিছুদিন বেশ মন খারাপ হয়ে যায়। পরে অবশ্য বাংলাদেশি ও অন্যান্য দেশের বন্ধুদের সাহচর্যে খুব সহজেই নিজেকে মানিয়ে নিতে পেরেছেন।পড়াশোনা শেষ করে গণযোগাযোগ বিষয় নিয়ে কাজ করতে চান। স্বপ্ন দেখেন গণমাধ্যমে কাজ করতে। তিনি একজন বিজ্ঞানচিত্রনির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখেন।। কারণ, তাঁর মতে বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে সহজে উদ্বুদ্ধ ও আকৃষ্ট করা যায়। তাই এ মাধ্যমটিকে কাজে লাগিয়ে লোন তাঁর দেশ ও সমাজের মানুষের মনের দরজা খুলে দিতে চান, যাতে সেখানে পরিবর্তনের সুবাতাস বইতে পারে।