পরিবেশ অধিদপ্তরের সাত দফা প্রস্তাব বাস্তবায়ন হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের একমাত্র নদী বাঁকখালীকে বাঁচাতে মার্চ মাসে জেলা প্রশাসনকে সাত দফা প্রস্তাব দিয়েছিল পরিবেশ অধিদপ্তর। কিন্তু প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও এসব প্রস্তাব বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে নদী ভরাট আর দখল-দূষণ চলছে সমানে।
বাঁকখালীর মরণ যেন ঠেকানো যাচ্ছে না। এখন নদীর গতিপথ সংকুচিত হওয়ায় মাছ ধরার ট্রলারসহ নৌচলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম জানান, বালু ও শহরের ময়লা-আবর্জনা নিক্ষেপের কারণে বাঁকখালী নদীর তলদেশ ভরাট হচ্ছে। আর ভরাট জমি দখল করে ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ নানা অবকাঠামো তৈরির মহোৎসব চলছে। উচ্চ আদালতের নির্দেশনার পরও এসব কর্মকাণ্ড থামানো যাচ্ছে না। দূষণ পরিস্থিতি বাঁকখালী নদীতে মারাত্মক আকার ধারণ করলেও এটি এখনো মহেশখালী চ্যানেল কিংবা সমুদ্রে পতিত হয়নি। এই দূষিত পানি ও ময়লা-আবর্জনা সাগরে গেলে পর্যটন, মৎস্য ও লবণশিল্পসহ কক্সবাজারে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।
পরিবেশ অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, বাঁকখালী নদীকে বাঁচাতে গত ১৮ মার্চ পরিবেশ অধিদপ্তর থেকে সাত দফা প্রস্তাব বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছিল। লিখিত আকারে দেওয়া এই প্রস্তাবে রয়েছে বাঁকখালী নদীর সীমানা নির্ধারণ করে স্থায়ী খুঁটিসহ ‘লাল পতাকা’ স্থাপন, নদীর দুই তীরে ম্যানগ্রোভ (প্যারাবন) সৃজন ও পৌরসভার জমিতে লোক চলাচলের রাস্তা তৈরি, অবৈধ দখলদার উচ্ছেদ, দখলমুক্ত জমিতে বনায়ন সৃজন, শহরের ছড়া, নালা এবং নালা চিহ্নিত করে কেন্দ্রীয় স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ, পৌরসভার ময়লা-আবর্জনা নদীর তীরে না ফেলার ব্যবস্থা গ্রহণ এবং পাহাড়কাটা রোধে পরিবেশ অধিদপ্তরের গৃহীত পদক্ষেপের পাশাপাশি সরকারি মালিকানাধীন পাহাড়গুলো চিহ্নিতকরণ ও অবৈধ দখলমুক্ত করে পাহাড়ে বনায়ন সৃষ্টি করা। এ ছাড়া সরকারি পাহাড়ে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্নকরণ, পৌরসভার উদ্যোগে রাস্তা নির্মাণ, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার স্যানিটেশন কার্যক্রম বন্ধ করা এবং বাঁকখালী নদীর নাব্যতা আগের অবস্থায় ফিরিয়ে আনতে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে খনন কার্যক্রম গ্রহণ করার কথা উল্লেখ করা হয়।
প্রস্তাবে নদীর দখল ও দূষণের পাশাপাশি প্রভাবশালী দখলদার কর্তৃক প্যারাবন উজাড়ের চিত্রও তুলে ধরা হয়েছে।
সরেজমিনে ৫ জুন সকালে বাঁকখালী নদীর কস্তুরাঘাট এলাকায় গিয়ে দেখা গেছে, একাধিক ট্রাকে করে সেখানে ময়লা–আবর্জনা ও বালু ফেলা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যবসায়ী অভিযোগে করেন, শহরের লালদীঘি খননের বালু নদীর তীরে ফেলে ভরাট করা হচ্ছে। তার সঙ্গে ফেলা হচ্ছে শহরের ময়লা-আবর্জনা।
এ ছাড়া নদী পাড়ের পেশকারপাড়া, নুরপাড়া, বদর মোকাম, ছয় নম্বর, নুনিয়াছটাসহ বিভিন্ন এলাকায়ও ময়লা-আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে। এসব স্থানে ভরাট জমি দখল করে গড়ে উঠছে নানা স্থাপনা।
পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান বলেন, ‘বাঁকখালী নদীতে বর্জ্য না ফেলতে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। আমরা সেই নির্দেশনা মেনে চলছি। কিন্তু এরপরও কারা নদীতে ময়লা আবর্জনা ফেলছে তার অনুসন্ধান চলছে। শহরের আবর্জনা ফেলার জন্য রামুর দক্ষিণ মিঠাছড়ি এলাকায় ডাম্পার তৈরি হচ্ছে।’
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম জানান, গত ৫ এপ্রিল জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে নদী রক্ষা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত হয়।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, বাঁকখালী নদীর ভরাট রোধ ও দূষণমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে দখলদারদের তালিকা তৈরি করা হয়েছে। কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদও করা হয়েছে। তবে উচ্চ আদালতের নিষেধাজ্ঞাসহ নানা আইনি জটিলতায় বহু স্থাপনা উচ্ছেদ করা যাচ্ছে না।
তিনি আরও জানান, পরিবেশ অধিদপ্তরের দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে।