পরিবারে বয়স্ক নারীদেরও নির্যাতন সইতে হয়
রৌদ্রোজ্জ্বল সকালেও অঝোর ধারায় কেঁদে চলেছেন ৬৬ বছর বয়সী রিজিয়া বেগম (ছদ্মনাম)। মাস ছয়েক হলো তাঁর ঠিকানা হয়েছে আগারগাঁওয়ের প্রবীণ নিবাস। ফেলে আসা সোনালি অতীতের কথা ভেবে চোখের পানি ফেলছেন তিনি। ধানমন্ডিতে বাড়ি থাকার পরও স্বামীর মৃত্যুর পর ছেলেমেয়েরা জোর করে তাঁকে এখানে রেখে গেছেন। এমনকি বাড়িটিও নিজেদের নামে লিখিয়ে নিয়েছেন। তাঁদের অজুহাত, এই বয়সে রিজিয়া বেগমের দেখাশোনা করবে কে। যখন একসঙ্গে বাড়িতে ছিলেন, তখন প্রতিনিয়ত বউ-ছেলেদের মানসিক নির্যাতনের শিকার হতেন। খাওয়া থেকে শুরু করে থাকার ঘর নিয়ে শুনতে হতো কটু কথা। অসুস্থ হলে বা কোনো কিছুর প্রয়োজন হলেই সহ্য করতে হয়েছে বউদের মুখ ঝামটা, খারাপ ব্যবহার। ছেলেদের কাছে এ নিয়ে অভিযোগ করলে উল্টো তাঁকেই দোষারোপ করেছেন ছেলেরা। তাঁরাও খারাপ ব্যবহার করেছেন মায়ের সঙ্গে। বৃদ্ধ বয়সে এমন পরিণতি মন থেকে কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি।
মুন্সিগঞ্জের হালিমুন নেছা (ছদ্মনাম) স্বামীকে নিয়ে মিরপুর কালশী বস্তিতে থাকেন। ছেলেমেয়েরা বাবা-মায়ের খোঁজও রাখেন না। স্বামী অসুস্থ থাকায় তাঁকেই সংসারের দায়িত্ব নিতে হয়েছে। মিরপুর-১ থেকে শাক কিনে কালশীতে বিক্রি করেন ৬৪ বছর বয়সী হালিমুন নেছা। সময়মতো খাবার না পেলেই গালাগাল, মারধর শুরু করেন স্বামী। একবার পিটিয়ে হাত ভেঙে দিয়েছিলেন। ছেলেদের সঙ্গে থাকার সময়ে বউদের হাতে প্রায়ই মার খেতে হতো তাঁকে। আর গালাগালি, খারাপ ব্যবহার ছিল প্রতিদিনকার ঘটনা। আয় করলেও সে টাকা খরচের অধিকার নেই তাঁর। দিন শেষে সব টাকা তুলে দিতে হয় স্বামীর হাতে।
রিজিয়া বেগম বা হালিমুন নেছা নন, দেশের অনেক পরিবারেই বয়স্ক নারীরা নানা ধরনের নির্যাতন ও সহিংসতার শিকার হন। আর্থিক, মানসিক, শারীরিক নির্যাতনের পাশাপাশি অবহেলার ঘটনা ঘটে সবচেয়ে বেশি। এমনকি অনেক সময় খুনের ঘটনাও ঘটে। নিম্ন থেকে উচ্চবিত্ত—সব শ্রেণির পরিবারেই এ ঘটনা ঘটে। এঁরা স্বামী, ছেলে, ছেলের বউ, নাতি-নাতনিদের দ্বারা নির্যাতিত হন। অনেক সময় মেয়ে, মেয়ের জামাই থেকে শুরু করে ছেলেমেয়ের শ্বশুরবাড়ির আত্মীয়রাও নির্যাতন করেন।
মানসিক নির্যাতনের বিষয়টিকে এ দেশে গুরুত্ব দেওয়া না হলেও বয়স্ক নারীদের ওপর এর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আহমেদ হেলাল বলেন, ‘নারীদের স্বাভাবিকভাবেই সামাজিক ঝুঁকি বেশি, বয়স্ক নারীদের ক্ষেত্রে তা আরও বেড়ে যায়। বয়স্ক নারীদের ওপর নির্যাতন ও সহিংসতার কারণে তাঁদের মনোজগতে দুই ধরনের প্রভাব পড়ে। প্রাথমিক ক্ষেত্রে সন্তান বা নিকটাত্মীয়ের এ ধরনের আচরণ প্রতারণা হিসেবে নেয়। এটিকে বলা হয় একুইট স্টেজ। আর এ ধরনের আচরণ দীর্ঘ সময় ধরে থাকলে তাঁদের মধ্যে একধরনের ক্রনিক স্টেজ তৈরি হয়, যাতে তাঁরা বিষণ্নতায় ভোগেন, নিরাপত্তাহীনতা বোধ করেন।’
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান ‘বাংলাদেশের বয়স্কদের জন্য বয়স্ক ভাতা কর্মসূচি-একটি পর্যালোচনা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা গেছে, বাংলাদেশে পারিবারিক সুরক্ষার অভাবে বয়স্ক নারীরা বয়স্ক পুরুষের তুলনায় বেশি মানসিক চাপ ও একাকিত্বে ভোগেন। পাশাপাশি সামাজিক মূল্যবোধের কারণে নারীদের বৃদ্ধ বয়সে বৈধব্য ও তালাকের যন্ত্রণা বেশি ভোগ করতে হয়।
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের মহাপরিচালক অধ্যাপক এ এস এম আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রবীণ মানুষ সামাজিক, আর্থিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত। নারীদের ক্ষেত্রে তা আরও দুই-তিন গুণ বেড়ে যায়। কারণ, আর্থিক ক্ষেত্রে নারীদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশেও নারীদের গড় বয়স বেশি। অথচ তাঁদের নিয়ে শুধু দেশ কেন, বৈশ্বিক পর্যায়েও বিশেষ কোনো কর্মসূচি নেই। তাঁরা নারীদের জন্য গৃহীত সব কর্মসূচির বাইরেই থেকে যান।’ তিনি জানান, ‘সরকারিভাবে তাঁদের জন্য কিছু কর্মসূচি নেওয়া হলেও নারী সংগঠন এ বিষয়ে কোনো কর্মসূচিই নেই।’
এ বিষয়ে সহমত পোষণ করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। তিনি বলেন, ‘বয়স্ক নারীদের নিয়ে কয়েকটি নারী সংগঠন কাজ করলেও তা প্রয়োজনের তুলনায় কম। নারী সংগঠনগুলোকে এ বিষয়ে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০১১ সালে নারীর প্রতি সহিংসতার ওপর একটি জরিপ চালায়। এতে দেখা গেছে, দেশের বিবাহিত নারীদের ৮৭ দশমিক ১২ শতাংশ কোনো-না-কোনো সময়ে স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন। এঁদের মধ্যে ষাট থেকে ষাটোর্ধ্ব নারী ৭৮ দশমিক ১৮ শতাংশ। তবে নির্যাতিত হলেও স্বামীকে শেষ বয়সের আশ্রয় মনে করেন নারীরা। স্বামী নির্যাতন করলেও স্বামী মারা গেলে তাঁরা বেশি নির্যাতনের শিকার হন বলে জানান। বিবিএস-২০১১ জরিপের হিসাবমতে, বাংলাদেশে ষাটোর্ধ্ব নারীর সংখ্যা ৫০ লাখ ৪৫ হাজার, যার মধ্যে ৪১ লাখ ৭৩ হাজার নারী গ্রামে বাস করেন আর শহরে ৮ লাখ ৭২ হাজার।
এ বিষয়ে নারীনেত্রী সালমা খান বলেন, বাংলাদেশে নারীদের আয়ুষ্কাল বাড়ছে অথচ নারীদের সুরক্ষার জন্য কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়নি। এই সময়ে নারীদের কর্মক্ষমতা, উপার্জন ক্ষমতা না থাকায় সন্তানসহ পরিবারের সব সদস্য তাঁদের বোঝা মনে করেন। তা ছাড়া তাঁদের সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নিতে বিভিন্ন ধরনের নির্যাতন চালানো হয়। এ রকম ঘটনা গণমাধ্যমে খুব বেশি না এলেও অহরহ ঘটছে। অথচ তাঁদের সুরক্ষায় সরকার যেমন কিছু করছে না, তেমনি এনজিওগুলো এ বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে না। এ ছাড়া এই দেশে দু-একটি বৃদ্ধাশ্রম থাকলেও উচ্চবিত্ত পরিবার ছাড়া কারও পক্ষে সেখানে থাকা সম্ভব নয়। ফলে এ দেশের বেশির ভাগ বয়স্ক নারীর করুণ পরিণতি সহজেই অনুমেয়। এ জন্য সরকারকে আশু নীতিমালা গ্রহণ করে তা বাস্তবায়ন করতে হবে এবং তাদের সুরক্ষায় সামাজিক সচেতনতা জরুরি।’