পরিবার পরিকল্পনায় অংশগ্রহণ: বাংলাদেশে নারীরা এগিয়েছেন
উন্নয়নশীল দেশগুলোর প্রায় ২২ কোটি ২০ লাখ (২২২ মিলিয়ন) নারী এখনো কয়টি সন্তান নেবেন, সেই সিদ্ধান্ত নিজে নিতে পারেন না। প্রথম সন্তানের জন্মের পর কত দিন বিরতি দেবেন, তা নির্ধারণের ক্ষমতাও নেই তাঁদের। অনেকে জন্মবিরতির কোনো মাধ্যমই গ্রহণ করতে পারেন না।
এদিক থেকে বাংলাদেশের পরিস্থিতি কিছুটা ভালো। গত বছরের নভেম্বরে প্রকাশিত জাতিসংঘ জনসংখ্যা তহবিলের বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি ২০১২ প্রতিবেদন ‘বাই চয়েস, নট বাই চান্স-ফ্যামিলি প্ল্যানিং, হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট’ বাংলাদেশের কিছু অগ্রগতির তথ্য দিয়েছে।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের এই প্রতিবেদনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মাতৃমৃত্যু, শিশুমৃত্যু, পরিবার পরিকল্পনার অপূর্ণ চাহিদা, মোট প্রজনন হারসহ বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, সত্তরের দশকে বাংলাদেশের প্রত্যেক নারী গড়ে ছয়টি সন্তানের মা হতেন। ১৯৯০ সালে এই সংখ্যা গড়ে তিনজনে (পরে গড় সন্তানসংখ্যা আরও কমে এসেছে) আসে। নারীদের পড়ালেখা ও চাকরি-বাকরির সুযোগ, বিশেষ করে তৈরি পোশাকশিল্পে অংশগ্রহণের হার বাড়ার ফলে সন্তান গ্রহণের সংখ্যাও কমে আসে।
প্রতিবেদনে মতলবের স্বাস্থ্যকর্মীদের ওপর সমীক্ষা চালানো হয়। বলা হয়, প্রজনন হার কমায় এই নারীরা তাঁদের পরিবারের অন্য সদস্যদের সেবা করতে পারছেন। পরিবার পরিকল্পনা সেবা গ্রহণের কারণে নারীদের স্বাস্থ্যের সার্বিক উন্নয়নের পাশাপাশি তাঁদের শারীরিক ওজন বৃদ্ধি পেয়েছে এবং মৃত্যুর হার কমেছে ১৭ শতাংশ।
প্রতিবেদনে বাংলাদেশ ও সেনেগালের প্রসঙ্গে বলা হয়েছে, এই দেশগুলোতে নারীরা সঠিক মানের সেবা পাওয়ার কারণে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করছেন।
বাংলাদেশ আরও এগোতে পারে: বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ ২০১১ এবং অন্যান্য প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সন্তানসংখ্যা সীমিত বা দেরিতে সন্তান নিতে চান, কিন্তু সেবা-সুবিধার অভাবে এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন ১২ শতাংশ। ১৮ বছর পূর্ণ হওয়ার আগে ৬৬ শতাংশ কিশোরীরই বিয়ে হয়ে যাচ্ছে। ১৯ বছরের মধ্যে প্রতি তিনজনের একজন কিশোরী গর্ভধারণ করছেন বা মা হচ্ছেন। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসা দরকার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশ সায়েন্সেস বিভাগের সাবেক অধ্যাপক এ কে এম নূর-উন নবী প্রথম আলোকে বলেন, বাল্যবিয়ে কেন কমানো যাচ্ছে না, অপূর্ণ চাহিদার হার এখনো কেন এত বেশি, পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারে শহর, গ্রাম বা বিভিন্ন অঞ্চলভিত্তিক পার্থক্য এত প্রকট কেন—এ বিষয়গুলো খতিয়ে দেখে পদক্ষেপ নিতে হবে।