ফটিকছড়ি উপজেলার ৪৭টি হাটবাজারে খোলা স্থানে নিয়মিত পশু জবাই করা হয়। সদরের বিবিরহাট বাজার ছাড়া উপজেলার কোথাও কোনো অনুমোদিত জবাইখানা নেই। জবাইয়ের আগে ভেটেরিনারি (পশু) চিকিৎসক দিয়ে পশু পরীক্ষা করানোর নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। এর ফলে পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। জানা গেছে, মাংস ব্যবসায়ীরা বাজার ও রাস্তার পাশে যার যার সুবিধামতো স্থানে পশু জবাই করছেন। উপজেলায় প্রতিদিন কমপক্ষে অর্ধশত পশু জবাই করা হয়। পশুর রক্ত ও বর্জ্যে এলাকার পরিবেশ দূষিত করছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।উপজেলার নাজিরহাট বাজারে গিয়ে দেখা যায়, বাজারের পাশে হালদা নদীর তীরে রাস্তার ওপর গরু জবাই করা হচ্ছে। পথচারীরা নাকে রুমাল চেপে চলাফেরা করতে বাধ্য হচ্ছে। পথচারী মো. মহিউদ্দিন বলেন, ‘বর্জ্যের দুর্গন্ধে এ পথ দিয়ে চলাচল করা যায় না।’ সদরের বিবিরহাট বাজারে গিয়ে দেখা যায়, কোনো রকম পরীক্ষা ছাড়াই বাজারের মাঝখানে তৈরি ছাউনিতে গরু জবাই করা হচ্ছে। মাংস বিক্রেতা আহমদ গণি বলেন, ‘নিয়ম থাকলেও কোনো পরীক্ষা করার প্রয়োজন হয় না। প্রতিটি পশু জবাই করার জন্য কর্তৃপক্ষকে ১০০ টাকা দিলে সমস্যা চুকে যায়।’আজাদী বাজারে গিয়ে দেখা যায়, যেখানে গরু জবাইয়ের নির্দিষ্ট ছাউনি তৈরি করা আছে সেখানে জবাই না করে বাজারের পাশেই পরিত্যক্ত একটি স্থানে পশু জবাই করা হচ্ছে। প্রশ্ন করা হলে বাজারের ব্যবসায়ী মো. সোলাইমান বলেন, ‘পশু জবাইয়ের নির্ধারিত ছাউনি বাজার থেকে কিছুটা দূরে বলে সেখানে পশু জবাই করা হয় না।’ নাজিরহাট বাজারের মাংস ব্যবসায়ী মো. মান্নান বলেন, ‘সাত বছর ধরে পশু জবাই করে মাংস বিক্রি করছি। ইজারাদার টাকা নিলেও বাজারে কোনো জবাইখানা করে দেননি।’এ ব্যাপারে উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘জবাই করা পশুর রক্ত ও বর্জ্যের গন্ধে পরিবেশ দূষিত হয়। এর ফলে সাধারণ মানুষ নানা ধরনের সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হতে পারে।’উপজেলা পশুসম্পদ বিভাগের উপসহকারী কর্মকর্তা ইমাম হাসান বলেন, ‘হাটবাজারগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে। তাই স্বাস্থ্যসম্মত জবাইখানা তাদেরই নির্মাণ করার কথা। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হলেও সদরের বিবিরহাট বাজার ছাড়া কোথাও অনুমোদিত জবাইখানা নির্মাণ করা হয়নি।’এ ব্যাপারে ধর্মপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান কাজী মাহমুদুল হকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘যাঁরা হাটবাজার ইজারা নেন, তাঁদেরই বিষয়টি দেখভাল করার কথা।’ এই ইউনিয়নের হাট-বাজারগুলোতে ক্রমান্বয়ে পশু জবাইয়ের জন্য ছাউনি নির্মাণ করা হবে বলে তিনি জানান।উপজেলা পশুসম্পদ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘আইনে স্বাস্থ্যসম্মত জবাইখানায় পশু জবাইয়ের কথা বলা আছে। তবে এই আইন যথাযথভাবে প্রয়োগ করা যাচ্ছে না। স্থানীয় প্রশাসন সহায়তা দিলে কার্যকর ব্যবস্থা নেওয়া যেতে পারে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান মজলিশ বলেন, ‘পশুসম্পদ বিভাগ চাইলে তাদের সব ধরনের সহায়তা দেওয়া হবে।’