
মডেলিং, অভিনয়, গান—তিনটি বিষয়েই নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। এমনকি ভালো ছবিও আঁকেন। তাঁর বাসার ভেতরে ঢুকতেই দেখা যায় বিশাল একটা চিত্রকর্ম। যে তারকার এত গুণ তঁার সম্পর্কে খুঁটিনাটি বিষয় তো সবাই জানতে চায়। আর এখন ঈদ যেহেতু সামনে তাই ভক্তদের আগ্রহ একটু বেশি। কথা হলো শাহ্তাজ মুনিরা হাশেমের সঙ্গে। কী তাঁর এবারের ঈদ পরিকল্পনা, জানালেন ভক্তদের জন্য।
শাহ্তাজ একদম ঘরকুনো। নিজেই স্বীকার করলেন সে কথা। কোথাও ভিড়ে বের হতে পছন্দ করেন না। ‘ঈদের দিনটায় আমার পরিবারের সঙ্গে সময় কাটাতেই বেশি ভালো লাগে।’ বলছিলেন শাহ্তাজ। সারা দিন ঘরে বসে মায়ের হাতের তৈরি চটপটি, ফুচকা, সেমাই এসব খাবেন। মায়ের রান্না শাহ্তাজের খুব পছন্দ। যতক্ষণ ঘরে থাকবেন, ততক্ষণ পোষা বিড়ালটাকে নিয়ে বসে অ্যানিমেশন ছবি দেখবেন। আর যাওয়া চাই নানাবাড়ি। খালার বাড়িতেও যাওয়া হয়। ঈদে এটুকুই শাহ্তাজের বেড়ানো। বন্ধুরা সব দেশের বাইরে থাকেন বলে তাঁদের নিয়ে বাইরে আড্ডা দেওয়াটা হয়ে ওঠে না শাহ্তাজের।

ঈদের কেনাকাটা হয়েছে? জানতে চাইলে শাহ্তাজ জানালেন কিছু হয়েছে, কিছু বাকি। তবে তিনি কেনাকাটা করতে খুব একটা ঘরের বাইরে বের হন না। মা-ই সবকিছু এনে দেন। আর কোনো কিছু দরকার হলে পরিচিত বিক্রেতারা বাসায় পাঠিয়ে দেন। এই তারকার আরও একটা গুণ আছে। বললেন, দরজিকে নিজে নকশা এঁকে বুঝিয়ে দিয়ে বানিয়ে নেন ঈদের পোশাক। আর হ্যাঁ, ঈদে তাঁর প্রিয় পোশাক সালোয়ার-কামিজ। সারা বছর পশ্চিমা পোশাক পরা হলেও ঈদের সময় দেশীয় পোশাক পরতে পছন্দ করেন শাহ্তাজ। তবে পোশাকটি অবশ্যই হালকা নকশার হতে হবে। খুব বেশি পুঁতি-পাথরের কাজ কিংবা জমকালো পোশাক একদম ভালো লাগে না এই তারকার।
মাঝে মাঝে শুটিংয়ের সময় হিল জুতা পরতে হলেও শাহ্তাজের পছন্দ চপ্পল বা ফ্ল্যাট স্যান্ডেল।
আর সাজ? পোশাক যাঁর হালকা নকশার পছন্দ, তাঁর তো হালকা সাজই পছন্দ হবে। শাহ্তাজ বললেন, ‘আমার ভারী মেকআপ ভালো লাগে না। খুব হালকা মেকআপ করি।’ আর চুলটা খোলা রাখতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এই তারকা। গয়না বলতে কানে শুধু দুল পরবেন। শখ, হাতে ঘড়ি পরার। ঈদে আর কিছুই কেনা হয় না শাহ্তাজের। খুব সাধারণ সাজ-পোশাকে, পরিবারের সঙ্গে ঈদটা পালন করেন তিনি।
সৈয়দা সাদিয়া শাহরীন