পরিবেশ ভালো রাখতে এক দল তরুণের চেষ্টা
এক দল তরুণ। হাতে কোদাল আর বস্তা। বিভিন্ন বাড়ির আশপাশ ও রাস্তার পাশের বর্জ্য অপসারণে নামেন তাঁরা। কোরবানির দিন দুপুর থেকে পরদিন বিকেল পর্যন্ত এই তরুণদের দেখা যায় সাতকানিয়া পৌর এলাকার ভোয়ালিয়াপাড়ায়। তাঁরা সবাই এলাকার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আশার আলো তরুণ একতা সংঘের কর্মী।
সংগঠনের কর্মকর্তারা জানান, পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও সুন্দর রাখার জন্য সংগঠনের পক্ষ থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কর্মসূচি পালন করা হয়েছে।
সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রবিউল হাসান, সদস্য মো. মঈনুল হাসান ও কবির মো. জুয়েলের নেতৃত্বে দুই দিনের বর্জ্য অপসারণ কর্মসূচিতে চারটি দলে অংশ নেন ৩০ জন।
সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বিগত বছরগুলোতে দেখেছি কোরবানির পশুর বর্জ্যের গন্ধে সমাজের চারদিকের পরিবেশ দূষিত হয়েছে। ওই সময় নাকে রুমাল চেপেও দুর্গন্ধ থেকে রেহাই পাওয়া যায়নি। তাই সংগঠনের উপদেষ্টা ও কর্মীদের পরামর্শে এ বছর ভোয়ালিয়াপাড়ার বিভিন্ন স্থান থেকে পশুর বর্জ্য অপসারণ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনটির উপদেষ্টা সৈয়দ মাহফুজ উন নবী বলেন, সমাজের বাসিন্দা হিসেবে প্রত্যেক মানুষের কিছু না কিছু দায়িত্ব থাকে। তবে সব মানুষ ওই দায়িত্ব পালন করেন না। সমাজের মধ্যে ওই দায়িত্ববোধ সৃষ্টি করার জন্য তরুণদের কোরবানির পশুর বর্জ্য অপসারণ কর্মসূচি পালনে উদ্বুদ্ধ করা হয়েছে।
সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের বলেন, কোরবানির পশুর বর্জ্য যত্রতত্র ফেলে না রাখার জন্য প্রচারণা চালানো হয়েছিল। প্রতিটি পাড়ায়-মহল্লায় বিনা মূল্যে ব্লিচিং পাউডার সরবরাহ করা হয়েছে। তারপরও অসচেতনতার কারণে বিভিন্ন স্থানে পশুর বর্জ্য অপসারণ হয়নি। ভোয়ালিয়ারপাড়ার আশার আলোর কর্মীরা নিজেদের উদ্যোগে যে বর্জ্য অপসারণ কর্মসূচি পালন করেছেন, এ জন্য তাঁরা সাধুবাদ পাওয়ার যোগ্য।