পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নে সরকার আন্তরিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাকিয়া আখতার
জাকিয়া আখতার
দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রমের ভূমিকা অপরিসীম। গত তিন দশকে পরিবার পরিকল্পনা কর্মসূচি ব্যাপক সাফল্য লাভ করেছে। কিন্তু এখন পরিবার পরিকল্পনা কার্যক্রমে সাফল্য দেখা যাচ্ছে না। দেশে মোট প্রজনন হার পাঁচ বছর ধরে এক জায়গায় স্থির হয়ে আছে। এ ব্যাপারে প্রথম আলো কথা বলেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের উপপরিচালক জাকিয়া আখতারের সঙ্গে

প্রথম আলো: জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি-বেসরকারি অনেক কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত তিন দশকে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রম বেশ সাফল্য লাভ করেছে। তা সত্ত্বেও দেশে আবার জনসংখ্যা বাড়ছে। এর পেছনে মূল কারণগুলো কী?

জাকিয়া আখতার: জনসংখ্যা বাড়ার পেছনে অনেক কারণ আছে। পরিবার পরিকল্পনা গ্রহণ না করার কারণে জনসংখ্যা বাড়ছে, বিষয়টা এমন নয়। এর পেছনে রয়েছে আর্থ–সামাজিক নানা সূচকের প্রভাব। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার ৬৫ শতাংশের বয়স ১৫-৪৫ এর মধ্যে; এই বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হিসেবে দেশের উন্নয়নের কাজে লাগাতে পারব যদি আমরা সঠিক পরিকল্পনামাফিক এগোতে পারি। উল্লেখ্য, আমাদের মোট জনগোষ্ঠীর ২৩ শতাংশের বয়স ১৪-১৯ বছর। জনসংখ্যা বিশেষজ্ঞদের মতে, পপুলেশন মোমেন্টাম ইফেক্ট হিসেবে এই তরুণ জনগোষ্ঠী ক্রমান্বয়ে প্রজনন বয়সে প্রবেশ করবে এবং জনসংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখবে ২০৩১ সাল পর্যন্ত। জনসংখ্যা প্রক্ষেপণ অনুযায়ী ২০৫০ সালে বাংলাদেশের জনসংখ্যা স্থিতাবস্থায় পৌঁছাবে। তখন দেশের মোট জনসংখ্যা হবে প্রায় ২৩ কোটি।

প্রথম আলো: পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নে প্রধান বাধা কোনটি?

জাকিয়া আখতার: বর্তমান অবস্থায় পরিবার পরিকল্পনা কর্মসূচির প্রধান বাধা হচ্ছে সেবাগ্রহীতা ও সেবা প্রদানকারীদের পরিবার পরিকল্পনা বিষয়ে ভুল ধারণা। উভয় পক্ষই পরিবার পরিকল্পনা বলতে ধারণা করে শুধু জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ, যা মোটেই ঠিক নয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তর সেবা প্রদান করে লাইফ সাইকেল অ্যাপ্রোচে যেখানে সেবা প্রদান শুরু হয় কিশোর বয়স থেকে এবং অব্যাহত থাকে পুরো প্রজননকাল পর্যন্ত। বিশেষত মহিলাদের ১৫-৪৯ বয়সকালীন সব প্রজনন সেবা দিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তর প্রস্তুত।

প্রথম আলো: পরিবার পরিকল্পনা কার্যক্রমকে বেগবান করতে সরকারের কী ধরনের উদ্যোগ নেওয়া উচিত? নিয়ন্ত্রণে বর্তমানে যেসব কর্মসূচি পরিচালিত হচ্ছে তা কি সন্তোষজনক বলে আপনি মনে করেন?

জাকিয়া আখতার: পরিবার পরিকল্পনা কর্মসূচিকে বেগবান করার জন্য বর্তমান সরকার খুবই আন্তরিক এবং সচেষ্ট। স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি কার্যক্রমের আওতায় বর্তমান সরকার ২০১১-২০১৬ মেয়াদে অনেক কার্যক্রম হাতে নিয়েছে। গত কয়েক বছরে মাঠ পর্যায়ে সেবা প্রদানকারীসহ কয়েকটি শূন্য পদে নিয়োগ হয়েছে। সামগ্রিকভাবে বলা যায়, পরিবার পরিকল্পনা কর্মসূচি বেশ ভালোভাবেই এগিয়ে চলছে, যার প্রতিফলন আমরা দেখতে পাই বিডিএইচএস ২০১৪ প্রতিবেদনে, যেখানে দেখানো হয়েছে যে খুলনা ও রাজশাহী বিভাগে প্রজনন হার ২ শতাংশের নিচে নেমে এসেছে। সিলেট ও চট্টগ্রাম বিভাগেও প্রজনন হার কমতে শুরু করেছে।

প্রথম আলো: জন্মনিয়ন্ত্রণ সামগ্রী অনেক প্রত্যন্ত অঞ্চলে না পৌঁছানোয় সেসব অঞ্চলে জন্মহার বেশি। প্রত্যন্ত অঞ্চলে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সহজে পৌঁছানোর জন্য কী কী উদ্যোগ নিতে হবে?

জাকিয়া আখতার: পরিবার পরিকল্পনা অধিদপ্তর অত্যাধুনিক সরবরাহ ব্যবস্থাপনার মাধ্যমে সারা দেশে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ করে আসছে। বিগত বছরগুলোতে সরবরাহ ঘাটতির নজির নেই। প্রত্যন্ত অঞ্চলসহ সারা দেশে নিরবচ্ছিন্নভাবে সরবরাহ কার্যক্রম চলমান রয়েছে এরপরও এসব অঞ্চলের অনেক দম্পতি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করছেন না। এর পেছনে তাদের অজ্ঞানতা ও নানা কুসংস্কার দায়ী।

সাক্ষাৎকার নিয়েছেন রোকেয়া রহমান