পরিবেশ রক্ষায় একদল তরুণের নিরন্তর পথচলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরায়ণ আর শিল্পের থাবায় পরিবেশের ধ্বংসযজ্ঞ চলছেই। ক্রমেই পৃথিবী মানুষের বসবাসের জন্য হুমকি হয়ে উঠছে। তাই পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে এখনই। বাসযোগ্য পৃথিবীর জন্য পরিবেশ রক্ষায় মানুষকে সচেতন করতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একদল তরুণ কাজ করে যাচ্ছেন নিরন্তর। এই পরিবেশবাদীদের রয়েছে দুটি সংগঠন—গ্রিন ফর পিস ও স্টুডেন্ট ক্লাইমেট সেল। শুনুন তাহলে চুয়েটের পরিবেশবাদীদের সংগ্রাম আর সাফল্যের গল্প ।স্টুডেন্ট ক্লাইমেট সেল: জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে পৃথিবীকে রক্ষায় দক্ষ জনবল তৈরি করার লক্ষ্যে ২০১১ সালের ২৩ মে যাত্রা শুরু চুয়েট স্টুডেন্ট ক্লাইমেট সেলের। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থী ও জনগণকে সচেতন করতে কাজ করছে সংগঠনের সদস্যরা। জনগণকে সচেতন করার অংশ হিসেবে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবগুলো উপস্থাপন করে গত ২৩ থেকে ২৯ জুলাই চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত হয় সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। আলোকচিত্রে বিপন্ন পরিবেশকে তুলে ধরতে এ প্রদর্শনীতে ১৭ বিশ্ববিদ্যালয় ও ৫৫টি ফটোগ্রাফি দলের ১২০টি আলোকচিত্র প্রদর্শিত হয়। এ ছাড়া পরিবেশ প্রসঙ্গে সচেতনতা বাড়াতে প্রতি মঙ্গলবার চুয়েটের পশ্চিম গ্যালরিতে পরিবেশবিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে থাকে দুটি থেকে তিনটি পরিবেশবিষয়ক উপস্থাপনা, উন্মুক্ত প্রশ্ন-উত্তরপর্ব ও আলোচনা।স্টুডেন্ট ক্লাইমেট সেলের সমন্বয়ক ও স্থাপত্য বিভাগের শিক্ষক সজল চৌধুরী বলেন, ‘ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে আমরা পরিবেশবিষয়ক ই-নিউজ পেপার প্রকাশ করতে যাচ্ছি। এতে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাবলি ও গবেষণার তথ্য প্রকাশ করা হবে। এ ছাড়া খুব শিগগির আমরা জার্নালও প্রকাশ করব। এ জার্নাল প্রতি চার মাস অন্তর প্রকাশ করা হবে।’ তিনি জানান, এ সেল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তরুণ প্রজন্মকে কাজে লাগিয়ে বিভিন্ন গবেষণা, প্রশিক্ষণ প্রদান, বিভিন্ন স্কুল ও কলেজে পরিবেশবিষয়ক সেমিনার আয়োজন ও জলবায়ু-সম্পর্কিত প্রকল্পে কাজ করবে। গ্রিন ফর পিস: ‘সুন্দর আগামী হোক মুক্ত পরিবেশ’—এই স্লোগান সামনে রেখে কাজ করে যাচ্ছে গ্রিন ফর পিস। ১৯৯৮ সালে ১৯৯২-৯৩ শিক্ষাবর্ষের কিছু তরুণের হাত ধরে সংগঠনটি যাত্রা শুরু করে। তাদের কর্মকাণ্ডের মধ্যে রয়েছে: আন্তর্জাতিক পরিবেশ দিবস উদ্যাপন, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশবিষয়ক দেয়ালিকা প্রকাশ, রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র ও বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ প্রভৃতি। সংগঠনের বর্তমান সভাপতি আরিফ উদ্দিন বলেন, ‘পরিবেশদূষণের বিভিন্ন ক্ষতিকারক দিক তুলে ধরে জনসচেতনতা বাড়ানোর জন্য আমাদের সংগঠন কাজ করে যাচ্ছে। এ ছাড়া ক্যাম্পাসের সংস্কারমূলক কাজসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজে আমরা অংশগ্রহণ করি।’সংগঠনটির সাধারণ সম্পাদক আলী রেজা জানান, পরিবেশবিষয়ক কর্মসূচির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সড়ক দুঘটনা রোধ ও ভূমিকম্পে ক্ষতি কমাতে করণীয় সম্পর্কে ক্যাম্পেইন আগামী মার্চ মাসে শুরু হবে।