পরিবেশ ছাড়পত্র ছাড়াই চলছে ৪৬ ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার দুটি পৌরসভা ও ১৭ ইউনিয়নে ইটভাটা আছে ৫২টি। এগুলোর মধ্যে ৪৬টিরই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। ইটভাটা স্থাপন–সংক্রান্ত সরকারি নিয়ম না মেনেই গড়ে উঠেছে এসব ইটভাটা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ৫২টি ইটভাটার মধ্যে দুটি বন্ধ এবং চারটিতে পরিবেশের ছাড়পত্র রয়েছে। বাকি ৪৬টি ইটভাটাই অবৈধ। ইটভাটার মালিকেরা বলেন, তাঁরা পরিবেশ অধিদপ্তরের কাছে আবেদন করে ইটভাটা চালুর অনুমতি পাননি। এ কারণে বিভিন্ন সময়ে পরিবেশ অধিদপ্তরের বিরুদ্ধে তাঁরা মামলা করেছেন। মামলার সুরাহা না হওয়া পর্যন্ত ইটভাটা চালুর জন্য তাঁরা উচ্চ আদালতের থেকে অনুমতি নিয়েছেন।
ফটিকছড়ি সদরের পৌরসভা, নাজিরহাট পৌরসভা, কাঞ্চননগর, সুয়াবিল, নানুপুর, পাইন্দং, সুন্দরপুর, দাঁতমারা, নারায়ণহাট, ভুজপুর, হারুয়ালছড়ি ইউনিয়নে স্থাপিত হয়েছে এসব ইটভাটা। আইন অনুযায়ী জনবসতিপূর্ণ ও আবাসিক এলাকা, বনাঞ্চল, উপজেলা সদর ও ফলের বাগানের তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা নিষিদ্ধ। কোনো এলাকায় ৫০টি বাড়ি ও ৫০টির বেশি ফলের গাছ থাকলে সেখানে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ইটভাটা স্থাপন করা যাবে না।
সরেজমিনে দেখা যায়, নাজিরহাট ডিগ্রি কলেজ, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, সুয়াবিল প্রাথমিক বিদ্যালয়, আবদুল করিম উচ্চবিদ্যালয়, তৈয়বিয়া ছুন্নিয়া মাদ্রাসা, নারায়ণহাট কলেজ, নারায়ণহাট উচ্চবিদ্যালয়, নারায়ণহাট প্রাথমিক বিদ্যালয়, হারুয়ালছড়ি মাদ্রাসা, হারুয়ালছড়ি উচ্চবিদ্যালয়, শান্তিরহাট মাদ্রাসা এবং সুয়াবিল স্বাস্থ্যকেন্দ্রসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০-৬০০ গজের মধ্যে ইটভাটা রয়েছে। এসব ভাটার চিমনির ধোঁয়া আশপাশের পরিবেশ দূষিত করছে।
উপজেলা কৃষি কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ইটভাটার কারণে এলাকার পরিবেশ বিপন্ন হচ্ছে। কৃষি জমির উৎপাদন কমছে। প্রতিবছর উপরিভাগের মাটি তুলে বিক্রির কারণে আবাদি জমির উর্বরতা নষ্ট হচ্ছে। আশপাশের গাছপালারও ক্ষতি হচ্ছে।
পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ৪৬টি ইটভাটায় ছাড়পত্র নেই। উপজেলার দক্ষিণাঞ্চলে ১৭টি ও উত্তরাঞ্চলে ২৯টি ইটভাটা রয়েছে।
২ জানুয়ারি পাইন্দং এলাকায় এবিএম ব্রিকস নামের একটি ইটভাটায় গিয়ে কাঠের স্তূপ দেখা গেছে। পাশাপাশি কিছু কয়লাও রাখা হয়েছে। ওই ইটভাটার মালিক মো. আমান উলাহ চৌধুরী বলেন, ‘আমরা তিন বছর আগে পরিবেশ অধিদপ্তরের কাছে ছাড়পত্র চেয়ে আবেদন করেছি। এখন আদালতের নির্দেশনা নিয়ে ইটভাটায় চালু রেখেছি।’ কাঠ পোড়ানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কেবল কাঠ নয়, ইটভাটায় কয়লাও পোড়ানো হচ্ছে।
ফটিকছড়ি ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক চৌধুরী বলেন, বেশির ভাগ ইটভাটা আদালতের নির্দেশনা নিয়ে চলছে। তবে, কয়েকটির মেয়াদ ইতিমধ্যে শেষ হওয়ায় উচ্চ আদালতের নির্দেশের জন্য আবেদন করা হয়েছে।
জানতে চাইলে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মকবুল হোসেন প্রথম আলোকে জানান, ‘পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়ে ফটিকছড়িতে অধিকাংশ ইটভাটা চলছে। প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।’
বন বিভাগের নারায়ণহাট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আলী আকবর কাজী বলেন, ‘এসব অনুমোদনহীন ইটভাটার ব্যাপারে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে জানানো হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, যত দূর জানি উচ্চ আদালতের নির্দেশে কিছু ইটভাটা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আইন অমান্য করলে ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।