পরিবেশ বাঁচাতে...
হাত উঁচিয়ে খুদে শিক্ষার্থীদের শপথ—‘আমরা গাছ লাগাব। পরিষ্কার রাখব শ্রেণীকক্ষ আর আশপাশের পরিবেশ।’ ছিল কৌতুহলী একের পর এক প্রশ্ন। তারা জানতে চায় পরিবেশ সম্পর্কে। বুঝতে চায় নিজের করণীয়। জানায় তাদের প্রত্যাশার সব কথা। ৫ জুন নগরের পূর্ব নাসিরাবাদ এ জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তন বসে খুদে শিক্ষার্থীদের এই প্রাণবন্ত আয়োজন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ, সামাজিক ও সংস্কৃতিবিষয়ক সংগঠন ‘অব্যয়’ আয়োজন করে ‘ভালোবাসি দেশ, ভালোবাসি পরিবেশ’ শিরোনামে এই প্রচারণার। তাদের মূল উদ্দেশ্য পরিবেশ দূষণ সম্পর্কে খুদে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করা। শুরুতে শিক্ষার্থীদের সঙ্গে পরিবেশ দূষণ সম্পর্কে আলোচনা করেন অব্যয়ের সদস্যরা। এরপর একঝাঁক খুদে শিক্ষার্থীর কৌতুহলী প্রশ্নে মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন। প্রশ্নোত্তর পর্ব শেষে আলোচনায় জ্ঞানের ছটায় জানান দিল তারাও পরিবেশ নিয়ে অনেক সচেতন। সবশেষে শিক্ষার্থীদের সকলেই যার যার অবস্থান থেকে কখনো পরিবেশ দূষিত করবে না আর সবাইকে এই কাজ করা থেকে বিরত রাখার চেষ্টা করবে এ মর্মে শপথ নেয়। এ আয়োজন পরিচালনা করেন অব্যয়ের সাধারণ সম্পাদক শিহাব জিশান, ইভেন্ট কো-অর্ডিনেটর সোহানা ইয়াসমিন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভাশীষ পাল।এর আগে সকাল ১০টা থেকে শুরু হয় অব্যয়ের এই আয়োজন। সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অব্যয় সদস্যরা দাঁড়িয়ে পথচারীদের সচেতন করে। পরিবেশ দূষণ রোধে জনসচেতনতামূলক এই আয়োজনে অব্যয়ের সদস্যরা জ্বালানি সাশ্রয়, বিদ্যুতের অপচয় রোধ, বৃক্ষরোপণ করার জন্য পথচারীদের আহ্বান জানান। অব্যয়ের সভাপতি ইসমত জাহান বলেন, ‘পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব। দায়িত্ববোধ থেকেই এই ধরনের আয়োজন। আমাদের বিশ্বাস সকলে সচেতন হলে পরিবেশ দূষণের হার অনেক কমে যাবে।’ উল্লেখ্য, এটি ছিল অব্যয়ের তৃতীয় আয়োজন। গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে পরিবেশের প্রতি ভালোবাসা প্রকাশ করতে সংগঠনটি নগরে সাইকেল শোভাযাত্রার আয়োজন করে।