>আমরা বলি, ‘সিনেমা হলের পরিবেশ ভালো না’, ‘মেসের পরিবেশ জঘন্য’, ‘রাস্তার পরিবেশ ভয়াবহ’। খাবার খাওয়ার পর রেস্তোরাঁর রেটিং দিয়ে বলি, ‘রেস্তোরাঁর পরিবেশ যাচ্ছেতাই।’ মন্দ পরিবেশের এমন উদাহরণ আরও অনেক দেওয়া যায়। কিন্তু বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ পরিবেশ সমীক্ষা-২০১৭’ শীর্ষক প্রতিবেদনে জানা গেল, গোটা দেশেরই পরিবেশ ভালো নয়! এই পরিস্থিতিতে দেশের পরিবেশ উদ্ধারে করণীয় নির্ধারণে নানা ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করেছিল রস+আলো। সঞ্চালনায় ছিলেন শরীফ মজুমদার
আক্কাস আলী
রস+আলোকে ধন্যবাদ, এমন একটি মহতী উদ্যোগের জন্য। আজ দেশের সিনেমা হলগুলোর পরিবেশ চরম বিপন্ন। টিকিটের নিম্নমূল্য এর জন্য অনেকাংশে দায়ী। কম দামে টিকিট বিকিয়ে যে লভ্যাংশ পাওয়া যায়, তা দিয়ে কোনোভাবেই পরিবেশ সুন্দর করা যায় না। কাজেই হলের পরিবেশ সুরক্ষায় টিকিটের মূল্য আকাশছোঁয়া করার কোনো বিকল্প নেই। আর দর্শকদের হলমুখী করার জন্য টিকিটের সঙ্গে নানা অফারও দেওয়া যেতে পারে। যেমন একটি টিকিটের সঙ্গে ২৫০ গ্রাম পেঁয়াজ ফ্রি-টাইপ অফার।
হাতেম ব্যাপারী
মেসের পরিবেশ যে খারাপ, তার জন্য আমি দায়ী করতে চাই ‘মেস’ শব্দটিকে। কারণ, ‘মেসি’ (বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড নন কিন্তু) বা নোংরা থেকেই এই মেস শব্দটি এসেছে। আর ব্যাচেলরদের ফুলের বাগান দিলেও সেটাকে গোয়ালঘর বানিয়ে ফেলবে কয়েক দিনে। তাই মেসের পরিবেশ উন্নয়নের জন্য ‘মেস’ শব্দটি বাদ দেওয়ার পাশাপাশি সরকারি ও বেসরকারি উদ্যোগে মেস পরিচালকদের ব্যবস্থাপনায় ব্যাচেলরদের ছারপোকা নিধন, কাপড় ধোয়া, রুম ঝাড়ু দেওয়ার মতো পরিষ্কার-পরিচ্ছন্নতামূলক কোর্স করানো যায়।
আসগর জমাদার
আজ আমাদের নদী-নালা, খাল-বিল, পুকুর-ডোবা সবকিছুর পানিই চরম মাত্রায় দূষিত। মারাত্মক হুমকির মুখে জনস্বাস্থ্য। এ থেকে উত্তরণের একমাত্র উপায় সব জলাভূমি ভরাট করে ফেলা! কেবল তখনই দূষণের মাত্রা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। পানিই যখন থাকবে না, তখন আর দূষণের ব্যাপার আসবে কোত্থেকে? আমি তো বলব, পানিদূষণ রোধে জলাভূমি ভরাট করার পাশাপাশি পাহাড়ধস রোধে পাহাড়-টাহাড়ও কেটে ফেলা উচিত।
সলিল খান
মিস্টার আসগর জমাদারের সঙ্গে পুরোপুরি একমত আমি। অনেকেই বলতে পারেন, পানি না থাকলে চলবে কীভাবে? জলজ প্রাণীদেরই-বা হবে কী? এর উত্তর হচ্ছে জলাভূমি ভরাট হলে একদিকে যেমন পানিদূষণ কমবে, অন্যদিকে বৃষ্টি-টিষ্টি হলে এখন যেমন পরিমাণ জলাবদ্ধতা হয়, তার চেয়েও ঢের বেশি জলাবদ্ধতা হবে। ফলে পানিরও অভাব ঘুচবে, জলজ প্রাণীরাও ভালো থাকবে।
সমীর কুমার
আমরা জানি, বায়ুদূষণের দিক দিয়ে পৃথিবীতে ঢাকা দ্বিতীয় স্থানে আছে। এটা আমাদের জন্য ভীষণ লজ্জার। আমি বলব, দুষ্ট গরু পালার চেয়ে গোয়াল শূন্য রাখাই ঢের ভালো। সময় এসেছে আমাদের বায়ুর বিকল্প কিছু ভাবার। এখানে একটা কথা উল্লেখ্য, আমরা ফ্যান থেকে যে বাতাস পাই, সেটা কিন্তু শতভাগ বিশুদ্ধ। কাজেই আমরা আমাদের বনভূমিগুলো কেটে সেখানে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে বিদ্যুতের মাধ্যমে বিশুদ্ধ বাতাস পাওয়ার ব্যবস্থা কিন্তু করতে পারি। এ জন্য গবেষণা প্রকল্পও হাতে নেওয়া যেতে পারে।
রস+আলো
এই গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে নিজেদের মূল্যবান মতামত দেওয়ার জন্য রস+আলোর পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ।
যাঁরা অংশ নিলেন
আক্কাস আলী: সাধারণ সম্পাদক, বাংলাদেশ সিনেমা হল বাঁচাও (বাসিহবাঁ) কমিটি
হাতেম ব্যাপারী: যুগ্ম আহ্বায়ক, জাতীয় মেসমালিক সমিতি
আসগর জমাদার: ভূমিদস্যু
সলিল খান: মহাব্যবস্থাপক, জল ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ
সমীর কুমার: বাতাস বিশেষজ্ঞ, আন্তর্জাতিক বাতাসদাতা কমিটির রিসার্চ ফেলো