বাবুছড়া ইউনিয়নে ব্যাহত স্বাস্থ্যসেবা
পরিবার পরিকল্পনা কল্যাণকেন্দ্রে পুলিশ ফাঁড়ি, জীর্ণ উপস্বাস্থ্যকেন্দ্র
দরজা-জানালা ভাঙাচোরা। চারদিকে নোংরা পরিবেশ। খসে পড়ছে দেয়ালের পলেস্তারা। তার ওপর রয়েছে চিকিৎসক-সংকট। এই অবস্থায় চলছে খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসাসেবা। এ ছাড়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা কল্যাণকেেন্দ্র ১৫ বছর ধরে রয়েছে পুলিশ ফাঁড়ি। ফলে, নামমাত্র চলছে পরিবার পরিকল্পনার কার্যক্রম।
৮ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় উপস্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায়, অসীম বিকাশ চাকমা নামে একজন মাত্র স্বাস্থ্য সহকারী দায়িত্ব পালন করছেন। তিনি ২১ জন রোগীকে চিকিৎসা দিয়েছেন। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসা কর্মকর্তা ও একজন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা নিয়োগ দিলেও কেউ এখানে দায়িত্ব পালন করেন না। দুজনেই স্বাস্থ্য কমপ্লেক্সে সংযুক্ত। একজন ফার্মাসিস্ট পদায়ন থাকলেও তিনি ৮ সেপ্টেম্বর আসেননি।
অসীম বিকাশ চাকমা জানান, বৃষ্টি হলে এ ঘরে আর বসা যায় না, পানি পড়ে। শৌচাগারের অবস্থা খুবই খারাপ। সরকারি ওষুধ রাখতে ভয় হয়। ২০০৩ সালে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়ার পর কর্মচারীদের থাকার ঘরটিও আর মেরামত করা হয়নি।
বাবুছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান বলেন, ‘শুনেছি, এখানে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু কোনো দিন আসতে দেখিনি।’
অপর দিকে, পরিবার পরিকল্পনা কল্যাণকেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৯৯ সালের ১৬ অক্টোবর বাবুছড়ায় পাহাড়ি-বাঙালি সংঘর্ষ হওয়ার পর বাবুছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণকেন্দ্রে অস্থায়ী পুলিশ ফাঁড়িটি বসানো হয়। পরে ক্যাম্পটি স্থায়ী পুলিশ ফাঁড়ি হিসেবে কার্যক্রম শুরু করে। এর পর থেকেই পরিবার পরিকল্পনার স্বাস্থ্যসেবা চলছে খুঁড়িয়ে। বর্তমানে স্বাস্থ্যসেবার কার্যক্রম চলছে সপ্তাহে দুদিন—রবি ও বৃহস্পতিবার।
বাবুছড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত পরিবারকল্যাণ পরিদর্শিকা পম্পি চাকমা বলেন, ‘বাবুছড়ায় গিয়ে বসার স্থানও নেই। উপস্বাস্থ্যকেন্দ্রের একটি কক্ষে কার্যক্রম চালাই। সেটিরও দরজা-জানালা নেই। আমরা নিজেরাই বসতে পারি না, রোগীরা বসবে কোথায়।’
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, বাবুছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণকেন্দ্রে স্থায়ীভাবে একজন পরিদর্শক, একজন পরিবারকল্যাণ পরিদর্শিকা, তিনজন পরিবারকল্যাণ সহকারী এবং আয়া ও নৈশপ্রহরীর পদ থাকলেও ভবনটিতে পুলিশ ফাঁড়ি থাকায় স্থায়ীভাবে সেখানে লোকবল নিয়োগ দেওয়া যাচ্ছে না। বাবুছড়া ইউনিয়নের জন্য বরাদ্দ করা ওষুধপথ্য উপজেলা কার্যালয়ে রাখতে হচ্ছে। এখান থেকে নিয়ে কার্যক্রম চালানো হচ্ছে।
বাবুছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুগত প্রিয় চাকমা বলেন, ‘ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণকেন্দ্রটিতে পুলিশ ফাঁড়ির কার্যক্রম থাকায় বাবুছড়া ইউনিয়নের লোকজন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ ব্যাপারে আমি কর্তৃপক্ষের কাছে চিঠিও দিয়েছি। কিন্তু এখনো কোনো কাজ হয়নি। তা ছাড়া উপস্বাস্থ্যকেন্দ্রেও চিকিৎসক নেই। চিকিৎসাসেবার জন্য ১২ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয় বেশির ভাগ রোগীকে।’
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ান ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণকেন্দ্রে পুলিশ ফাঁড়ি থাকার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, ১৯৯৯ সালে আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে স্বাস্থ্যকেন্দ্রের ভবনে ফাঁড়ির কার্যক্রম শুরু হয়। তবে পুলিশ ফাঁড়ির জন্য জায়গা অধিগ্রহণ করা হয়েছে।