পরিবেশ-বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষার হল থেকে বেশ উচ্ছ্বাস নিয়েই বের হলো নাদিয়া, সালমিয়া আর সাকিব। তাদের বেরোতে দেখেই এগিয়ে এল বন্ধু তাসনিয়া, আজফার ও সামিহা। ‘কী রে, পরীক্ষা কেমন হলো?’ উত্তর দিল নাদিয়া ‘ভালো, খুব ভালো।’ তারা এসেছে রাজউক কলেজ থেকে। তাদের মতো আরও অনেক পরীক্ষার্থী বের হলো চোখেমুখে আকাশপাড়ীর স্বপ্ন নিয়ে। তারা ঢাকা, খুলনা, সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের ২১০ জন শিক্ষার্থী। এটা আর পাঁচটা পরীক্ষার থেকে অনেকটাই আলাদা। এটা জাতীয় পরিবেশ অলিম্পিয়াড ২০১২-এর চূড়ান্ত পর্বের পরীক্ষা। চূড়ান্ত পর্বের পরীক্ষা আর সমাপনী অনুষ্ঠান ১৫ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। আয়োজন করেছে বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ।প্রতিযোগিতা শেষে ফলাফলের অপেক্ষা। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল থেকে এসেছে সাকিব, সাইফ, সিয়াম আর সাইকী। সাকিব বেশ উত্তেজিত। কখন ঘোষণা হবে বিজয়ীদের নাম! বোঝা যাচ্ছে, অন্যদেরও একই অবস্থা। শুরু হলো স্মারক প্রদান। সে সময় শিক্ষার্থীদের মাঝে স্মারক তুলে দিচ্ছিলেন ডেনমার্কের রাষ্ট্রদূত ভেন্ড অলিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক কাজী মতিন আহমেদ, আইএজিআইডির প্রধান আফিয়া আখতার ও শামির শিহাব।পরীক্ষায় অংশ নেওয়া সবাইকেই স্মারক তুলে দেওয়া হয়। এরপর ছোটদের ও বড়দের বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যারা, তাদের মাঝে স্মারক তুলে দেওয়া হয়। ছোটদের বিভাগে প্রথম হয়েছে একাডেমিয়ার সাকিব আলীম। দ্বিতীয় গ্রিন হাট ইন্টারন্যাশনালের অভয় দত্ত ও তৃতীয় হয়েছে ম্যাপললিফ স্কুলের কাজী আশফাকুল হক।বড়দের বিভাগে প্রথম স্থানটি অধিকার করেছে সানিড্যালের শিক্ষার্থী আজরাফ আনোয়ার। দ্বিতীয় ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের রাকিন মুহতাদী। তৃতীয় হয়েছে আগা খান স্কুলের শিক্ষার্থী তাসনুভা ফেরদৌস।এগিয়ে যাই ছয়জন বিজয়ীর কাছে। কেমন লাগছে? প্রথমেই উত্তর দেয় সাকিব আলীম। সে বলে, ‘খুব ভালো। সারা দেশে প্রায় এক হাজার ৮০০ শিক্ষার্থীদের মধ্যে আমরা বিজয়ী হয়েছি।’তাসনুভা ফেরদৌস এর সঙ্গে যোগ করে বলে, ‘আসলে বিভাগীয় পর্যায় পর্যন্ত যেতে পারব, সেটাই ভাবিনি। তারপর চূড়ান্ত পর্বে ২১০ জনের মধ্যে প্রতিযোগিতা হলো। তার পরও বড়দের বিভাগে তৃতীয় হলাম। ভালো লাগছে।’অভয় দত্ত বলে ভিন্ন কথা, ‘আমার স্বপ্ন ছিল বড় হয়ে প্রকৌশলী হব। সেই স্বপ্নটা ঠিকই আছে। শুধু মোড়টা একটু ঘুরে গেছে। আমি প্রকৌশলী হয়ে সৌরকোষ নিয়ে একটা গবেষণা করতে চাই।’এবার অন্যদের থামিয়ে রাকিন মুহতাদী বলে ওঠে, ‘আসলে আমার স্কুলে আমিই প্রথম পরিবেশ ক্লাব গড়ে তুলি। পরিবেশ নিয়ে আলাদা রকম একটা দায়িত্ব অনুভব করি নিজের মধ্যে। আর এই স্বীকৃতি সেই দায়িত্বটা আরও বাড়িয়ে দিল।’আজরাফ আনোয়ার বলে, ‘আগামী অক্টোবরে আর্জেন্টিনায় সপ্তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। আমাদের একটি দল সেখানে অংশ নেবে। সুর মিলিয়ে সাকিব আলীম বলে, ‘আমার খুব ভালো লাগছে, সেখানে প্রথমবারের মতো আমরা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করব। প্রত্যাশা রয়েছে, সেখানেও বাংলাদেশ ভালো করবে।’কথা হলো বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভের সভাপতি শামির শিহাবের সঙ্গে। তিনি জানান, ‘প্রথমত চিন্তা ছিল পরিবেশ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা। তারা যাতে প্রতিষ্ঠানে পরিবেশগত সমস্যা ও করণীয় নিয়ে কাজ করতে পারে। সেই সঙ্গে পরিবেশ নিয়ে উচ্চতর শিক্ষায়ও তারা যেন আগ্রহী হয়ে ওঠে। তার পরই আমরা পরিবেশ অলিম্পিয়াড করার ব্যাপারে কাজ শুরু করি। প্রাথমিকভাবে চারটি বিভাগের এক হাজার ৮০০ শিক্ষার্থীকে বাছাই করেছিলাম। তারপর বিভিন্ন পর্বের পরীক্ষার মধ্য দিয়ে দুটি বিভাগে ছয় জনকে বাছাই করি।’আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর ব্যাপারে তিনি বলেন, ‘আসলে প্রক্রিয়াটি বেশ জটিল। আর আমাদের সামর্থ্যও খুব বেশি নয়। তবে আমরা চেষ্টা করব তিন থেকে পাঁচ জনের একটি দল পাঠাতে। আর এটি আজকের বিজয়ী ছয়জনের দলটি থেকেই।’