পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব পরিবেশ দিবস সামনে রেখে গতকাল শনিবার চট্টগ্রামে শোভাযাত্রা ও নাগরিক সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। এতে হালদা, কর্ণফুলী নদীসহ সব খাল দখল ও দূষণ থেকে রক্ষার পাশাপাশি পাহাড় কাটা বন্ধের দাবি জানানো হয়। সকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করে জনউদ্যোগ, পিপলস ভয়েস ও পরিবেশ ছাত্র ফোরাম। ‘আপনার সেবায় প্রকৃতি ও বন’ স্লোগান সামনে রেখে শোভাযাত্রায় বিভিন্ন ব্যানার ও ফেস্টুন ছিল। ‘পাহাড় কাটা বন্ধ করো’, ‘কর্ণফুলী নদী রক্ষা করো’, ‘আসকার দীঘি রক্ষা করো’, ‘শব্দদূষণ বন্ধ করো’ ইত্যাদি দাবির কথা লেখা ছিল ফেস্টুনে। শোভাযাত্রাটি চেরাগী পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে নাগরিক সমাবেশে বক্তব্য দেন পেশাজীবী নেতা এ কিউ এম সিরাজুল ইসলাম, অধ্যাপক ইদ্রিস আলী, জনউদ্যোগের নির্বাহী শরীফ চৌহান, রুবেল দাশ প্রমুখ। বক্তারা বলেন, নির্বিচারে পাহাড় ও গাছ কাটার কারণে চট্টগ্রাম নগর ঝুঁকির মধ্যে রয়েছে। কর্ণফুলী নদীর দখল-দূষণ এখনো বন্ধ হয়নি। সেই সঙ্গে হালদার মৎস্য প্রজননক্ষেত্রও দূষণ থেকে রক্ষা করা যাচ্ছে না। বক্তারা অবিলম্বে নদী ও খালের দূষণ বন্ধের দাবি জানান। পাশাপাশি পাহাড় কাটা বন্ধে আইনের যথাযথ প্রয়োগের দাবি তোলেন।