পরিবেশ বাঁচাতে তারুণ্যের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পানির অপচয় কমাব’, ‘গ্যাসের চুলা অযথা জ্বালিয়ে রাখব না’, ‘গাছ লাগিয়ে পরিবেশ বাঁচাব’—এ রকম বেশ কিছু স্লোগান লেখা প্ল্যাকার্ড ঝুলছে দেয়ালে। তরুণ প্রজন্মের এমন সব শপথে পূর্ণ হয়ে উঠেছিল নগরের বিশদ বাংলার পরম্পরাকক্ষ। গত ৩১ ডিসেম্বর ‘এ প্লেজ টুয়ার্ডস গ্রিন ২০১৪’ শিরোনামের ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের পরিবেশবিষয়ক সংগঠন অব্যয়। অনুষ্ঠানে পরিবেশ রক্ষারও শপথ নেন সংগঠনের সদস্যরা।

দিনব্যাপী এ আয়োজনে আগত দর্শনার্থীরা নতুন বছরে পরিবেশের জন্য নিজেদের করণীয় এবং পরিবেশ বাঁচাতে নিজেদের ভাবনাগুলো লিখে দেন শপথ ব্যানারে। নিজের করা শপথ প্রসঙ্গে অব্যয়ের সহসভাপতি মার্জিয়া শাফিন বলেন, ‘আমি নতুন বছরে পানির অপচয় রোধ করার শপথ করেছি। এভাবেই সবার একটি করে শপথ বদলে দিতে পারে পরিবেশ। পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন করে তোলাই এ আয়োজনের লক্ষ্য।’

সন্ধ্যায় ছিল এ ব্যতিক্রমী আয়োজনের সমাপনী অনুষ্ঠান। সমন্বয়কারী সোহানা ইয়াসমিনের সভাপতিত্বে আনুষ্ঠানে অতিথি ছিলেন বিশদ বাঙলার পরিচালক আলম খোরশেদ। শুভেচ্ছা বক্তব্য দেন অব্যয়ের প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভাশীষ পাল ও সদস্য নূর আনাস। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেবতোষ দে ছুটিতে এসেছেন চট্টগ্রামে। প্রদর্শনী দেখে তিনি বলেন, এ ধরনের আয়োজন থেকে অনেক কিছু শেখার আছে। প্রত্যেকে যদি নিজের করা শপথ রক্ষা করতে পারেন, তবেই এ আয়োজন সার্থক।