পরিবেশ ধ্বংসের সব কার্যক্রমই চলে দীঘিনালায়
বনাঞ্চল থেকে গাছ কাটা চলে অবাধে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে পাহাড় কাটাও। উপজেলার তিনটি ইটভাটা ও ছয় শতাধিক তামাকচুল্লিতে পোড়ানো হয় কাঠ। পরিবেশ ধ্বংসের সব কার্যক্রমই চলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায়।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার মেরুং, কাঁঠালতলী, সুধীর মেম্বারপাড়া ও কবাখালী এলাকায় পাহাড় কাটা চলছে অবাধে। দিনের বেলায় পাহাড় কাটা মাটি ট্রাক্টরে বোঝাই করে সরবরাহ দেওয়া হচ্ছে বিভিন্ন স্থানে। মেরুং এলাকায় পাহাড় কাটার ছবি তুলতে গেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন শ্রমিকেরা।
পাহাড় কাটা মাটি পরিবহনে নিয়োজিত এক ট্রাক্টরচালক জানান, পাহাড়ের মালিকের কাছ থেকে মাটি কিনে সেগুলো তাঁরা বিভিন্ন স্থানে সরবরাহ করেন। পাহাড় কাটা পরিবেশের জন্য ক্ষতি, সেটা জানেন কি না জিজ্ঞেস করলে জানান, এ ব্যাপারে কিছু জানেন না। দৈনিক ভিত্তিতে কাজ করেন তিনি।
থানা সূত্র জানায়, মেরুং এলাকায় পাহাড় কাটার দায়ে গত বছরের ৭ জুলাই ও ২০১২ সালের ২১ এপ্রিল দুটি মামলা হয়। এই দুটি মামলায় আসামি গ্রেপ্তার হলেও তাঁরা পরে জামিনে বেরিয়ে যান। তা ছাড়া পাহাড় কাটার দায়ে এ পর্যন্ত এই দুটিই মামলাই হয়েছে।
পরিবেশ সংগঠনের কর্মকর্তারা জানান, উপজেলার তিনটি ইটভাটা ও ছয় শতাধিক তামাকচুল্লিতে কাঠ পোড়ানো হয়। প্রশাসন অভিযান চালালেও তার আকার সীমিত।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত বছর বিভিন্ন সময় অভিযান চালিয়ে কাঠ পোড়ানোর দায়ে তিনটি ইটভাটার মালিককে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া জব্দ করা চারটি তামাকচুল্লির সরঞ্জাম। তবে লোকবলের অভাবে নিয়মিতভাবে অভিযান চালানো সম্ভব হয় না।
তামাকচাষিরা জানান, গাছ কেটে লাকড়ি করে চুল্লিতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এ ছাড়া তামাকপাতা পোড়ানোর অন্য কোনো পন্থা নেই।
উপজেলার সীমানাপাড়া, রাইন্যাপাড়া, শিবছড়িসহ কয়েকটি দুর্গম এলাকা ঘুরে দেখা যায়, পাহাড় থেকে গাছ কাটা চলছে অবাধে। বনাঞ্চল থেকে গাছ কেটে শুকিয়ে লাকড়ি করা হচ্ছে। পরে বান্ডিল করে লাকড়িগুলো বিক্রি করা হয়। কত্রিয় ত্রিপুরা, সোনা রতন চাকমাসহ কয়েকজন লাকড়ি বিক্রেতা জানান, তাঁরা পাহাড়ের গাছ কেটে লাকড়ি করে বিক্রি করেন। এভাবে তাঁদের জীবিকা চলে।
খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনে সভাপতি প্রদীপ চৌধুরী বলেন, পাহাড়ের মানুষের মধ্যে এখনো পরিবেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টি হয়নি। পরিবেশ ধ্বংসের ক্ষতিকারক দিকগুলো নিয়ে তৃণমূল পর্যায় থেকে মানুষকে সচেতন করে তুলতে হবে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ে সপ্তাহে অন্তত এক দিন বিশেষ পাঠদানের ব্যবস্থা করা যেতে পারে। কারণ, শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে তাদের অভিভাবেকর কাছে পরিবেশের বিষয়টি নিয়ে আলোচনা করলে ফল পাওয়া যাবে। এর পাশাপাশি পরিবেশ রক্ষায় প্রশাসনের অভিযান জোরদার করতে হবে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, ‘পরিবেশ ধ্বংসের অনেক কার্যক্রম চলে, এটা সত্য। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব কার্যক্রম চালানো হয়। আমরা পাহাড় কাটাসহ পরিবেশ ধ্বংসের কোনো সংবাদ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুল জাহিদ বলেন, প্রশাসনের পক্ষ থেকে পরিবেশের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হয়। কোনোভাবেই পাহাড় কর্তনকারীদের ছাড় দেওয়া হয় না। বৃক্ষ নিধনকারীদের বিষয়ে বন বিভাগের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।