পরিবেশ বাঁচিয়ে স্বাবলম্বী তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মধু চাষের পাশাপাশি বিষমুক্ত সবজির আবাদ করে স্বাবলম্বী হয়েছেন তেঁতুলিয়াপাড়ার চাষিরা। পাড়ায় আদা খেত পরিচর্যা করছেন এক কিষানি। মৌ–বাক্সে কতটুকু মধু জমা হয়েছে, তা দেখছেন একজন মৌচাষি l সুপ্রিয় চাকমা
মধু চাষের পাশাপাশি বিষমুক্ত সবজির আবাদ করে স্বাবলম্বী হয়েছেন তেঁতুলিয়াপাড়ার চাষিরা। পাড়ায় আদা খেত পরিচর্যা করছেন এক কিষানি। মৌ–বাক্সে কতটুকু মধু জমা হয়েছে, তা দেখছেন একজন মৌচাষি l সুপ্রিয় চাকমা

আয় বাড়াতে তাঁরা শুরু করেছিলেন মৌ চাষ ও সবজি চাষ। এরপর মৌমাছির ক্ষতি হয় বলে সবজির খেতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার বন্ধ করেছেন। মধু ও বিষমুক্ত সবজি বেচে এখন স্বাবলম্বী বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তেঁতুলিয়াপাড়ার চাষিরা।
একসময় জুম চাষ করে সারা বছরের খোরাকি জুটত না রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের সাঙ্গু নেদর তীরবর্তী এই গ্রামের ৩০টি পরিবারের। জুমের ফসলের পাশাপাশি করতেন টুকিটাকি সবজির চাষ। কিন্তু গত দুই বছরে মৌ চাষ, মিশ্র সবজির চাষ, ফলের বাগান এবং নার্সারি করে আয় বাড়িয়েছেন তাঁরা। আর এ কাজটি সম্ভব হয়েছে সমিতি গঠন করে পাড়ার কৃষকেরা এক হওয়ার কারণে। সমিতির সহায়তা নিয়েই নতুন নতুন চাষাবাদের উদ্যোগ নিচ্ছেন তাঁরা। এখন সারা বছরের খোরাকি তো জুটছেই, বিদ্যালয়েও যাচ্ছে প্রতিটি পরিবারের শিশুরা। পাশাপাশি বছর শেষে থাকছে কিছু সঞ্চয়ও। সম্প্রতি তেঁতুলিয়াপাড়ায় গেলে সেখানকার কৃষকদের এই কর্মযজ্ঞ চোখে পড়ে।
বান্দরবান শহরের কেচিংঘাটা থেকে সাঙ্গু নদে আধা ঘণ্টা গেলেই তেঁতুলিয়াপাড়া। পাড়ায় ঢোকার মুখে পাড়াকেন্দ্রের পাশে তেঁতুলিয়াপাড়া কৃষি উন্নয়ন সমিতির সাইনবোর্ড। হাঁটা পথের দুই পাশে বাসিন্দাদের বাড়ি। বেশ কয়েকটি বাড়ির পাশে মৌ চাষের বাক্স দেখা গেল। তবে প্রায় সব বাড়ির পাশে রয়েছে সিমেন্টের বড় গামলা আকৃতির রিং। সেখানে চাষ করা হচ্ছে কেঁচো কম্পোস্ট সার। পাড়ার বাইরে পাহাড়জুড়ে করা হয়েছে ফলের বাগান। পাহাড়ের নিচে সমতল জায়গায় সবজি খেত। খেতের এক পাশে ফলের চারা তোলার ছোট্ট নার্সারি।
সমিতির সদস্যদের কাছ থেকে জানা গেল, ২০১৩ সালে পাড়ার ৩০ জন কৃষককে নিয়ে পথচলা শুরু এই সমিতির। মাসে ৩০ টাকা করে সেই সমিতিতে জমাও দেন কৃষকেরা। সমিতির উদ্যোগেই মৌমাছি পালন ও বিষমুক্ত সবজির চাষাবাদ শুরু করেন তাঁরা। স্থানীয় একটি উন্নয়ন সংস্থার কাছ থেকে মধু চাষের প্রশিক্ষণ পেয়েছিলেন তাঁরা। সঙ্গে মৌমাছি পালনের জন্য ১০টি বাক্সও পেয়েছিলেন বিনা মূল্যে। দুই বছর ধরে মধু পাচ্ছেন বাক্সগুলো থেকে। বাক্সের সংখ্যা ১০টি থেকে বেড়ে এখন ১৩টিতে দাঁড়িয়েছে। মৌমাছির ক্ষতি হয় বলে সবজিখেতে কীটনাশকের বদলে ব্যবহার করছেন ফেরমোন ফাঁদ এবং গাছের পাতা ও বীজ থেকে তৈরি জৈব কীটনাশক। এ ছাড়া রাসায়নিক সারের জায়গায় দিচ্ছেন কেঁচো কম্পোস্ট সার।
বিষয়টা বিস্তারিত শোনা গেল সমিতির সভাপতি কৃষক মেগ্যা মারমার মুখ থেকে। তিনি বলেন, ‘আমাদের সমিতির যাত্রা ২০১৩ সালের শুরুতে। সমিতির অধীনে আমরা ১৩ জন চাষি মধু, ১০ জন সবজি চাষ, চারজন ফলের বাগান ও তিনজন ফলের গাছের নার্সারি করছি। জমিতে দেওয়ার জন্য আমরা নিজেরাই কেঁচো কম্পোস্ট সার তৈরি করি। এই সার আমরা জমিতে দেওয়ার পর বাইরেও বিক্রি করি। আমাদের সব সদস্যই নিজের জমি অথবা অন্যের জমি বর্গা নিয়ে ধান চাষ করেন। পাশাপাশি আয় বাড়ানোর জন্য এখন এসব উদ্যোগ নিয়েছি।’
মেগ্যা মারমা জানালেন, মৌমাছি ফুলের পরাগায়ণ ঘটায় বলে সবজির ফলনও বেড়েছে। মৌচাষি ক্যা প্রু মারমা জানালেন, ডিসেম্বর থেকে জুন—বছরের এই সাত মাস মৌচাক থেকে মধু তোলা হয়। এই সময় ১৩টি বাক্স থেকে গড়ে প্রতি মাসে ১৫ থেকে ২০ কেজি মধু পাওয়া যায়। প্রতিটি বাক্স স্থাপন করতে গিয়ে খরচ পড়েছে ছয় হাজার টাকা। বাক্সগুলোতে এপিস সেরিনা মৌমাছি পালন করছেন তাঁরা। একটি বাক্স থেকে এক মৌসুমে মানে সাত মাসে মধু মেলে ১৫ থেকে ২০ কেজি। প্রতি কেজি মধু বিক্রি হয় এক হাজার টাকায়।
মৌমাছির বাক্স স্থাপনের পর রানি ও কর্মী মৌমাছি জঙ্গল থেকে সংগ্রহ করে আনেন তাঁরা। দেড় দুই মাসের মধ্যে মধু জমা হতে থাকে। এই মধু কোনো একক ফুলের নয় বলে হরেক রকম ফুলের গুণাগুণ থাকে এতে। মধুর গুণগত মানও প্রচলিত চাষের মধুর চেয়ে ভালো।
সমিতির সভাপতি মেগ্যা মারমা জানান, পাড়ায় সাত একর জমিতে কৃষকেরা বছরে তিনবার মিশ্র সবজির চাষ করেন। গ্রীষ্ম, বর্ষা ও শীত—এই তিন মৌসুমে খেতে ফলে কচু, শসা, ঢ্যাঁড়স, মিষ্টি কুমড়া, বেগুন, চিচিঙ্গা, ঝিঙে, আলু, লালশাক, মুলা ও টমেটো। পাশাপাশি বাদাম, আদা, ডাল ও ভুট্টার চাষও করেন তাঁরা। তিন মাস অন্তর একেকজন চাষি সবজি বেচে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করেন।
গ্রামের পাহাড়জুড়ে লাগানো হয়েছে মিশ্র ফলের চারা। পাহাড়ের চূড়ায় আমলকী আর জলপাই, মাঝে আম ও পেয়ারার চারা লাগানো হয়েছে। নিচের স্তরে তেজপাতা, মাল্টা, লিচু ও কলা লাগিয়েছেন চাষিরা। বাগানের চারপাশে বেড়া দেওয়া হয়েছে লেবুগাছ দিয়ে। চাষি মং সুরি বলেন, ‘২০১৪ সালের জুলাই মাসে আমরা সমিতির চারজন কৃষক এই বাগান গড়ে তুলেছি। ২০১৮ সালে বাগান থেকে ফল পাওয়া যাবে।’
ফলের বাগানে চারা সরবরাহ করতে দশ শতক জায়গায় নার্সারিও গড়ে তোলা হয়েছে সমিতির তিন চাষির তত্ত্বাবধানে। এখানে রাঙ্গুয়াই, আম্রপালি ও রুপালি জাতের আম এবং জলপাই, চালতা, লিচু, বাউকুল ও আপেলকুলের চারা উৎপাদন করছেন তাঁরা। বাগানের চাহিদা মিটিয়ে চারা বাইরেও বিক্রি হচ্ছে। ভালো আমের কলম করা চারা বিক্রি হয় ৭০ থেকে ৮০ টাকায়। ২০১৪ সালের জুন মাসে চালু হওয়া এই নার্সারি থেকে এ বছর ৭৮ হাজার ৯০০ টাকার চারা বিক্রি হয়েছে। জমিতে দেওয়ার জন্য ৩০ জন চাষি প্রত্যেকেই কেঁচো কম্পোস্ট সার উৎপাদন করছেন। প্রতি কেজি সার ১৫-২০ টাকা টাকায় বিক্রি হয়।
এ ছাড়া নিমপাতা, ভাটফুল, আতাফল পাতা ও মেহগনিগাছের বীজ তৈরি হচ্ছে অপকারী পোকা দমনের বিষ। পাশাপাশি সেক্স ফেরমোন ফাঁদ ব্যবহার করে সবজি খেতের মাছি জাতীয় পোকাও দমন করা হচ্ছে।
রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা রিটন কুমার তালুকদার বলেন, পাড়ার চাষিরা কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করেন না। মৌমাছির কারণে তাদের ফসলের পরাগায়ণ হচ্ছে বেশি। এ কারণে ফলনও বাড়ছে। তা ছাড়া কেঁচো কম্পোস্ট সারও মাটিকে উর্বর করে। এ কারণে স্বাবলম্বী হতে পেরেছেন এই পাড়ার কৃষকেরা। তাঁদের সাফল্যের কথা আমরা নানা পাড়ায় ছড়িয়ে দিচ্ছি।
সমিতির সদস্য মৌচাষি ক্যা প্রু মারমা সাঙ্গু নদীতে নৌকা চালান। সংসারে চার সদস্য আছে তাঁর। আগে টানাটানি লেগেই থাকত। দুটো মেয়ে পড়ে চতুর্থ ও সপ্তম শ্রেণিতে। তাদের লেখাপড়ার খরচ দিতেও হিমশিম খেতে হতো। তবে এখন মৌচাষের টাকা দিয়ে সংসারের ঘাটতি অনেকটাই পূরণ হচ্ছে। মেয়েরাও লেখাপড়া চালিয়ে যাচ্ছে।
সমিতির অনেক সদস্য এখন ঋণও পাচ্ছেন। সবজি চাষের জন্য ১০ জন ও ফল বাগানের জন্য চারজন চাষিকে ২ হাজার ৭০০ টাকা করে ঋণ দেওয়া হয়েছে বলে সমিতির সভাপতি মেগ্যা মারমা জানালেন। তিনি আরও জানান, পূবালী ব্যাংক বান্দরবান শাখায় সমিতির সঞ্চয়ে আছে ১৪ হাজার ২২০ টাকা। ভবিষ্যতে মৌ চাষ, সবজি চাষ ও কেঁচো কম্পোস্ট সারের উৎপাদন আরও বাড়াতে চান বলে তাঁরা। এ ছাড়া সমিতির আয় বাড়লে সবজি পরিবহনের ট্রাক ও নৌকা কেনারও ইচ্ছে আছে।
বান্দরবানের জেলা কৃষি কার্যালয়ের উপপরিচালক আলতাফ হোসেন বলেন, ‘তেঁতুলিয়াপাড়ার কৃষকদের উদ্যোগ কৃষকদের কাছে একটি মডেল হতে পারে। আমরা তঁাদের সহজ শর্তে ঋণসহ যেকোনো সহযোগিতা দিতে প্রস্তুত। তাঁদের এই সাফল্যের কাহিনি তৃণমূলে ছড়িয়ে দিতে উদ্যোগ নেব আমরা।’