পরিবেশ বাঁচাতে বিতর্ক
প্রধানমন্ত্রী সংসদে পেশ করলেন তাঁর প্রস্তাব—মাটির নিচের তাপমাত্রাকে ব্যবহার করে জিওথার্মাল প্রযুক্তির মাধ্যমে বিদ্যুত্ উত্পাদন করতে হবে। এ নিয়ে শুরু হলো তুমুল বিতর্ক। চলতে থাকে সরকারি ও বিরোধী দলের সাংসদদের তর্কের লড়াই। ৭ জুন বিকেলে ফুলকি মিলনায়তনে দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত পরিবেশ দিবস ক্লাব বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের লড়াই জমে উঠেছিল এভাবেই।
তিন দিনব্যাপী এ ক্লাব বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় দৃষ্টি ডিবেট ক্লাব এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ডিবেটিং সোসাইটি।
তর্কের লড়াইয়ে সরকারি দলে থাকা দৃষ্টি ডিবেট ক্লাবকে হারিয়ে শিরোপা জিতে নেয় বিরোধী দলে থাকা চুয়েট ডিবেটিং সোসাইটি। প্রতিযোগিতায় সেরা বিতার্কিক নির্বাচিত হন দৃষ্টি চট্টগ্রামের কাজী আরফাত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহরিয়ার আমীন ও চুয়েটের সবুক্তগীন জেঙ্গী। চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা শেষে শুরু হয় কথামালা ও পুরস্কার বিতরণের আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক জাফর আলম। দৃষ্টির সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনজুরুল কিবরিয়া ও শিল্পোদ্যোক্তা গোলাম বাকী।
প্রধান অতিথি বলেন, ‘পরিবেশদূষণের জন্য দায়ী শিল্পোন্নত দেশ। আর এর দায়ভার বহন করছে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো। বাস্তবতা হলো তৃতীয় বিশ্বের দেশগুলো যখন এই বিষয়ে বিশ্বসভায় সোচ্চার হতে যায় তখন জ্ঞানের স্বল্পতা তাদের পিছিয়ে দেয়।’
৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে বিকেল চারটায় নগরের শিল্পকলা একাডেমীতে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ‘হতে হবে সোচ্চার, সাগরের উচ্চতা বাড়াব না আর’ বিশ্ব পরিবেশ দিবসের এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন পরিবেশবাদী সংগঠক প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার। দুই দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতায় ১৬টি দল অংশ নেয়।