পরিবার পরিকল্পনার প্রচার কম

রাজধানীর মালিবাগ বস্তির নার্গিস বেগম (৪০) ভোর ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট আটটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করেন। এতগুলো বাড়িতে তাঁকে কাজ করতে হচ্ছে কারণ সংসারে অনেকগুলো খাবারের মুখ। মোট সাতটি সন্তান নার্গিস বেগমের। স্বামী পেশায় রিকশাচালক। তাঁর একার রোজগারে এতগুলো মানুষের আহার জোটানো সম্ভব হয় না। তাই নার্গিসকেও কাজে নেমে পড়তে হয়েছে। যত কাজ তত আয়। নার্গিস বেগম বলেন, ‘ভোর থেইক্যা রাত পইরযন্ত কাম করি। বড় মাইয়্যাডার ওপর সংসার ফালাইয়্যা কামে চইল্যা যাই। না যাই কী করুম। সংসারে এত খরচ। ছোডো মাইয়্যাডার বয়স তিন বচ্ছর। বাইরে কাম করি, তাই ঠিকমতো তার যত্নও লইতে পারি না। ভাই-বোনেগো কোলে কোলে বড় হইতাছে।’ এত বাচ্চা নিলেন কেন? পরিবার পরিকল্পনা করেন নাই? এই প্রশ্নের জবাবে নার্গিস বেগম বলেন, ‘পরিবার পরিকল্পনার কথা মানুষের মুখে হুনছি। কিন্তু কেউ কোনো দিন আমার কাছে আসে নাই। কেমনে কীভাবে হয় হেডাই জানি না। স্বামীও কোনো দিন কিছু কয় নাই।’ শুধু নার্গিস বেগম নয়, দেশের বহু নারী পরিবার পরিকল্পনা সম্পর্কে প্রয়োজনীয় তথ্যের অভাবে বহু সন্তানের মা হচ্ছেন। প্রয়োজনীয় তথ্য ও সেবা না পাওয়ায় জন্মনিয়ন্ত্রণের পদ্ধতি গ্রহণে দেখা দিয়েছে অনীহা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক বিল্লাল হোসেন বলেন, শহরের বস্তিবাসী এবং দুর্গম ও প্রত্যন্ত এলাকায় পরিবার পরিকল্পনার তথ্য ও জন্মনিয়ন্ত্রণ-সামগ্রী না পৌঁছানোয় বাড়ছে জনসংখ্যা। তিনি আরও বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের পর জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে, কিন্তু তা সন্তোষজনক নয়। আমাদের দেশে চট্টগ্রাম ও সিলেট বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। এর পেছনে অবশ্য আরও কারণ রয়েছে যেমন: বাল্যবিবাহ, দারিদ্র্য ও অশিক্ষা।
রাজধানীর কড়াইল বস্তিতে ঘুরে দেখা যায়, সেখানে বেশির ভাগ পরিবারে সন্তান ছয় থেকে আটজন। বস্তির এক বাসিন্দা রহিমা খাতুনের সন্তান চারজন। এত সন্তান নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘বুড়া বয়সে পোলাপাইনেরাই তো খাওয়াইব।’ তিনি আরও বলেন, তাঁর রিকশাচালক স্বামী ঘরে যাতে মন বসে সে জন্য বেশি বেশি সন্তান নেওয়ার কথা বলেন।
তবে একই বস্তির রাবেয়া বেগমের মাত্র একটি সন্তান। তিনি জানান, ভবিষ্যতে তাঁর আর সন্তান নেওয়ার ইচ্ছা নেই। এই একটি সন্তানকেই তিনি মানুষের মতো মানুষ হিসেবে গড়তে চান। রাবেয়া বলেন, ‘আগে আমরা মধুবাগ বস্তিতে থাকতাম। সেখানে স্বাস্থ্যকর্মীরা আইস্যা আমগোরে পরিবার পরিকল্পনা ও জন্মনিয়ন্ত্রণ লইয়া নানা কথা বলেন। হেগোর কাছ থেইক্যা জানছি বেশি বাইচ্চা নেওন ভালো না।’
পরিবার পরিকল্পনা অধিদপ্তর সূত্রে জানা যায়, পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণকারীর হার ১৯৭৫ সালের ৭ দশমিক ৭ শতাংশ থেকে ২০১০ সালে ৬১ দশমিক ৭ শতাংশে উন্নীত হয়েছে। কিন্তু বৃদ্ধির এই হার সন্তোষজনক নয়। ১৭ দশমিক ৬ শতাংশ দম্পতির মধ্যে চাহিদা থাকা সত্ত্বেও পরিবার পরিকল্পনা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এ জন্য বাজেটে বরাদ্দ বাড়াতে হবে। বরাদ্দ বাড়ালে বেশি বেশি প্রচার চালানো সম্ভব হবে।
এ ব্যাপারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক গণেশচন্দ্র সরকার প্রথম আলোকে জানান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরে যে বাজেট বরাদ্দ দেওয়া হয় তা যথেষ্ট নয়। এত কম বরাদ্দ দিয়ে যথাযথভাবে প্রচার-প্রচারণা চালানো সম্ভব নয়। ফলে জনসংখ্যা বাড়ছে। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের বাজেট বরাদ্দ বাড়ে আর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বাজেট বরাদ্দ কমে। পরিবার পরিকল্পনা খাতে বিনিয়োগ যে লাভজনক, বিষয়টি নীতিনির্ধারকদের মাথায় নেই। ২০১২-১৩ অর্থবছরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জন্য বরাদ্দ হয়েছে ২৩ কোটি টাকা। এই টাকার একটি অংশ আবার অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা হিসেবে দিতে হয়। এত কম অর্থ দিয়ে কীভাবে প্রচারণা সম্ভব। তবুও বিভিন্নভাবে প্রচারণার কাজ চলছে। পরিবার পরিকল্পনার স্থায়ী ও দীর্ঘমেয়াদি পদ্ধতি গ্রহণ বৃদ্ধি, মাতৃ ও শিশুমৃত্যু কমানো ও মোট প্রজনন হারকমানোর জন্য কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
পরিবারের সচ্ছলতা ও উন্নয়নের জন্য স্বামী-স্ত্রী আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে শারীরিক ও মানসিক প্রস্তুতি নিয়ে পরিকল্পিতভাবে পরিবার গঠনকে পরিবার পরিকল্পনা বলে। ১৯৫৩ সালের প্রথম দিকে বাংলাদেশে বেসরকারি পর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রম শুরু হয়। তারও এক যুগ পর থেকে সরকারিভাবে কার্যক্রম শুরু হয়। তবে এখনো পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে পুরুষ ও নারীর অনুপাত ১ঃ ৯।
দেশের ১৫ থেকে ২৪ বছর বয়সী জনগোষ্ঠী হচ্ছে মোট জনসংখ্যার বৃহত্তম প্রজননক্ষম অংশ। ১০ থেকে ১৯ বছর বয়সীদের সংখ্যা মোট জনসংখ্যার ২৩ শতাংশ। বাল্যবিবাহ এবং অল্পবয়সে গর্ভধারণের শিকার হচ্ছে এ বয়সীরাই। ১৮ বছর পূর্ণ হওয়ার আগে ৬৬ শতাংশ কিশোরীর বিয়ে হয়ে যাচ্ছে। ১৯ বছরের মধ্যে প্রতি তিনজনের একজন কিশোরী মা হচ্ছেন। অথচ জনসংখ্যার এই অংশটা সবচেয়ে কম তথ্য পাচ্ছে। অনেকেই জন্মনিয়ন্ত্রণ-সামগ্রী ব্যবহারের কৌশল সম্পর্কে অজ্ঞ। এ জন্য লোকবলের অভাবকে দায়ী করা হচ্ছে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর সূত্র জানায়, মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশুস্বাস্থ্য বিষয়ে সেবা দিচ্ছেন মাত্র ২১ হাজার ২১৯ জন পরিবারকল্যাণ সহকারী। এনজিও খাত ৫ শতাংশ পদ্ধতি ব্যবহারকারীর মধ্যে জন্মনিয়ন্ত্রণ-সামগ্রী সরবরাহ করছে, যা পর্যাপ্ত নয়।