পরিবারের পাঠাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশের বইমেলায় হয়তো অনেক বই-ই কেনা হবে। এ সুযোগে হয়তো গড়ে তুলবেন নিজস্ব পাঠাগার। আবার পুরোনো পাঠাগারেও এ মাসে যোগ হবে অনেক নতুন বই। বইয়ের যত্ন, পাঠাগারে বই গুছিয়ে রাখার নানা বিষয় নিয়েই এ প্রতিবেদন।কীভাবে বাড়িতে পাঠাগার গড়ে তোলা যায়, সে বিষয়ে পরামর্শ দিয়েছেন বাংলাদেশের ব্রিটিশ কাউন্সিলের রিসোর্স সেন্টার অফিসার শিশির পাল।জেনে নিন বইয়ের পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন জার্নাল, ম্যাগাজিনও সংগ্রহে রাখা যেতে পারে। শেলফের একেকটা তাকে একেক ধরনের বই সাজিয়ে রাখতে হবে। লেখকের নাম ও বইয়ের নাম লেখা দিকটি বইয়ের তাকের সামনের দিকে রাখতে হবে, যাতে যেকোনো পাঠকের দৃষ্টি কাড়ে আর সহজেই খুঁজে পাওয়া যায়। শেলফের প্রতিটি তাকে যতসংখ্যক বই রয়েছে, তার একটা তালিকা হাতে লিখে বা কম্পিউটারে করে রাখা যেতে পারে। ঘরের কোথায় করা হবে গ্রন্থাগার, সে বিষয়টা গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। সে ক্ষেত্রে বসার ব্যবস্থাও করা যেতে পারে। ঘরের বাইরের পাঠককে বই পড়তে দেওয়া হবে কি না, তার ওপর নির্ভর করে এ ব্যবস্থা করতে হবে। বইয়ের ধরন অনুযায়ী অথবা লেখকের নাম অনুযায়ী তালিকা করে রাখা যেতে পারে। ফিকশন বই হলে যেমন ‘এফ’ লিখে তারপর লেখকের নামের শেষ তিনটি অক্ষর লেখা যেতে পারে, যাতে সহজেই পাঠক বই খুঁজে পেতে পারেন। প্রতিটি বইয়ে আলাদা শনাক্তকরণ নম্বর ও গ্রন্থাগারের নিজস্ব সিল দিয়ে রাখা যেতে পারে, যেন বই হারিয়ে না যায়। একটি রেজিস্টার খাতা আলাদা করে রাখা যেতে পারে। কেউ যদি বই নিয়ে যায়, তার নাম ও ফোন নম্বর উল্লেখ করে রাখতে হবে তাতে।  প্রতিটি বইয়ের জন্য ক্যাটালগ কার্ডের ব্যবস্থা করা যেতে পারে, যাতে বই সম্পর্কে তথ্য এবং সংক্ষিপ্ত বর্ণনা থাকবে। বই পড়তে নিয়ে তাতে কেউ দাগ দিলে বা ছিঁড়ে ফেললে তাতে জরিমানার ব্যবস্থা করা যেতে পারে। বইয়ের ভেতরে প্রথম পাতায় বই কেনার তারিখ দেওয়া যেতে পারে। বই নির্দিষ্ট সময়ে ফেরত দেওয়া হচ্ছে কি না, কিংবা বইটি সবার পড়তে ভালো লাগছে কি না, সেটা জানার জন্য বইয়ের ভেতরের প্রথম পাতায় আলাদা করে ডিউস্লিপ লাগানো যেতে পারে, যাতে ফেরত দেওয়ার তারিখ উল্লেখ থাকে। বইয়ের সংগ্রহ বাড়তে থাকলে তখন বিশেষ সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে। কোন বই কোন শেলফে রাখা হচ্ছে, সেটা চিহ্নিত করার জন্য শেলফের তাকের ওপর বিষয়ের নাম লিখে রাখা যেতে পারে। এ জন্য কালার কোড ব্যবহার করা যেতে পারে। বইয়ের ওপরে প্লাস্টিক জ্যাকেট ব্যবহার করতে পারেন। বাচ্চাদের বই রাখার ক্ষেত্রে একটু রঙিন কালার কোড ব্যবহার করা যেতে পারে। তবে সেটা কোন বয়সের বাচ্চাদের পড়ার উপযোগী, তা চিন্তা করে পৃথক কালার কোড দেওয়া যেতে পারে। যেকোনো ধরনের সিডি, ডিভিডি রাখতে চাইলে গ্রন্থাগারে এর জন্য শেলফের আলাদা তাকে আলাদা নম্বর এবং কালার কোড ব্যবহার করা যেতে পারে।গ্রন্থাগারের বইয়ের যত্ন‘গ্রন্থাগারিকের অনুপস্থিতিতে গুরুত্বপূর্ণ বই অবহেলায় না রেখে কোনো সরকারি বা বেসরকারি গ্রন্থাগারে পাঠিয়ে দেওয়া যেতে পারে।’ বললেন গণগ্রন্থাগার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান। তাঁর পরামর্শ হল- আলো-বাতাস চলাচলের ব্যবস্থা আছে—এমন জায়গায় পাঠাগার করতে হবে। সম্ভব হলে শীতাতপনিয়ন্ত্রিত ঘরে গ্রন্থাগার গড়ে তোলা যেতে পারে। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির স্মরণে বা পরিবারের কোনো সদস্যের স্মৃতির উদ্দেশ্যে পাঠাগার করা যেতে পারে। অনেকে থুতু দিয়ে বইয়ের পাতা উল্টান। এতে বইয়ের পাতা ক্ষতিগ্রস্ত হয়ে ছিঁড়ে যেতে পারে। বই পড়ে কখনো বইয়ের পাতা ভাঁজ করে রাখা যাবে না। বুকমার্ক ব্যবহার করতে হবে। সব সময় বইগুলো নড়াচড়া করতে হবে। মাসে অন্তত একবার বইয়ের শেলফে জমে থাকা ধুলো-ময়লা পরিষ্কার করে ফেলতে হবে। মাঝেমধ্যে ন্যাপথলিন দিলে বইয়ে পোকামাকড়ের সংক্রমণ কম হয়। পুরোনো বই হলে তা বাঁধাই করে রাখা যেতে পারে। স্টিলের চেয়ে কাঠের তৈরি শেলফ ব্যবহার করা ভালো। স্থান সংকুলান হলে সাময়িকীপত্র-পত্রিকা রাখার জন্য আলাদা শেলফ ব্যবহার করা যেতে পারে।