পরিবেশ বন্ধু হই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৃতির মধ্যে থেকেও আমরা যেমন আলাদাভাবে বাতাস নিয়ে ভাবি না, ঠিক তেমনি আমাদের চারপাশের পরিবেশকে নিয়েও আমরা মাথা ঘামাতে চাই না। কিন্তু এ বন্ধুটিই আপনাকে নিবিড় মমতায় বাঁচিয়ে রাখছে, সবুজ স্নিগ্ধতায় মনকে প্রশান্ত করছে। একটু ভেবে দেখুন তো, এই পরিবেশ যদি আপনাকে বিশুদ্ধ অক্সিজেন না দিত, তাহলে আপনি কীভাবে বাঁচতেন! সারা দিনে আপনি কতটুকু বন্ধুত্বপূর্ণ আচরণ করেন আপনার পরিবেশের প্রতি, একটু ভাবুন। নিজের সুবিধার জন্য অনেক ক্ষেত্রেই জেনে অথবা না জেনে বেশ অত্যাচার করা হয় এ বন্ধুটির প্রতি। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এ দিনটি সামনে রেখে এখনই সচেতন হতে পারি আমরা। সারা দিনের কাজের সঙ্গে কিছু সাধারণ অভ্যাস যোগ করে নিলেই চারপাশের প্রকৃতিকে সুন্দর রাখা যাবে। একই সঙ্গে আমাদের প্রাকৃতিক সম্পদেরও সর্বোত্তম ব্যবহার হবে। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদের পরিবেশকে বসবাসের উপযোগী রাখতে পারব।এ সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক আমানতউল্লাহ খান বলেন, একজন মানুষ পরিবেশের জন্য কতটুকু করতে পারে, তা নির্ভর করে পরিবেশের ওপর সে কতটুকু প্রভাব রাখছে তার ওপর। জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য দরকার এবং একই সঙ্গে দরকার সুষ্ঠু পরিকল্পনা। আমাদের মধ্যে অস্থিরতা অনেক বেশি, তাই অনেক সময়ই যা করতে চাই, তা করা হয়ে ওঠে না। অস্থিরতা কমাতে হবে।আমানতউল্লাহ খানের মতে, আপনি যা করতে পারেন, তা হলো: অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে নিজেকে সচেতনভাবে বিরত রাখুন। মিতব্যয়ী হোন। পণ্যের ব্যবহার যত কম করবেন, তত কম জিনিস নষ্ট হবে। চেষ্টা করুন এমন জিনিস ব্যবহার করতে, যা পুনরায় ব্যবহার করা যায়, নষ্ট হয়ে যাওয়া মাত্রই সেটা ফেলে না দিয়ে ঠিক করে নেওয়া যায় কি না অথবা অন্য কোনো কাজে লাগানো যায় কি না তা ভেবে দেখুন। বিদ্যুতের ব্যবহার কমাতে চেষ্টা করুন। সাশ্রয়ী বাল্ব লাগিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। ব্যবহারের পর লাইট, ফ্যান বন্ধ করা হয়েছে কি না সেদিকে লক্ষ রাখুন। লাইট বা ফ্যান আমি চালাইনি, তাই আমি বন্ধ করব না, এমন মনোভাব ত্যাগ করুন। কম্পিউটারে এনার্জি সেভিং মুড দিয়ে রাখুন, প্রয়োজন শেষে কম্পিউটার বন্ধ রাখুন। পানির অপচয় যেন না হয় সেদিকে লক্ষ রাখুন। হাত ধোয়া, গোসল বা অন্যান্য কাজে যতটা দরকার ততটুকু ব্যবহার করুন। আপনি হয়তো পানির ভালো সাপ্লাই পাচ্ছেন, কিন্তু এমন অনেক জায়গা রয়েছে, যেখানে পানির অভাবে মানুষ কষ্ট পাচ্ছে। পানি ব্যবহারের সময় তাদের কথা একবার ভেবে নিন। বৃষ্টির পানি সংগ্রহ করে রেখে পরে তা ব্যবহারের চেষ্টা করুন। বর্তমান বিশ্বের অনেক দেশেই বৃষ্টির পানি সংগ্রহের পদ্ধতি চালু আছে। গভীর নলকূপ থেকে পানি উত্তোলন কমানোর চেষ্টা করুন। কারণ, মাটির নিচের পানির স্তর নেমে গেলে তা পরিবেশের ভীষণ ক্ষতি করবে। রিসাইকেল করার মতো জিনিসগুলো অর্থাৎ যেগুলো অবার ব্যবহার করা যাবে, সেগুলো আলাদা রাখুন। যেখানে তরকারির কাটাকুটি ফেলা হচ্ছে, সেখানেই যদি কাগজ, ভাঙা কাচ, ইলেকট্রনিক জিনিসও ফেলা হয়, তবে কোনোটাই রিসাইকেল করার মতো অবস্থায় থাকে না। তাই কাগজ, কাচ, প্লাস্টিক, ধাতব ও ইলেকট্রনিক জিনিস আলাদা রাখুন এবং ফেরিওয়ালাদের কাছে বিক্রি করুন। কখনোই রান্নাঘরের পচনশীল আবর্জনার সঙ্গে এসব ফেলবেন না। যতটা সম্ভব এবং যে যে ক্ষেত্রে সম্ভব নবায়নযোগ্য এনার্জি ব্যবহার করুন। ছাদের ফাঁকা পরিসরে বাগান করুন। এতে গরমের সময় অতিরিক্ত গরম লাগবে না। সবুজ প্রকৃতির সান্নিধ্যে শরীর সুস্থ থাকবে, এনার্জি পাবেন। কিছু গাছ আছে, যেগুলো ঘরেই টবে লাগানো যায় এবং এগুলো ঘরের ভেতরের বাতাসকে সব সময় পরিষ্কার রাখে। এসব গাছ ড্রয়িংরুমে, শোবার ঘরে অথবা ঘরের ভেতর যেকোনো জায়গায় রাখতে পারেন। এতে একদিকে যেমন ঘর সাজানো হবে, অন্যদিকে আপনি যতক্ষণ ঘরে থাকবেন, ততক্ষণই বিশুদ্ধ বাতাস পাবেন। এ সম্পর্কে জানতে চাওয়া হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক তৌহিদা রশিদ বলেন, ‘আমাদের অতিপরিচিত কিছু গাছ—যেমন মানিপ্ল্যান্ট, পাম, স্পাইডার, আইভি, বাঁশ, ফার্ন, ক্যাক্টাস, বনসাই ইত্যাদি—গৃহস্থালির জিনিসপত্র ও বাতাসের কিছু ক্ষতিকর উপাদান শোষণ করে। ফলে অনেক ধরনের জীবাণুর আক্রমণ থেকে এসব গাছ সুরক্ষা দেয় এবং ঘরের পরিবেশকে ভালো রাখে।’ রান্নার সময় ছাড়া অন্যান্য সময় গ্যাসের চুলা বন্ধ রাখুন। যতটা সম্ভব গ্যাস কম খরচ করুন। ফ্রিজে না রেখে টাটকা খাওয়ার অভ্যাস করুন। প্রয়োজনের অতিরিক্ত রান্না করবেন না। রেডি ফুড যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। কারণ, এদের কোনো কোনোটায় কিছু নিম্নমানের উপাদান ব্যবহার করা হয়। সঠিকভাবে খাবার সংরক্ষণের পদ্ধতি অনুসরণে সচেষ্ট হোন। যতটা সম্ভব শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র কম ব্যবহার করুন। পশু-পাখি খাঁচায় আটকে রাখবেন না। খাঁচায় রাখা পশু বা পাখি কেনা থেকে বিরত থাকুন। রিসাইকেল্ড পেপার কিনুন। কাগজের দুই পিঠই ব্যবহার করুন। কম্পিউটারের প্রিন্টারে ব্যবহূত কার্ট্রিজ রিফিল করে ব্যবহার করুন। যেখানে ই-মেইল অথবা ডিজিটাল মাধ্যম ব্যবহার করা যায়, সেখানে কাগজের ব্যবহার কমিয়ে দিন। ধূমপান বিষপান—সেটা আমরা সবাই জানি। তাই এর থেকে বিরত থাকুন। আপনি সুস্থ থাকবেন, পরিবেশও সুন্দর থাকবে।