নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, কুইজ, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আলোচনা সভায় বক্তারা বলেন, সচেতনতার অভাবে প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে পড়েছে। প্রতিদিন যেভাবে গাছ কাটছি সেভাবে লাগানো হচ্ছে না। তাই পরিবেশ রক্ষায় সচেতনতা গড়ে তুলতে হবে। আমাদের জেলার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কক্সবাজার : কক্সবাজারের বিভিন্ন স্থানে ৫ জুন পরিবেশ দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসক মো. রুহুল আমিনের নেতৃত্বে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, হিমছড়ি জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শোভাযাত্রায় অংশ নেয়। পরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, কুইজ, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ মো. নুরুল বাসিরের সভাপতিত্বে কক্সবাজার সাংস্কৃতিককেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, নেকমের জেলা কর্মকর্তা মো. শফিকুর রহমান প্রমুখ। কক্সবাজার সরকারি কলেজেও দিবসটি পালিত হয়েছে। কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশে বিশ্ব পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলের ক্ষতিকর দিক তুলে ধরেন কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলেজের শিক্ষক হাবিবুল হক চৌধুরী। উখিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ ছাড়া মহেশখালী, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিবেশ দিবস নিয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। বাঘাইছড়ি (রাঙামাটি): রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। সারোয়াতলী উচ্চবিদ্যালয়ে স্থানীয় উন্নয়ন সংস্থা হিলেহিলির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যোতিন রায় চাকমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ জ্যোতি চাকমা, হিলেহিলির প্রকল্প তত্ত্বাবধায়ক প্রফুল্ল কুমার চাকমা, শুভ প্রিয় চাকমা, বেশ্বান্তর চাকমা প্রমুখ। চন্দনাইশ: চন্দনাইশ উপজেলায় নানা কর্মসূচির মধ্যে পরিবেশ দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা ও সংগীতানুষ্ঠান। উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত রেজা। বক্তব্য দেন বন বিভাগ দোহাজারী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আবদুল মজিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রিয়াজুল হক, মৎস্য কর্মকর্তা সুজাত চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা শফিউদ্দীন আহমদ প্রমুখ। দীঘিনালা : পরিবেশ দিবস উপলক্ষে জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে উপজেলার পাঁচটি ইউনিয়নে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন ও ছয় শতাধিক পরিবারের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। উপজেলায় শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বোয়ালখালী (সদর) ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প সমন্বয়কারী খোকন বিকাশ ত্রিপুরা। আলোচনা সভা ছয় শতাধিক পরিবারের মধ্যে ফলদ ও ঔষুধি গাছের চারা বিতরণ করা হয়।চকবাজার পরিবেশ ও সমাজ উন্নয়ন পরিষদ: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ জুন চকবাজার পরিবেশ ও সমাজ উন্নয়ন পরিষদ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম কলেজের সামনে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি শ ম বখতিয়ার, ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার, কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, পরিশ্চম কাপাসগোলা মহল্লা কমিটির সভাপতি এম এ তাহের প্রমুখ। বিজ্ঞপ্তি।