পরিবার বড় ধরনের ভূমিকা রাখতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
শাহানা নাজনীন
শাহানা নাজনীন
আমাদের দেশের কিশোর-কিশোরীরা প্রজননস্বাস্থ্য ও যৌন স্বাস্থ্য সম্পর্কে খুব একটা সচেতন নয়। এ কারণে তারা নানা সমস্যার মুখে পড়ে। অজ্ঞানতার কারণে কিশোর-কিশোরীদের জীবনও হুমকির মুখে পড়ছে। এ ব্যাপারে প্রথম আলো কথা বলেছে ইনোেভশন ফর পোভার্টি অ্যাকশনের কিশোর–কিশোরীদের স্বাস্থ্যবিষয়ক পরামর্শক শাহানা নাজনীনের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন রোকেয়া রহমান

প্রথম আলো: কিশোর-কিশোরীদের প্রজননস্বাস্থ্যের পরিচর্যা কেন প্রয়োজন? 

শাহানা:শুধু কিশোর-কিশোরী নয়, সব বয়সের মানুষের জন্য প্রজননস্বাস্থ্যের পরিচর্যা প্রয়োজন। তবে কিশোর-কিশোরীদের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ। কোনো ছেলে বা মেয়ে যখন কৈশোরকালে উপনীত হয়, তখন তার শারীরিক নানা পরিবর্তন ঘটে। সুস্থ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এই সময়টায় তার যৌন ও প্রজননস্বাস্থ্যের বিশেষ পরিচর্যা প্রয়োজন। বিভিন্ন গবেষণায় প্রাপ্ত তথ্যে জানা যায়, প্রজননস্বাস্থের সমস্যার কারণে কিশোর–কিশোরীদের দীর্ঘমেয়াদী অসুস্থতা ঘটে, কর্মক্ষমতা কমে যায়। এমনকি তাদের মৃত্যুও হয়। কাজেই কিশোর-কিশোরীদের যৌন ও প্রজননস্বাস্থ্যের পরিচর্যা করা জরুরি।
প্রথম আলো: যৌন স্বাস্থ্য ও প্রজননস্বাস্থ্য এবং এর অধিকার সম্পর্কে আমাদের দেশের কিশোর-কিশোরীরা কতটা জানে?
শাহানা:আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশই হচ্ছে কিশোর-কিশোরী। বাংলাদেশের বিভিন্ন গবেষণায় দেখা যায়, এই কিশোর-কিশোরীদের একটি বিরাট অংশ প্রজনন ও যৌন স্বাস্থ্য এবং এর অধিকার সম্বন্ধে জানে না। আবার অনেকে বিষয়গুলো জানলেও সঠিকভাবে জানে না। একই চিত্র রয়েছে সমগ্র বিশ্বের কিশোর-কিশোরীদের ক্ষেত্রে। তবে মিডিয়ার কল্যাণে ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রকল্প বাস্তবায়নের কারণে কিশোর-কিশোরীরা তাদের প্রজনন ও যৌন স্বাস্থ্য এবং এর অধিকার সম্পর্কে কিছুটা হলেও জানতে পারছে। তবে এলাকাভেদে এই জানার মধ্যে তারতম্য রয়েছে।
প্রথম আলো: তথ্য না জানার ফলে কিশোর-কিশোরীরা কী ধরনের সমস্যার মধ্যে পড়ছে?
শাহানা: কৈশোরকালটা হচ্ছে এমন একটা সময়, যখন একটি ছেলে বা মেয়ে শৈশব পার হয়ে যৌবনের দিকে এগিয়ে যাচ্ছে। এই সময় শারীরিক ও মানসিক অপরিপক্বতার জন্য তাদের জীবনে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, যা সমাধানে তারা সক্ষম নয়। গবেষণায় প্রমাণিত যে অল্প বয়সীদের মধ্যে যৌন রোগের সংক্রমণের হার বেশি। অরক্ষিত যৌন মিলনের ফলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এবং অনিরাপদ গর্ভপাতও ঘটে বেশি অল্প বয়সীদের ক্ষেত্রে। অরক্ষিত যৌন মিলনের পরিণাম ও সেবা-চিকিৎসাবিষয়ক তথ্য না জানায় কিশোর-কিশোরীরা এ ধরনের সমস্যার মুখে পড়ে। এ জন্য কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যবিষয়ক তথ্য দিতে হবে।
প্রথম আলো: কিশোরী-কিশোরীরা কেন এ বিষয়ে জানতে পারে না? প্রতিবন্ধকতা কোথায়?
শাহানা: কৈশোরকালীন স্বভাবগত বৈশিষ্ট্যের কারণেই তারা লাজুক। এ জন্য তারা বয়স্ক কারও কাছে জানতে চায় না। আর বয়স্করাও বন্ধুসুলভ মনোভাব নিয়ে তাদের কাছে এগিয়ে যান না, যাতে তারা বিষয়টি জানতে পারে। প্রজনন ও যৌন স্বাস্থ্য এবং এর অধিকারবিষয়ক তথ্য থাকলেও তা কিশোর-কিশোরীদের জন্য উপযোগী বা কৈশোরবান্ধব নয়। পুরো বিষয়টির প্রতি বয়স্কদের নেতিবাচক বা বিরূপ মনোভাবও আরেকটি প্রতিবন্ধকতা।
প্রথম আলো: প্রজননস্বাস্থ্য সম্পর্কে কিশোর-কিশোরীদের সচেতন করার জন্য কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে?
শাহানা: যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে কিশোর-কিশোরীদের সচেতন করতে পরিবার বড় ধরনের ভূমিকা রাখতে পারে। মা-বাবা, বড় ভাই বা বোন এ ক্ষেত্রে মূল ভূমিকা পালন করতে পারেন। অভিভাবকসুলভ আচরণ নয়, তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করতে হবে। এগুলো যে জীবনের স্বাভাবিক ব্যাপার, তা পরিবারের কিশোর বয়সী সদস্যকে বোঝাতে হবে।
বিদ্যালয়গুলোও কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যবিষয়ক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। বর্তমানে কিছু বিষয় মাধ্যমিক শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা এই শিক্ষার ভিত্তি হিসেবে কাজ করতে পারে।