পরিবেশ রক্ষার সেনানীরা

প্রশিক্ষণের প্রথম দিন, ১৪ মার্চ। ম্যানিলার সোফিটেল হোটেলে আয়োজিত এবারের ৩১তম ‘ক্লাইমেট রিয়েলিটি লিডারশিপ’ প্রশিক্ষণের আয়োজনে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোরের জন্য। প্রকল্প পরিচালক মারিও মলিনার স্বাগত বক্তব্য শেষে হলো অপেক্ষার অবসান। আমাদের অবাক করে দিয়ে শান্তিতে নোবেলজয়ী আল গোরের বক্তব্যে বারবার এল বাংলাদেশ ও বাংলাদেশে সৌরশক্তির অবাধ ব্যবহার প্রসঙ্গ। গর্বে বুকটা ভরে গেল, যখন বাংলাদেশ নিয়ে ভীষণ আশাবাদী আল গোর আমাদের দেশকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বোচ্চ সৌরশক্তি ব্যবহারকারী দেশ হিসেবে ঘোষণা করলেন।
এবারের আসরের মূল স্লোগান ছিল, ‘এখানেই শেষ নয়’। সম্মেলনের দ্বিতীয় দিনে আমার আল গোরকে সরাসরি প্রশ্ন করার সৌভাগ্য হয়েছিল। জানতে চাইলাম, ‘কীভাবে উন্নয়নশীল দেশগুলোর জনসাধারণ কম খরচে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে পারে?’ উত্তরে তিনি তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ ও আমাদের দেশের নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ক্ষুদ্রঋণ প্রকল্পের উদাহরণ সম্মেলনে উপস্থিত সবার সামনে বিশদ আকারে তুলে ধরেন। ভিন দেশের মাটিতে, সমগ্র বিশ্ববাসীর সামনে নিজের মাতৃভূমির এমন পরিচয় নিঃসন্দেহে আমাদের জীবনের সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে।
‘কয়লাজাত দ্রব্যকে না বলুন, নবায়নযোগ্য শক্তিকে হ্যাঁ বলুন’ প্রতিপাদ্য সামনে রেখে ‘ক্লাইমেট রিয়েলিটি লিডারশিপ কোর’ সংস্থার আয়োজনে গত ১৪ থেকে ১৬ মার্চ ফিলিপাইনের ম্যানিলাতে হয়েছিল এই আয়োজন। সংস্থাটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পরিবেশ রক্ষায় নেতৃত্ব তৈরির আন্দোলনে নামা আমেরিকান—আল গোর। তাঁর নেতৃত্বে ও তত্ত্বাবধানে পরিচালিত হয় তিন দিনের এই বিশাল কর্মযজ্ঞ। এবারের সম্মেলনে অংশগ্রহণ ছিল প্রায় ৬০টি দেশের বিশ্বখ্যাত বিজ্ঞানী, পরিবেশ রক্ষাকর্মী ও বিশেষজ্ঞসহ সাত শর বেশি প্রশিক্ষণার্থীর। এটা আমার জন্য অনেক বড় পাওয়া যে, ম্যানিলার প্রশিক্ষণে সর্বকনিষ্ঠ ‘মেন্টর’ হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাই আমি। প্রশিক্ষিত প্রায় ৮ হাজার ৫০০ ক্লাইমেট লিডারের মধ্যে বাছাই করে সারা বিশ্ব থেকে ১০ জন ও ফিলিপাইন থেকে ২০ জনকে নির্বাচিত করা হয় এবারের প্রশিক্ষণে।
এই সংস্থার মূল উদ্দেশ্যই হলো কার্যকরী নেতা তৈরি করা। এমন নেতা, যিনি কাজ করবেন পরিবেশ ও জলবায়ু রক্ষার্থে, কাজ করবেন পরিবেশের বিপর্যয় রোধে, একই সঙ্গে অপরকে অনুপ্রাণিত করবেন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে জানতে ও সচেতন হতে। সমগ্র বিশ্বে এই সংস্থার অধীনে বর্তমানে প্রায় শতাধিক দেশের ৯ হাজার ২০০ ‘ক্লাইমেট লিডার’ রয়েছেন, যাঁরা বিভিন্ন সচেতনতামূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে পরিবেশ বিপর্যয় রোধে কাজ করে যাচ্ছেন।
এবারের সম্মেলনে আমি ছাড়াও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সুহা তাবিল, ‘ব্লাস্ট’-এর কর্মরত হাবিবা ইসলাম, গ্রেস্টোনের লিগ্যাল অ্যাডভাইজর মো. শাখাওয়াত এবং ‘পপি’ প্রোগ্রাম ম্যানেজার শরিফ আলম। আমি ছাড়াও বাংলাদেশের দিপু হক মেন্টরের দায়িত্ব পালন করেন।
১৬ মার্চ প্রশিক্ষণের শেষ দিন আল গোর তাঁর ব্যক্তিগত জীবনের আবেগময় একটি ঘটনার মাধ্যমে সবাইকে অনুপ্রাণিত করেন। তাঁর শেষ উক্তি ছিল, ‘আশা হারিয়ো না, যুদ্ধ চালিয়ে যাও।’ কিসের যুদ্ধ? যুদ্ধটা মানবজাতির অস্তিত্ব রক্ষার, লাখো অসহায় দুর্যোগপ্রবণ মানুষের বেঁচে থাকার!